মহানবী (সা.)-কে ব্যঙ্গ করায় অভিনব প্রতিবাদ
ফ্রান্সে হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে প্রকাশিত ব্যঙ্গচিত্র ও ইসলামবিরোধী মার্কিন চলচ্চিত্রের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভসহ নানাভাবে প্রতিবাদ হয়েছে। তবে মিসরে শুরু হয়েছে অভিনব এক প্রতিবাদ। বিবিসি জানিয়েছে, হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফরাসি সাময়িকী ‘শার্লি হেবদো’তে প্রকাশিত ব্যঙ্গচিত্রের প্রতিবাদে অভিনব প্রচারণা শুরু করেছে মিসরের সংবাদপত্র ‘আল-ওয়াতন’। ‘ব্যঙ্গচিত্রের সঙ্গে যুদ্ধে ব্যঙ্গচিত্র’ স্লোগানে ২৪ সেপ্টেম্বর সোমবার ১৩টি কার্টুন প্রকাশ করে মিসরের এ সংবাদপত্রটি। ‘আল-ওয়াতন’-এ প্রকাশিত ব্যঙ্গচিত্রগুলোর একটিতে দেখানো হয়েছে, একটি চশমা অর্থাত্ পশ্চিমারা যে চশমা দিয়ে মুসলিম বিশ্বকে দেখে। এ চশমার কাচে ফুটে উঠেছে পুড়তে থাকা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ব্যঙ্গচিত্রটির শিরোনাম দেওয়া হয়েছে ‘মুসলিম বিশ্বের জন্য পশ্চিমা চশমা’। এ ছাড়াও অন্য ব্যঙ্গচিত্রগুলোতে দেখানো হয়েছে, পশ্চিমা বিশ্ব মুসলমানদের কীভাবে দেখে বা তাদের চোখে মুসলমানেরা আসলে কেমন। একটি ব্যঙ্গচিত্রে একজন মার্কিন নাগরিক দাড়িওয়ালা মুসলমান দেখলেই তাকে সন্ত্রাসী মনে করে, এমন বিষয় ফুটে উঠেছে।ব্যঙ্গচিত্রের পাশাপাশি ‘আল-ওয়াতন’ ইসলামি চিন্তাবিদ আলী গোমা ও গবেষক আমর হামজায়ির লেখা প্রকাশ করে। ‘আল-ওয়াতন’-এর এ অভিনব প্রতিবাদের ধরন ‘শিষ্ট প্রতিক্রিয়া’ বলে সর্বমহলে প্রশংসিত হয়েছে।