মহানবীকে ব্যঙ্গ করে চলচ্চিত্র, সাতজনের মৃত্যুদণ্ড
ইসলামবিরোধী চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ নির্মাণে অংশ নেওয়ার অভিযোগে মিসরের কায়রোর একটি আদালত সাত মিসরীয় খ্রিষ্টানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। গত সেপ্টেম্বর মাসে এ চলচ্চিত্রের ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হলে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে।আদালতের বিচারক সাইফ আল নসর সোলিমান বলেন, ‘অভিযুক্ত সাত মিসরীয়কে ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদ (সা.)কে ব্যঙ্গ করে নির্মিত চলচ্চিত্রে অর্থায়ন ও অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হলো।’ তবে সাজাপ্রাপ্তকে কেউই মিসরে আটক নেই। তাদের অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়।আজ ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, ওই চলচ্চিত্রের পরিচালক মিসরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নকুলা বাসেলিকেও এ দণ্ডাদেশের আওতায় আনা হয়েছে। বাসেলি বর্তমানে লস অ্যাঞ্জেলেসের একটি কারাগারে এক বছরের সাজা খাটছেন। এ বিষয়ে মিসরীয় কপটিক চার্চের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক চার্চের একটি সূত্র জানায়, ‘চার্চ এ ধরনের চলচ্চিত্র নির্মাণ সমর্থন করে না। তাই এর সঙ্গে চার্চের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ আদালতের আদেশ; আর এ ব্যাপারে চার্চ মন্তব্য প্রদান থেকে বিরত থাকবে।’