মহাপরিকল্পনা আটকা, সংকটে সাগরকন্যা কুয়াকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনের সম্ভাবনা থাকা সত্ত্বেও ‘সাগরকন্যা’ কুয়াকাটা সেভাবে বিকশিত হতে পারছে না। বিভিন্ন প্রতিষ্ঠানের আবাসন-বাণিজ্য, ভূমিগ্রাসীদের অবৈধ দখল, খাসজমির অব্যবস্থাপনা, সৈকত রক্ষণাবেক্ষণের অভাবসহ নানা কারণে পর্যটনশিল্পে কুয়াকাটা পিছিয়ে রয়েছে। সরকার সম্প্রতি পর্যটনশিল্পে কুয়াকাটার বিকাশে একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত ও দীর্ঘমেয়াদি ‘মাস্টারপ্ল্যান’ বা ‘মহাপরিকল্পনা’ গ্রহণ করেছে। তবে এই মহাপরিকল্পনা মন্ত্রিপরিষদে এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি। এ কারণে সাগরকন্যার উন্নয়নে সার্বিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। অপরিকল্পিত আবাসন: কুয়াকাটায় অর্ধশতাধিক আবাসন প্রতিষ্ঠান হাজার হাজার একর জমি কবলা ও বায়নাসূত্রে দখল করে রেখেছে। অপরিকল্পিতভাবে এসব জমিতে তারা গড়ে তুলছে স্থাপনা। কলাপাড়া উপজেলা সহকারী ভূমি অফিস ও মহিপুর ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা গেছে, কুয়াকাটার চারটি মৌজায় প্রায় ২০ হাজার একর জমি রয়েছে। এর মধ্যে কৃষি খাসজমি এক হাজার ৭৫৩ একর। খাসজমির এক বিরাট অংশ আবাসন ব্যবসায়ীদের দখলে চলে গেছে। আবার সমুদ্রগর্ভে বিলীন হওয়ার পর প্রাকৃতিক বিবর্তনে নতুনভাবে জেগে ওঠা চরের মালিকানা নিয়ে স্থানীয় ভূমি অফিসে রয়েছে অস্পষ্টতা। এ সুযোগে আবাসন প্রতিষ্ঠানগুলো সরকারি রাস্তা, জলাশয়, খাল, বন ও খাসজমি তাদের প্রকল্পে অন্তর্ভুক্ত করে নিয়েছে। ফসলি ও অন্যান্য শ্রেণীভুক্ত প্রায় ১০ হাজার একর জমিও ওই ব্যবসায়ীদের দখলে চলে গেছে। বিরাজমান পরিস্থিতি: ১৯৯৮ সালে কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণা করার পর থেকেই আবাসন প্রতিষ্ঠানগুলোর নজরে আসে। প্রতিষ্ঠানগুলো এখানে এসে শুরু করে তাদের ব্যবসা কার্যক্রম। এদের মধ্যে অনেকগুলো শুধু হাত-বায়না করে, আবার অনেকগুলো সরকারি জমিতেও সাইনবোর্ড টাঙিয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানই লোভনীয় ও কৌশলী বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তাদের আকর্ষণ করার ফাঁদ পেতে বসেছে। এদের সঙ্গে স্থানীয় ভূমি দালাল চক্র ও ভূমি অফিসের একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে। এ অবস্থায় গত বছরের ২০ এপ্রিল ভূমি মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২) মোহাম্মদ আবদুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে কুয়াকাটা এলাকায় আবাসন প্রতিষ্ঠানগুলোকে আবশ্যকীয়ভাবে নিবন্ধিত হতে হবে বলে নির্দেশনা জারি করা হয়। কুয়াকাটা আবাসন প্রতিষ্ঠানগুলোর সংগঠন ‘কুয়াকাটা ইনভেস্টরস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি এম জি আর নাসির মজুমদার জানান, মহাপরিকল্পনা অনুমোদন না হওয়ায় এখানে তাঁদের ব্যবসার নিবন্ধন করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এতে বিনিয়োগেও ভাটা পড়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ গঠন: পর্যটকদের আকৃষ্ট করা, জীববৈচিত্র্য রক্ষা ও সৈকত শহরের উন্নয়নে ‘কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের ৩ মে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ইকবাল মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পটুয়াখালীর জেলা প্রশাসককে সভাপতি ও জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের এ কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়। মহাপরিকল্পনা গ্রহণ: জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও আগে বাংলাদেশ পর্যটন করপোরেশন কুয়াকাটা নিয়ে মহাপরিকল্পনা তৈরিতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে। ২০১০ সালের ১৯ মে এই পরিকল্পনা তৈরির পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে শেলটেক কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়। সূত্র জানায়, জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী, গঙ্গামতী, কাউয়ার চর ও চরচাপালী—এই চারটি মৌজা নিয়ে কুয়াকাটা পর্যটনের মহাপরিকল্পনার আওতায় আনা হয়েছে। খাসজমি রক্ষার উদ্যোগ: সরকার চারটি মৌজার খাসজমি সংরক্ষণের তাগিদ দিয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠিয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছুর রহমান স্বাক্ষরিত ২০১১ সালের ৭ এপ্রিলের ওই চিঠিতে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকাকে বিশেষ পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া এবং এ লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়। চিঠিতে বলা হয়, ওই এলাকায় ভবিষ্যতে বিমানবন্দর, সরকারি হাসপাতাল, রেস্টহাউস, হোটেল-মোটেল, পার্ক, ফায়ার ব্রিগেডসহ অন্যান্য অবকাঠামো স্থাপনের প্রয়োজন হবে। তাই ভূমিহীনদের মধ্যে জমির স্থায়ী বন্দোবস্ত দেওয়ার কার্যক্রম বন্ধ করাসহ ভুয়া বন্দোবস্তগুলো চিহ্নিত করে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা চিঠিতে বলা হয়। সরকারি প্রয়োজন ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে অকৃষি খাসজমি বন্দোবস্তের প্রস্তাব না করার কথাও এতে বলা হয়। কুয়াকাটায় পরিকল্পিত নগরায়ণ ও প্রস্তাবিত ওই মহাপরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নে ২০১১ সালের ২০ মে এক চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ: গত বছরের জুন মাসে কুয়াকাটা সৈকত রক্ষায় হাইকোর্টে এক রিট আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের একটি বেঞ্চ জেলা প্রশাসকের প্রতি এক নির্দেশ জারি করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতের আন্ধারমানিক নদীর মোহনা লেম্বু চর থেকে গঙ্গামতী হয়ে কাউয়ার চর পর্যন্ত ১৮ কিলোমিটার সৈকতজুড়ে বেড়িবাঁধের বাইরে ২২৮টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। এসব স্থাপনার ৯০ শতাংশ ভেঙে দেওয়া হয়েছে। বাকিগুলো মালিকপক্ষের মামলার জটিলতায় এখনো ভাঙা সম্ভব হয়নি। উন্নয়ন কর্তৃপক্ষের বক্তব্য: কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি জেলা প্রশাসক অমিতাভ সরকার প্রথম আলোকে বলেন, ‘কুয়াকাটার উন্নয়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কুয়াকাটা জাতীয় উদ্যান উন্নয়ন ও পর্যটন টাওয়ার নির্মাণে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যটকেরা সৈকতে যাতে নিরাপদে চলাচল করতে পারেন, সে জন্য সৈকতের দুই দিকে এক কিলোমিটার এলাকায় বিদ্যুতায়নের ব্যবস্থা হচ্ছে। মহাপরিকল্পনা অনুমোদনের অপেক্ষায় রয়েছি। এটি অনুমোদিত হলে কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে ঢেলে সাজানোর কার্যক্রম হাতে নিতে পারব।’