মহাপরিকল্পনা পাঁচটি বাস্তবায়ন হয়নি একটিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার যানজট নিরসন, পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে মোটা দাগে অন্তত পাঁচটি মহাপরিকল্পনা নেওয়া হয় বিভিন্ন সময়ে। কিন্তু কোনোটাই সময়মতো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। কিছু ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হলেও তা পূর্ণাঙ্গ হয়নি।ঢাকা শহরের মানুষের জন্য প্রথম পরিকল্পনা প্রণয়ন করা হয় ১৯৫৯ সালে। ‘ঢাকা মাস্টারপ্ল্যান’ নামের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ছিল তৎকালীন ঢাকা উন্নয়ন ট্রাস্ট (ডিআইটি), বর্তমানে প্রতিষ্ঠানটির নাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এরপর ১৯৮১ সালে প্রণয়ন করা হয় ঢাকা সমন্বিত নগর উন্নয়ন পরিকল্পনা। এই দুটি পরিকল্পনার মূল লক্ষ্য ছিল জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে মহানগরের আবাসনব্যবস্থার উন্নতি করা। এরপর আরও তিনটি পরিকল্পনা করা হয়: ১৯৯৪ সালে বৃহত্তর ঢাকা মহানগর অঞ্চল সমন্বিত পরিবহন পরিকল্পনা (ডিএমডিপি), ১৯৯৯ সালে ঢাকা নগর পরিবহন প্রকল্প (ডিইউটিপি) এবং সর্বশেষ ২০০৬ সালে কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি)। এই তিনটি পরিকল্পনায় নগর উন্নয়নের সঙ্গে পরিবহনব্যবস্থার সংগতি রাখার দিকনির্দেশনা ছিল। ডিএমডিপির অধীনে ঢাকার জন্য একটি বিশদ এলাকা পরিকল্পনা (ড্যাপ) করার কথা ছিল। ড্যাব এখনো চূড়ান্ত হয়নি এবং তা কবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে তা অনিশ্চিত।এই পরিকল্পনায় রাজধানীর যানজট নিরসনে পাতালরেল, উড়াল সড়ক, বাসের বিশেষ লেন, পূর্ব-পশ্চিম বাইপাস সড়কসহ নতুন অন্তত নয়টি বড় সড়ক নির্মাণের কথা ছিল। কিন্তু ২০১০ সালে এসেও এগুলোর কিছুই হয়নি।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য এ এম এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, রাজধানীর জন্য যেসব পরিকল্পনা করা হয়েছে, সেগুলো সময়মতো বাস্তবায়ন করা হলে এত সমস্যা হতো না।