নদী গবেষণা ইনস্টিটিউটের (নগই) মহাপরিচালক আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রায় ১৩ লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ফরিদপুরে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান নদী গবেষণা ইনস্টিটিউটকে আধুনিক করার জন্য ২০০৬-২০০৭ অর্থবছরে ‘ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প’ নেওয়া হয়। ওই বছরই পরিকল্পনা মন্ত্রণালয়ের প্লানিং কমিশন থেকে এই প্রকল্পটি অনুমোদন হলে আট কোটি ৫৮ লাখ দেওয়া হয়। নদী গবেষণা ইনস্টিটিউটের ক্রয় কমিটিসহ বিভিন্ন কমিটির সদস্যদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ওই প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিভিন্ন প্যাকেজে ধাপে ধাপে যন্ত্রপাতি কেনা দেখানো হয়েছে। অভিযোগ উঠেছে, যন্ত্রপাতি না কিনেই এবং কোনো কোনো প্যাকেজের দু-একটি পণ্য কিনে সংশ্লিষ্ট সব পণ্যের বিল পরিশোধের নামে অর্থ ভাগাভাগি করা হয়েছে। জানা গেছে, ২০০৮ সালের ৩ এপ্রিল মহাপরিচালকের দপ্তর থেকে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান স্যামসন ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে নয় লাখ ৯৬ হাজার টাকা মূল্যের একটি ‘কংক্রিট ক্র্যাশিং মেশিন’ সরবরাহের আদেশ দেওয়া হয়। ওই যন্ত্রটি সরবরাহ ছাড়াই মহাপরিচালক আলতাফ হোসেনের যোগসাজশে স্যামসন ইন্টারন্যাশনাল ওই টাকার বিল নগই থেকে নেয়। অভিযোগ রয়েছে, এ খাত থেকে মহাপরিচালক একাই চার লাখ টাকা নিয়েছেন। বিষয়টি নিয়ে ‘নগইর সচেতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ’ পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবরে বিভগীয় তদন্তের আবেদন পাঠালে মহাপরিচালক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (এসএসও, প্রশাসন) কাজী রেজাউল করিম ও প্রকৌশলী দিবাকর চাকমাসহ ছয় সদস্যবিশিষ্ট যন্ত্রপাতি গ্রহণ কমিটির (রিসিভিং কমিটি) সব সদস্যকে নিয়ে তড়িঘড়ি করে কীভাবে যন্ত্রটি সরবরাহসহ স্থাপন করা যায়, সে লক্ষ্যে গত ২ সেপ্টেম্বর মহাপরিচালকসহ ওই কর্মকর্তারা নগইর দুটি গাড়ি নিয়ে ঢাকায় যান। বিশেষ তৎপরতা চালিয়েও সেটি স্থাপন করতে ব্যর্থ হন।দুটি গাড়ি নিয়ে ঢাকায় যাওয়ার কথা স্বীকার করে নগইর মহাপরিচালক বলেন, ‘আমরা একটি সেমিনারে যোগ দিতে ঢাকায় গিয়েছিলাম।’ মহাপরিচালকের দপ্তর থেকে ২০০৮ সালের ২৪ এপ্রিল ঢাকার বিসমিল্লাহ সাইন্টিফিক কোম্পানিকে ২২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১৬টি বিভিন্ন ধরনের যন্ত্র সরবরাহের আদেশ দেওয়া হয়। অভিযোগে জানা যায়, নগইর টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টেক) সভাপতি আলতাফ হোসেন (মহাপরিচালক) প্রভাব বিস্তার করে বিসমিল্লাহ সায়েন্টিফিক কোম্পানির সঙ্গে যোগসাজশে ১৬টি পণ্যের সিংহভাগ না পেয়েই সমুদয় বিল পরিশোধ করেন। এ খাত থেকে তিনি নয় লাখ ১৬ হাজার টাকা (৪০%) আত্মসাৎ করেছেন।নগইর মহাপরিচালক আলতাফ হোসেন এ প্রসঙ্গে বলেন, বিল পাসের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’বিষয়টি নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয় বরাবরে অভিযোগপত্র গেলে মন্ত্রণালয়ের উপসচিব তসলিম হোসেনকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মহাপরিচালক আলতাফ হোসেন কৌশলে তদন্ত কর্মকর্তা তদন্ত করতে আসার আগেই কাজী রেজাউল করিমের মাধ্যমে ঢাকার ধোলাইখাল থেকে একটি ‘কংক্রিট কোর কাটার মেশিন’-এর ডামি মাত্র ২৩ হাজার টাকায় কিনে এনে জিআর পরিদপ্তরের কংক্রিট শাখায় স্থাপন করান। অথচ যন্ত্রটির প্রাক্বলিত মূল্য দুই লাখ ৪৫ হাজার টাকা। অভিযোগ রয়েছে, ওই ১৬টি পণ্যের ডিপিপির ‘স্পেসিফিকেশনের’ (বৈশিষ্ট্য) সঙ্গে কোন মিল পাওয়া যায় না এবং বিসমিল্লাহ সায়েন্টিফিক কোম্পানির ‘প্রাইস সিডিউল ফর গুডসের (ফরম জি-২এ) মোটর ড্রাইভেন প্রোটাবল সিভ শেকার, ইউএসএ স্টান্ডার্ড আট ইঞ্চি ডায়া সিভ, ওভেন, সিভসেকার, আট ইঞ্চি সিভসেট, হ্যান্ড অপারেটেড স্যান্ড ইকুইভেলেন্ট সেকার ও ফাইন সিভ সেকার নগইএর কংক্রিট শাখার স্টোরে পড়ে আছে। কেবল প্রাক্বলিত মূল্য বাড়ানোর লক্ষ্যে ওই পণ্যগুলো যোগ করা হয়। তা ছাড়া স্পেসিমেন্ট কাটিং মেশিনটি আদৌ সরবরাহ নেওয়া হয়নি।বিষয়গুলো নিয়ে একের পর এক অভিযোগপত্র মন্ত্রণালয়ে গেলে আলতাফ হোসেন মন্ত্রণালয়কে ম্যানেজ করে প্রতিটি অভিযোগপত্র ফিরিয়ে এনে নগইতে জরুরি সভা ডাকেন এবং অভিযোগপত্রগুলো কে বা কারা পাঠান, তা তদন্তের হুমকি দেন। আর যে যন্ত্রপাতির সরবরাহ ছাড়াই বিল দেওয়া হয়েছে, সেগুলোর ড্যামি কপি স্থানীয় বাজার থেকে সংগ্রহ করেন।নগইর সাবেক উচ্চমান সহকারী আলতাফুর রহমান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ওই প্রকল্পের বর্তমান প্রকল্প পরিচালক (পিডি) কাজী রেজাউল গত ২ সেপ্টেম্বর আমার কাছে স্বীকার করেছেন, কংক্রিট ক্র্যাশিং মেশিনটি বুঝে না নিয়েই ২০০৮ সালের ৩০ জুনের মধ্যে বিল পরিশোধ করা হয়। ঠিকাদার একটি আনস্পেসিফাইড যন্ত্র সরবরাহ করেছিল, যা ফেরত পাঠানো হয়েছে। এটি বাংলাদেশ সরকারের পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন (পিপিআর) ২০০৩-এর সুনির্দিষ্ট লঙ্ঘন। বিষয়টি নিয়ে জনস্বার্থে মামলা করার কথা বলায় রেজাউল করিম আমাকে জানান, মামলা করলে তাঁর ও সাবেক প্রকল্প পরিচালক রফিকুল আলমের চাকরি চলে যাবে, কিন্তু মহাপরিচালক আলতাফ হোসেনের কিছুই হবে না। ’ওই প্রকল্পের বর্তমান প্রকল্প পরিচালক (পিডি) কাজী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘কমপ্রেসার মেশিন নিয়ে একটু সমস্যায় আছি। এটি এখনো আমরা সরবরাহ নিতে পারিনি। শুনেছি সেটি পোর্টে এসে গেছে এবং কিছুদিনের মধ্যে তা আমরা সরবরাহ নিতে পারব। কংক্রিট কোর মেশিনটি ডামি নয়, এটি বেশ ভালভাবেই কাজ করছে।’ প্রথম সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রথম সর্বনিম্ন দরদাতা কাগজপত্র সঠিকভাবে জমা দেননি। নগইর মধ্যে রাজনীতি ঢুকে যাওয়ায় এসব বেনামি চিঠি চালাচালি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ওই কেনাকাটার ক্ষেত্রে কোনো টেকনিক্যাল টিম কাজ করেনি উল্লেখ করে তিনি বলেন, টেকনিক্যাল কমিটি থাকলে সিডিউল অনুযায়ী যন্ত্রপাতি বুঝে নেওয়া সহজ হতো। ‘তবে কাজ করতে গেলে কিছু কিছু ভুল হয়’, এ মন্তব্য করে তিনি বলেন, ‘যদি এ কেনাকাটার কাজে ভুলত্রুটি কিছু হয়ে থাকে, তবে তা আমরা সম্মিলিতভাবেই করেছি।’নগইর মহাপরিচালক আলতাফ হোসেন প্রথম আলোকে জানান, মালামাল কেনার জন্য বিভিন্ন কমিটি আছে। এসব বিষয় তারাই ভালো বলতে পারবে। তিনি দাবি করেন, কেনা মালামাল সবই গোডাউনে আছে। এ সময় তাঁর সামনে উপস্থিত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দিবাকর চাকমার কাছে কংক্রিট ক্র্যাশিং মেশিনটি দেখতে চাইলে তিনি জানান, এটি সরবরাহ নেওয়ার পর কিছু ত্রুটি দেখা দেওয়ায় আবার ফেরত দেওয়া হয়েছে । তার চেয়ে উচ্চতর স্কেলের ও অধিকতর জ্যেষ্ঠ কর্মকর্তা নগইতে কর্মরত থাকার পরও তিনি কৌশলে নগইর মহাপরিচালকের পদে বারবার আসীন হচ্ছেন, এ অভিযোগ প্রসঙ্গে মহাপরিচালক আলতাফ হোসেন বলেন, ‘ফরিদপুরে কেউ এসে থাকতে চান না। কিছুদিন থাকলেও স্ত্রী সন্তানকে এখানে আনেন না। কিন্তু আমি সপরিবারেই এখানে আছি এবং কাজ করে নদী গবেষণা ইনস্টিটিউটিকে আধুনিক হিসেবে গড়ে তুলতে চাইছি। এটা হয়তো এ ইনস্টিটিউটের কিছু কর্মকর্তার পছন্দ হচ্ছে না। আর এ জন্যই এ অফিস থেকে গোপনীয় কাগজপত্র বের হয়ে যাচ্ছে, পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা পড়ছে বেনামি দরখাস্ত।’সর্বশেষ খবরে জানা গেছে, মহাপরিচালকের বিরুদ্ধে পানিসম্পদ মন্ত্রণালয়ে বেনামি দরখাস্তের পরিপ্রেক্ষিতে পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিমল চন্দ্র সাহাকে নিয়ে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ কমিটি কয়েক দিনের মধ্যেই নদী গবেষণা ইনস্টিটিউটে আসবে এবং ইনস্টিটিউটের রেস্ট হাউসে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। কমিটি ইতিমধ্যে ওই দুই ক্রয় কমিটির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময়ে মহাপরিচালক আলতাফ হোসেন দ্বারা নিগৃহীত কর্মকর্তা-কর্মচারীদের চিঠি দিয়ে নির্দিষ্ট দিনে রেস্ট হাউসে উপস্থিত থেকে তদন্ত কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।