মহাপরিচালকের মহাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ একটি কর্মপরিকল্পনার প্রধান (লাইন ডিরেক্টর) হিসেবে দৈনিক এক লাখ ১২ হাজার ৮৮৭ টাকা করে সম্মানী নিয়েছেন। এভাবে ১২৪ দিনে সম্মানীর নামে তিনি এক কোটি ৩৯ লাখ ৯৮ হাজার টাকা নিয়েছেন বেআইনিভাবে। এ তথ্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের।সিএজি কার্যালয়ের ফাপাদের (ফরেন এইড প্রজেস্টস অডিট ডাইরেক্টরেট) নিরীক্ষক দল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কার্যপরিকল্পনায় (অপারেশনাল প্ল্যান) ২০১১-১২ অর্থবছরে ১৫ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৮০০ টাকার অনিয়ম চিহ্নিত করেছে। এর মধ্যে আছে সরকারি ক্রয়বিধি না মেনে প্রশিক্ষণসামগ্রী কেনা, মাত্রাতিরিক্ত ফটোকপি, বেমানান সম্মানী ও অপরিকল্পিত কাজে অর্থ ব্যয়।সিফায়েত উল্লাহ ২০১০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) ছিলেন। মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, স্বাস্থ্য খাতের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সিফায়েতের মতামতকে মূল্য দেন। তাঁদের অভিযোগ, উপ-প্রকল্প ব্যবস্থাপক এ কে এম জাফরুল্লার যোগসাজশে আর্থিক দুর্নীতি হয়েছে। তবে এর সঙ্গে আরও অনেকেই জড়িত।নিরীক্ষা প্রতিবেদনের তথ্য জানার পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, দুর্নীতি ধরা পড়বে না অথবা ধরা পড়লেও পার পেয়ে যাবেন এমন বিশ্বাস থেকেই এঁরা দুর্নীতি করে গেছেন। এঁদের সঙ্গে অন্য আরও অনেকের যোগসাজশ আছে। তিনি বলেন, মহাপরিচালকের অধীনে কয়েক হাজার চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। তাঁর দুর্নীতির প্রভাব পড়ছে কেন্দ্র থেকে মাঠপর্যায়ে। কর্তৃপক্ষের উচিত জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচি (এইচপিএনএসডিপি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কর্মসূচি। ৩২টি কর্মপরিকল্পনার মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কার্যপরিকল্পনায় ২০১১-১২ অর্থবছরে বরাদ্দ ছিল ৮২ কোটি ২০ লাখ টাকা। টাকা ছাড় হতে দেরি হওয়ায় কাজ শুরু হয় ২০১২ সালের জানুয়ারি থেকে। জানুয়ারি থেকে জুন এই মূল বরাদ্দের ৯১ শতাংশ অর্থ খরচ করা হয়।অনিয়মের ব্যাপারে সিফায়েত উল্লাহর মতামত জানতে ৩ ফেব্রুয়ারি প্রথম আলোর দুই প্রতিবেদক তাঁর কার্যালয়ে যান। অভিযোগ শোনার পর তিনি বলেন, কার্যপরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত তিনি জানেন না। কিছু ক্ষেত্রে তাঁর সই নকল করা হয়েছে। তবে এ ব্যাপারে তিনি কোথাও অভিযোগ করেননি।সম্মানীর নামে লুটপাট: নিরীক্ষা প্রতিবেদন বলছে, কার্যপরিকল্পনার জাতীয় সমন্বয়কারী সিফায়েত উল্লাহ ও উপ-প্রকল্প ব্যবস্থাপক (আর্সেনিক) জাফরুল্লাহ দুই কোটি ৩৫ লাখ ৫৮ হাজার টাকা নিয়েছেন। ৪৩৩টি উপজেলায় দুই হাজার ৪৮৭টি প্রশিক্ষণ ও ওয়ার্কশপে অংশ নেওয়ার সম্মানী হিসেবে তাঁরা এই অর্থ নেন। নিরীক্ষা প্রতিবেদন বলছে, প্রশিক্ষণ ও ওয়ার্কশপ শুরু হয় ২০১২ সালের জানুয়ারি মাসে। শেষ হয় ৩০ জুন। এই ছয় মাসে কর্মদিবস ছিল ১২৪ দিন। এই সময়ে সিফায়েত উল্লাহ প্রতিদিন গড়ে এক লাখ ১২ হাজার ৮৮৭ টাকা এবং জাফরুল্লাহ গড়ে ৭৭ হাজার ৯৬ টাকা সম্মানী নিয়েছেন। প্রতিবেদন বলছে, কিছু ক্ষেত্রে প্রশিক্ষণ ও ওয়ার্কশপে উপস্থিত না থেকেও এঁরা টাকা নিয়েছেন।সরকারের নিরীক্ষক দল বলছে, সরকারের আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে তাঁরা দুজন টাকা নিয়েছেন। এটা গ্রহণযোগ্য নয়। কর্তৃপক্ষকে এই অর্থ ফেরত আনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।এ ব্যাপারে নিজের ও সিফায়েত উল্লাহর হয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন জাফরুল্লাহ। তিনি বলেন, প্রকল্পের বিধিবিধান মেনে তাঁরা সম্মানী নিয়েছেন। এ ব্যাপারে নিরীক্ষার ব্যাখ্যাও তাঁরা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।একই দিনে দুই জায়গায়: দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ ও ওয়ার্কশপে উপস্থিত না থেকেও সিফায়েত লাখ লাখ টাকা নিয়েছেন। একই দিনে দুই জায়গায় উপস্থিত থাকার অসত্য তথ্য দিয়েও টাকা নিয়েছেন তিনি।কিছু কাগজপত্রে দেখা যায়, ১০ থেকে ১২ মার্চ পর্যন্ত আঘাত প্রতিরোধবিষয়ক ওয়ার্কশপে যোগ দিতে মিজানুর রহমান নামে এক কর্মকর্তা কক্সবাজার জেলার রামু উপজেলা হেলথ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন। আবার ১০-১৪ মার্চ পর্যন্ত একই ধরনের ওয়ার্কশপে মিজানুর রহমান ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন। দুই জায়গা থেকেই তিনি টাকা নিয়েছেন। টাকা দেওয়ার কাগজে সই করেছেন সিফায়েত। এ রকম আরও উদাহরণ আছে।সিফায়েত উল্লাহ বলেন, এ রকম হওয়ার কথা নয়। কাগজপত্র না দেখে কিছু বলা যাবে না। দরপত্র ছাড়াই: উন্মুক্ত দরপত্র ছাড়াই ছয় কোটি ৬৬ লাখ দুই হাজার টাকার প্রশিক্ষণসামগ্রী (ব্যাগ, কলম ও ফোল্ডার) কেনা হয়। এটা গণ খাতে ক্রয় বিধিমালার লঙ্ঘন বলে মন্তব্য করেছে নিরীক্ষক দল।ছোট ছোট রসিদের মাধ্যমে এসব সামগ্রী কেনা হয়েছে। প্রতিটি রসিদে লেখা ১৪ হাজার টাকা। কিন্তু কোনো রসিদেই ক্রয়ের তারিখ নেই। অন্যদিকে সব প্রশিক্ষণের আয়োজন ঢাকার বাইরে হলেও কেনাকাটা হয়েছিল ঢাকার দুটি দোকান থেকে। একটি নদীয়া পেপার অ্যান্ড স্টেশনারি সাপ্লাই এবং অন্যটি রয়েল পেপার স্টেশনারি সাপ্লাই। এসব সামগ্রী বুঝে নেওয়া, বিবরণ বা সরবরাহের কোনো হিসাব রাখা হয়নি।এ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে নিরীক্ষক দল।প্রথম আলোর প্রশ্ন ছিল, সব রসিদ ১৪ হাজার টাকার হলো কেন? ১৩ বা ১৫ হাজার টাকার হতেও তো পারত? উত্তরে জাফরুল্লাহ বলেন, ‘কম-বেশি কেনাকাটা হয়েছে। কিন্তু সরকারি নিয়ম মেনে আমরা বিল করেছি।’ফটোকপির নামে: ৯৬ লাখ ৬০ হাজার টাকা ভাগাভাগি করে নিয়েছেন ফটোকপির নামে। এই বিপুল পরিমাণ ফটোকপির জন্য কোনো কোটেশন বা দরপত্র চাওয়া হয়নি। ফটোকপির রসিদও ঠিকমতো রাখা হয়নি।৩২টি ওপির আর কোনোটিতে এর ১০ শতাংশও ফটোকপি করা হয়নি। তার পরও জাফরুল্লাহ বলেছেন, প্রশিক্ষণের প্রয়োজনে ফটোকপি করতে হয়েছে।এত টাকার ফটোকপির কথা শুনে অনেকেই আঁতকে উঠেছেন। কিন্তু এর পরও প্রশিক্ষণের জন্য ৫৮ লাখ ৫০ হাজার টাকা খরচ করে প্রশিক্ষণ ম্যানুয়ালও তৈরি করা হয়েছে। দুটি কাজের নামে: কার্যপরিকল্পনা থেকে ৪৫৩টি উপজেলার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ-কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় বাড়ি বাড়ি আর্সেনিকোসিস রোগী শনাক্ত করতে।আবার ১৩৭টি উপজেলার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ-কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় অসংক্রামক ব্যাধি বিষয়ে। অন্যদিকে ৮৫টি উপজেলায় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় আঘাত প্রতিরোধ বিষয়ে। ২২২টি উপজেলার প্রত্যেকটিতে খরচ করা হয় দুই লাখ ৫১ হাজার ৪০০ টাকা। আর্সেনিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া ৪৫৩টি উপজেলার তালিকায় এই ২২২টি উপজেলাও আছে।নিরীক্ষক দল বলছে, আর্সেনিকের প্রশিক্ষণের সময় বাকি প্রশিক্ষণ হলে সরকারের পাঁচ কোটি ৫৮ লাখ ১০ হাজার ৮০০ টাকা বেশি খরচ হতো না।