মহাপরিচালকের লাশ দেখে স্যালুট করেছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরবার হলে নিহত সেনা কর্মকর্তাদের লাশ গুমের নেতৃত্বে ছিলেন বিডিআর হাসপাতাল ইউনিটের নায়েক সুবেদার তোরাব হোসেন খান ও মনোরঞ্জন। আদালতের প্রসিকিউটরের এ অভিযোগের পর তোরাব হোসেন খানের কাছে গতকাল বৃহস্পতিবার আদালতের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম জানতে চান, ‘আপনি কটা লাশ টেনেছিলেন?’ তোরাব বলেন, ওই দিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনি দরবার হলের পশ্চিম গেটে ছিলেন। সে সময় ৪০-৪২টি লাশ সরানোর কাজ তদারক করেন তিনি।আদালতের সভাপতি জানতে চান, তিনি নিহত কাউকে চিনতে পেরেছিলেন কি না। তোরাব বলেন, তিনি মহাপরিচালক শাকিল আহমেদের লাশ চিনতে পেরেছিলেন। সভাপতি জানতে চান, রেওয়াজ অনুসারে তিনি মহাপরিচালকের লাশ দেখে স্যালুট করেছিলেন কি না। জবাবে তোরাব বলেন, ‘মহাপরিচালকের লাশ দেখে স্যালুট করেছিলাম।’ তাঁর মতো এমন অনেক জওয়ানই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ এড়িয়ে যান বা অস্বীকার করেন।বিডিআর হাসপাতাল ইউনিটের বিদ্রোহের বিচার গত বুধবার থেকে বিশেষ আদালত-৬-এ শুরু হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত ২৫৬ জন বিডিআর সদস্যকে গতকাল সকালে বিডিআরের পোশাকে হাজির করা হয়। অভিযোগ শুনে হাসপাতাল ইউনিটের বিচার ২২ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন আদালত। ওই দিন অভিযোগ গঠনের শুনানি হবে বলে উল্লেখ করা হয়।গতকাল কার্যক্রমের শুরুতেই সভাপতি আসামিদের উপস্থিতির বিষয়ে নিশ্চিত হন। তিনি কয়েকজনের নাম ধরে জানতে চান। এরপর প্রসিকিউটর লে. কর্নেল এস এম এস আল মূঈদ বিডিআর সদস্যদের বিরুদ্ধে সংক্ষিপ্ত আকারে অভিযোগ উত্থাপন করেন।প্রসিকিউটর বলেন, বিদ্রোহের সময় হাসপাতাল ইউনিটের সদস্যরা দরবারে উপস্থিত ছিলেন। তাঁরা সরাসরি বিদ্রোহে অংশ নেন এবং অধিনায়কের আদেশ অমান্য করেন। এই ইউনিটের তোরাব হোসেন খান ও মনোরঞ্জনের নাম উল্লেখ করে তিনি বলেন, তাঁরা লাশ গুম করতে নেতৃত্ব দিয়েছেন।সভাপতি এরপর সিপাহি সৈকতের ব্যাপারে জানতে চান, বিদ্রোহের দিন তিনি কী করে পিলখানা থেকে পালিয়ে গেলেন। জবাবে সৈকত বলেন, তিনি দেয়াল টপকে পালিয়ে যান। সেখানে কোনো পাহারা ছিল না। পিলখানা ছাড়ার জন্য তিনি কোনো অনুমতি নেননি।প্রসিকিউটর বলেন, ‘আদালত হয়তো মনে করতে পারেন, রোগী কী করে আসামি হতে পারে। আসলেই এটা কেউ ভাবতে পারেন না। কিন্তু এটাই সত্যি। ২৫ তারিখে পিলখানায় সেটাই ঘটেছে। রোগী হয়েও তাঁরা সেদিন বিদ্রোহে অংশ নিয়েছেন। মেডিকেল অ্যাসিসটেন্ট হয়ে অস্ত্র হাতে নিয়েছেন।’ তিনি বলেন, বিডিআর জওয়ান নিশান মোল্লা সেদিন অস্ত্র নিয়ে হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে (ওটি) ঢুকে চিকিত্সকদের গুলি করতে উদ্যত হয়েছিলেন। সে সময় একজন সিপাহি তাঁর পা জড়িয়ে ধরে বলেছিলেন, ‘স্যারদের গুলি করে হত্যা করো না।’ এরপর তিনি বের হয়ে যান। আদালতের সভাপতি তাঁর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।প্রসিকিউটর বলেন, নায়েক মতিউর রহমান হাসপাতাল থেকে মেগাফোন নিয়ে বাইরে চলে যান। তিনি গণমাধ্যমের সামনে উসকানিমূলক কথা বলে বিদ্রোহ ছড়ান। এ ব্যাপারে সভাপতি তাঁকে প্রশ্ন করলে তিনি তা স্বীকার করে বলেন, ‘আমাকে ডেকে নেওয়া হয়েছিল। আমি একটি চ্যানেলের সঙ্গে কথা বলেছি।’ আদালতের সভাপতি চ্যানেলের নাম জানতে চাইলে মতিউর বলেন, চ্যানেলের নাম মনে নেই।প্রসিকিউটর বলেন, নায়েক সুবেদার হুমায়ুন কবীর সেনা কর্মকর্তাদের লাশ পুড়িয়ে ফেলার জন্য হাসপাতাল থেকে স্পিরিট সংগ্রহ করার চেষ্টা করেছিলেন। হাসপাতালের কর্মচারীরা তাঁকে জানান, এই স্পিরিট দিয়ে লাশ পোড়ানো যায় না, এটা শুধু কাটাছেঁড়ায় ব্যবহার করা যায়।আদালতের সভাপতি তাঁর কাছে জানতে চাইলে শীর্ণকায় হুমায়ুন বলেন, এ সবই মিথ্যা। তিনি কিছুই করেননি।প্রসিকিউটর বলেন, সিপাহি মাসুদ ওই দিন হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সাদা কাগজে দাবি-দাওয়া লিখে ১ নম্বর গেটের সামনে বিতরণ করেন। আদালতের সভাপতি বলেন, ‘এটা ইতিহাস, আমাদের জানতে হবে।’ সভাপতি মাসুদের কাছে জানতে চান তিনি কী লিখেছিলেন। মাসুদ বলেন, ‘না স্যার, আমি কিছুই করিনি।’প্রসিকিটর বলেন, হাসপাতালের মেডিকেল সহকারীর কাজ রোগীর সেবা করা। হাতে অস্ত্র তুলে নেওয়া নয়। হাসপাতালে অস্ত্র নেই। তার পরও সুবেদার মেজর রমেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে তাঁরা অস্ত্র হাতে নিয়েছেন। বিডিআরের বিদায়ী মহাপরিচালক এ ব্যাপারে জানতে চাইলে রমেন্দ্রনাথ সব অভিযোগ অস্বীকার করেন।সভাপতি বলেন, আগের বিদ্রোহের এভাবে বিশেষ আদালতে বিচার হয়েছে। কিন্তু এটাই হয়তো প্রথম ও শেষ আদালত হতে পারে। কেননা, বিডিআর আইনের পরিবর্তন আসছে। তিনি আসামিদের আইনি সুবিধা-অসুবিধার ব্যাপারে জানান। তিনি বলেন, এই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। কোনো আদালত জামিনের ব্যাপারেও কোনো আদেশ দিতে পারবেন না। এ সময় একজন জওয়ান জানতে চান, তিনি আটক করা বিডিআর সদস্যদের সাক্ষী করতে পারবেন কি না। উত্তরে সভাপতি বলেন, আসামিদের সাক্ষী করা যাবে না। একজন বলেন, তাঁর অধিনায়ককে তিনি সাক্ষী করতে চান। সভাপতি বলেন, এটা করা যাবে। মনোরঞ্জন বলেন, তিনি বেতন পাচ্ছেন না। সভাপতি এর উত্তরে বলেন, আপনি গ্রেপ্তার থাকা অবস্থায় বেতন পাবেন না। সভাপতি আসামিদের ২৫ ফেব্রুয়ারি যে চেহারায় ছিলেন, সেই চেহারায় হাজির করার নির্দেশ দেন। আগামী ২২ নভেম্বর পর্যন্ত আদালত মুলতবি করা হয়।বিচার কার্যক্রমে সহযোগিতা করেন আদালতের সদস্য হিসেবে দুজন বিডিআর কর্মকর্তা লে. কর্নেল মো. নূরুল আলম, মেজর মো. আলি মুসতাইন খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজাহারুল হক আকন্দ। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন লে. কর্নেল এস এম এস আল মূঈদ। এ ছাড়া বিশেষ প্রসিকিউটর আইনজীবী মোশাররফ হোসেন কাজল, আইনজীবী শাহনেওয়াজ ও মনজুর আলম বিচার আদালতে উপস্থিত ছিলেন।সংশোধনী: বিডিআর হাসপাতালের চিকিত্সক লে. কর্নেল রোকেয়া খানের নাম গতকাল ভুলবশত রোখসানা খান ছাপা হয়েছে। এই ভুলের জন্য আমরা দুঃখিত।