মহাবিশ্বের কাঠামো
পৃথিবী নামের একটি সাদা ছোপছোপযুক্ত নীলাভ গ্রহে আমাদের বাস। পৃথিবীর বাইরে, এই সৌরজগতেই আছে আরও ছোট-বড় আটটি গ্রহ, অনেকগুলো বামন-গ্রহ, অসংখ্য উপগ্রহ-গ্রহাণু-ধূমকেতু। এসবই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এবং পৃথিবীর নিকটতম প্রতিবেশী। সৌরজগতের বাইরে আরও অনেক নক্ষত্র-নীহারিকা-গ্যাসমেঘ আছে। সূর্যের মতো বা তার থেকেও ভারী অনেক নক্ষত্রও আছে। এমনই আরও প্রায় ১০ হাজার কোটি নক্ষত্র নিয়ে আকাশগঙ্গা ছায়াপথ গঠিত। এটি একটি কুণ্ডলিত বা স্পাইরাল গ্যালাক্সি। এই ছায়াপথের কেন্দ্র থেকে প্রায় ২৫ হাজার আলোকবর্ষ দূরে সূর্যের অবস্থান এবং এই ছায়াপথের কেন্দ্রকে একবার ঘুরে আসতে সূর্যের সময় লাগে ২০ কোটি বছর। কিন্তু আকাশগঙ্গা ছায়াপথই মহাবিশ্বের একমাত্র গ্যালাক্সি নয়, এ রকম আরও অসংখ্য গ্যালাক্সি আছে, আছে তাদের গুচ্ছ-স্তবক-মহাস্তবক। এ নিয়েই মহাবিশ্বের ব্যাপক কাঠামো রচিত হয়েছে। আমাদের ছায়াপথের কয়েকটি উপছায়াপথ বা স্যাটেলাইট গ্যালাক্সি আছে। দক্ষিণ গোলার্ধের আকাশ থেকে দেখা বৃহৎ ও ক্ষুদ্র ম্যাজেলানীয় মেঘপুঞ্জ এদের অন্যতম। অ্যান্ড্রোমিডা বা ধ্রুবমাতা গ্যালাক্সি আমাদের নিকটতম প্রতিবেশী গ্যালাক্সি (দূরত্ব ২০ লাখ আলোকবর্ষ)। আকার-আকৃতিতে এরা দুজন প্রায় যমজ বোন। এবং ৫০০-৬০০ কোটি বছর পর এ দুজন জোড়া লেগে একটি একক মহাগ্যালাক্সিতে পরিণত হবে। আকাশগঙ্গা ছায়াপথ, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এবং আরও প্রায় ৩৫টি ছোট-বড় উপ-গ্যালাক্সি মিলে তৈরি হয়েছে একটি দল—যার নাম ‘লোকাল গ্রুপ’ বা স্থানীয় স্তবক। আমাদের মতো একটি গ্যালাক্সির ব্যাপ্তি প্রায় ২০-৩০ হাজার পারসেক। গ্যালাক্সি স্তবকের ব্যাপ্তি কয়েক মিলিয়ন পারসেক। স্থানীয় গ্যালাক্সি স্তবকের সদস্যরা পরস্পরের মহাকর্ষীয় বন্ধনে জড়ানো একটি একক সিস্টেম। এই স্থানীয় স্তবক আবার একটি মহাস্তবক বা সুপারক্লাস্টারের অংশ, যার কেন্দ্র আছে কন্যাস্তবক (দূরত্ব পাঁচ কোটি আলোকবর্ষ)। গ্যালাক্সিদের এসব অতিকায় সংগঠন আরও বড় সংগঠনের অন্তর্ভুক্ত বলে প্রমাণ পাওয়া গেছে। এ রকম একটি (আমাদের নিকটতম) বিশাল সংগঠন হলো ‘গ্রেটওয়াল’ বা গ্যালাক্সিদের ‘মহাপ্রাচীর’, যার দূরত্ব হলো ২০ কোটি আলোকবর্ষ। আমরা এখন জানি যে আদি বিশ্বে পদার্থের মধ্যে বিরাজমান অতিসূক্ষ্ম ঘনত্ব-বিচলনের কারণে গ্যালাক্সির উদ্ভব হয়েছে। যে অঞ্চলের ঘনত্ব নিকটবর্তী অঞ্চলের তুলনায় বেশি থাকে, সেই অঞ্চলের গ্যাসমেঘে মহাকর্ষীয় ঘনীভবন শুরু হয় এবং একপর্যায়ে গ্যালাক্সির মতো একটা স্বয়ংবহ একক সিস্টেম জন্ম নেয়। সাধারণত একটি গ্যালাক্সির কাছাকাছি আরেকটি গ্যালাক্সির পাওয়ার সম্ভাবনা বেশি। এর কারণও সেই ঘনত্ব বিচলন। ফলে একাধিক গ্যালাক্সি পরস্পরের আকর্ষণে বাধা পড়ে গ্যালাক্সির স্তবক সৃষ্টি করে। স্তবক তৈরির প্রক্রিয়া আজও চলছে এবং পর্যবেক্ষণে সেটা দেখাও গেছে।গ্যালাক্সির স্তবকের ওপরেও সংগঠন দেখা গেছে। মহাবিশ্বে অতিকায় সব শূন্যস্থান বা ফাঁকা জায়গা দেখা যায় (চওড়ায় প্রায় ১০ কোটি বা ১০০ মেগা পারসেক), যার মধ্যে মাত্র গুটিকয়েক গ্যালাক্সি থাকে। এই ফাঁকা জায়গাগুলোর (void) ধার বরাবর সুতাকৃতির বা ফিতার মতো অসংখ্য গ্যালাক্সিকে দেখা যায়। এরা সুপারক্লাস্টার। এভাবে বিশ্বের ত্রিমাত্রিক কাঠামো তৈরি হয়েছে—বড় বড় ফুটোওয়ালা স্পঞ্জের মতো। ১০০ মেগা পারসেকের ওপারে কাঠামো নেই।একটা স্তবকে ৫০-১০০ অথবা কয়েক হাজার পর্যন্ত গ্যালাক্সি থাকতে পারে। স্তবকভুক্ত গ্যালাক্সিগুচ্ছ পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণের অধীনে থাকে। স্তবক এবং মহাস্তবককে ঘিরে থাকে অদৃশ্য বস্তুর সর্বাধিক উপস্থিতি। নক্ষত্র-গ্যালাক্সি ছাড়াও গ্যালাক্সি-স্তবকের অন্যতম প্রধান উপাদান হলো তপ্ত ও পরিব্যাপ্ত আন্তগ্যালাক্সি গ্যাস, যা থেকে এক্স-রে বিকীরণ পাওয়া যায়। সংগঠনের পারম্পর্য কী অসীম পর্যন্ত চলতেই থাকে? অর্থাৎ তারাদের সমষ্টি গ্যালাক্সি, গ্যালাক্সির সমষ্টি স্তবক, স্তবকের সমষ্টি মহাস্তবক এ রকম কি চলতেই থাকে (ফ্র্যাকটালের ক্ষেত্রে যেমন দেখা যায়, স্কেল বাড়াতে/কমাতে থাকলে কিছু পরপর একই আকৃতির পুনরাবৃত্তি ঘটে)? জ্যোতির্বিদেরা বলছেন, না, সে রকম নয়। ২০ কোটি আলোকবর্ষ বা তদূর্ধ্বের স্কেলে মহাবিশ্বে কাঠামো দেখা যায় না। পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানে আজকাল যেমন উন্নতি হয়েছে (আগের থেকে অনেক শক্তিশালী টেলিস্কোপ, মহাকাশে হাবল টেলিস্কোপ ইত্যাদি এবং স্লোয়ান ডিজিটাল স্কাই সার্ভের মতো পুঙ্খানুপুঙ্খ জরিপ) এবং যে অভূতপূর্ব জ্ঞান অর্জিত হয়েছে, সেসবের সাহায্যে মহাকাশে ব্যাপক কাঠামোর বিন্যাস সম্পর্কে এখন আমরা আগের থেকে অনেক বেশি জানি এবং ভালো করে জানি।