অনেক স্থানে গর্ত, অবৈধ বাজার, বাস-সিএনজি স্ট্যান্ড, কম গতির গাড়ি যানজটের অন্যতম কারণ
মহাভোগান্তির সড়ক ঢাকা-চট্টগ্রাম
ঢাকা থেকে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে গত বুধবার রাত ১২টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হন জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ ছালেহ আহাম্মদ। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি চট্টগ্রামে পৌঁছান। আবার ব্যবসায়ী হাবিবুর রহমান গত বৃহস্পতিবার সকাল নয়টায় চট্টগ্রাম থেকে বাসে করে ঢাকায় যান। ঢাকায় যেতে তাঁর লেগেছে প্রায় সাড়ে নয় ঘণ্টা। এই দুজন বললেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন ভোগান্তির মহাসড়ক।জানা গেছে, এখন আর কেউ নিরুপায় না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে যাতায়াত করেন না। মাত্র পাঁচ ঘণ্টার গন্তব্যে পৌঁছাতে নয়-দশ ঘণ্টা লেগে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোথাও দুর্ঘটনা ঘটলে কিংবা বৃষ্টি হলে গন্তব্যে পৌঁছাতে ১২ ঘণ্টার বেশি লাগে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের একাধিক প্রকৌশলী জানান, দেশের মহাসড়কগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দর দিয়ে সারা দেশের পণ্য আনা-নেওয়ার কাজে এ মহাসড়ক ব্যবহার করা হয়। দুই বছর আগে তৈরি এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার গাড়ি চলাচল করে। বর্তমানে এই মহাসড়কে প্রতিদিন ২৫ হাজার গাড়ি চলাচল করছে। নতুন নতুন গাড়ি নামছে প্রতিদিন, অথচ মহাসড়ক চওড়া হয়নি। ফলে প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে। সওজের সহকারী উপবিভাগীয় প্রকৌশলী (সীতাকুণ্ড) সুমন সিংহ বলেন, অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচলসহ নানা কারণে মহাসড়কে গর্তের সৃষ্টি হয়েছে। চার লেনের কাজ শুরু হচ্ছে। এ অবস্থার পরিবর্তন ঘটবে। সওজ সূত্র জানায়, অতিরিক্ত ওজনের পণ্যবোঝাই ট্রাক ও বড় বড় ট্রাক্টর-ট্রেইলরের নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের কোথাও না কোথাও দেবে গেছে (রুটিং), আবার কোথাও কোথাও উঁচু হয়ে গেছে (শোভিং)। চট্টগ্রামের মিরসরাই থানার ওয়াহিদপুর থেকে চট্টগ্রাম নগরের সিটি গেট পর্যন্ত ৪৭ কিলোমিটার মহাসড়কে এই চিত্র দেখা যাচ্ছে। সওজের প্রকৌশলীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনের পেছনের ডানে ও বাঁয়ে একটি করে চাকার (সিঙ্গেল এক্সেল) সর্বোচ্চ ২০ টন ওজন পরিবহনের ধারণক্ষমতার হিসেবে ডিজাইন করা হয়েছে। এখন সিঙ্গেল এক্সেলের ট্রাক অথবা ট্রাক্টর-ট্রেইলর প্রায় ৪৫-৫০ টন পণ্য পরিবহন করে। বাড়তি ওজনের কারণে রাস্তার বিটুমিন ও কংক্রিটের কিছু অংশ সরে যাচ্ছে। এতে রাস্তা এবড়োখেবড়ো, উঁচু-নিচু হয়ে যাচ্ছে। যান চলাচল হয়ে পড়ছে বিপজ্জনক।সওজ সূত্র জানায়, মিরসরাইয়ের বড় দারোগাহাট, নিজামপুর, হাদি ফকিরহাট, নয় দুয়ারিয়া, মিঠাছড়া, চিনকি আস্তানা ও বারইয়ারহাট পৌর সদর এলাকাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। শুধু মিরসরাই এলাকায় তিন শতাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একইভাবে সীতাকুণ্ডের ভাটিয়ারি, বাড়বকুণ্ড, মাদামবিবিরহাট, কদমরসুলসহ ২০-২২টি এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ জায়গায় প্রতিদিন যানজট লেগেই আছে। পাশাপাশি যানবাহনের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কাও রয়েছে। সরেজমিনে দেখা গেছে, জোট সরকারের আমলে মিরসরাই সদরের এক কিলোমিটার সড়কে সংস্কার ছাড়াই ডিভাইডার দেওয়া হয়। এর ফলে মহাসড়কের ওই অংশ এবড়োখেবড়ো ও উঁচু-নিচু হয়ে গেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যোগাযোগ উপদেষ্টার নির্দেশে ডিভাইডার তোলা হলেও সড়কের সংস্কার করা হয়নি। ফলে কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।সওজ ইট দিয়ে এই গর্তগুলো ভরাট করে গাড়ি চলাচলের উপযোগী করার চেষ্টা করছে। ইট বিছানোর দুই-এক দিন পর সড়কের ওই অংশটি আবার আগের চেহারায় ফিরে যায়। এ অবস্থায় প্রায় প্রতিদিনই ট্রাক-লরিসহ বিভিন্ন যান গর্তে আটকা পড়ে বিকল হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট। বারইয়ারহাট-চট্টগ্রাম রুটের বাসচালক মো. সোবহান প্রথম আলোকে বলেন, ‘বারইয়ারহাট থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত মহাসড়কের অবস্থা খুবই নাজুক। হাতের মুঠোয় জীবন নিয়ে আমরা গাড়ি চালাচ্ছি।’ একইভাবে মহাসড়কের কুমিল্লা জেলার ৯৭ কিলোমিটার অংশে অন্তত ১২টি স্থানে নিয়মিত যানজট হচ্ছে। চৌদ্দগ্রাম বাজার ও মিয়ারবাজারে সড়কের পলেস্তারা ওঠে এবড়োখেবড়ো হয়ে গেছে। সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত কমপক্ষে ৩০টি সরু কালভার্ট আছে। এ ছাড়া দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাজার, ইলিয়টগঞ্জ বাজার, চান্দিনার মাধাইয়া, চান্দিনা সদর, বুড়িচংয়ের নিমসার তরকারি বাজার ও কাবিলা, আদর্শ সদর উপজেলার ক্যান্টনমেন্ট, আলেখারচর, সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও সুয়াগাজী এবং চৌদ্দগ্রামের মিয়ারবাজার ও চৌদ্দগ্রাম বাজারে প্রতিদিন যানজট হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, গৌরীপুর বাজার ও চান্দিনা সদর মহাসড়কে বাসস্ট্যান্ডই যানজটের অন্যতম কারণ। নিমসার তরকারি বাজারে ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত বসে তরকারির হাট। গতকাল দুপুরে গৌরীপুর বাজারে চারদিক থেকে গাড়ি এসে জটলা বেঁধে যায়। সেখানে ঢাকা-কুমিল্লা রুটের গাড়ি ছাড়াও চাঁদপুরের কচুয়া ও মতলব থেকে ঢাকা রুটের এবং হোমনা থেকে ঢাকা ও কুমিল্লা রুটের বাস চলাচল করে। এ ছাড়া রয়েছে বৃহত্তর নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও তিনটি পার্বত্য জেলার দূরপাল্লার যানবাহন।গৌরীপুর বাজারে মহাসড়কের দক্ষিণ ও উত্তর পাশে সিএনজিচালিত অটোরিকশা ও কম গতির গাড়ির অবৈধ স্ট্যান্ড দেখা গেছে। গৌরীপুর থেকে ঢাকাগামী বাসের যাত্রী আবদুর রহমান বলেন, ‘বেশি যাত্রীর আশায় মহাসড়কের ওপর আমাদের বাস থেমে আছে। এর পেছনে আরও অসংখ্য গাড়ি ঢাকার দিকে যেতে পারছে না। ইলিয়টগঞ্জে মহাসড়কের পাশে ফলের দোকানের পসরা সাজিয়ে রেখেছে বিক্রেতারা। ফুটপাত বলে কিছু নেই। চান্দিনায়ও একই অবস্থা। মহাসড়কে দাঁড়িয়ে লোকাল বাসের যাত্রী ওঠানামা করাচ্ছে। সওজের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ‘মহাসড়কের কুমিল্লার অংশে প্রশস্ততা কম। এর পরও বিভিন্ন স্থানে অবৈধ গাড়ি পার্কিং ও অপরিকল্পিতভাবে বাজার গড়ে ওঠায় যানজট হচ্ছে। কম গতির গাড়িও চলছে। এ ছাড়া ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতাও যানজটের জন্য দায়ী।অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে না কেন, জানতে চাইলে প্রকৌশলী হাফিজ বলেন, ‘দখলদারদের নোটিশ দিলেও কাজ হয় না। বরং স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষুব্ধ হন। আবার যানজটে পড়লে তাঁরাই আমাদের ফোন করেন।’ হাইওয়ে পুলিশের পূর্বাঞ্চলীয় পুলিশ সুপার আনোয়ার কামাল বলেন, ‘সীমিত লোকবল ও যানবাহন দিয়ে হাইওয়ে পুলিশ সাধ্যমতো যানজট নিরসনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে রেকার মেশিন না থাকার কারণে দুর্ঘটনাকবলিত বাহন সরাতে দেরি হয়।’শুষ্ক মৌসুমে কাজ শুরু: মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ১৯২ দশমিক তিন কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করার দরপত্র গত জানুয়ারিতে সম্পন্ন হয়েছে। মহাসড়কের কাজকে ১০টি প্যাকেজে ভাগ করা হয়েছে। চীনের একটি প্রতিষ্ঠান সাতটি প্যাকেজ ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান বাকি তিনটি প্যাকেজে সড়ক প্রশস্ত করার কাজ পেয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে চীনের সিনো হাইড্রো করপোরেশন, তাহের ব্রাদার্সের ইবিএল-এসইএল যৌথমূলধনী প্রতিষ্ঠান এবং রেজা কনস্ট্রাকশন। প্রকৌশলীরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিজস্ব কার্যালয়, ল্যাবরেটরি তৈরি এবং প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের কাজ শুরু করেছে। আর জমি অধিগ্রহণ হয়েছে অনেক আগেই। বর্ষা গেলে আগামী অক্টোবর বা নভেম্বর থেকে মাঠপর্যায়ে পুরোদমে কাজ শুরু হবে। ২০১৩ সালের ডিসেম্বরে এই প্রকল্পের কাজ শেষ হবে। সে পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীদের দুর্ভোগ কমার কোনো সম্ভাবনা নেই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রকল্প ব্যবস্থাপক-৫ রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, কাজ শুরুর আগে মহাসড়কের পাশে স্থাপনা উচ্ছেদ করা হবে। এই কাজটি করতে বেশি সময় লাগবে না। বর্তমান মহাসড়ক অক্ষত রেখে চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে বাম দিকে আরও দুই লেন রাস্তা বাড়ানো হবে।