মহামায়া ছড়া সেচ সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার চট্টগ্রামের মিরসরাইতে মহামায়া ছড়া সেচ সম্প্রসারণ প্রকল্প উদ্বোধন করেছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২৬ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির বাস্তবায়ন করছে। এ ছাড়াও এ প্রকল্পের জন্য ৪৩২ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মধ্যদিয়ে ১১ বর্গকিলোমিটার পাহাড়ি এলাকায় ৪৮০০ হেক্টর কৃষি জমি চাষের আওতায় আসবে। বৃষ্টির পানি সংরক্ষণ করে জলাধার সৃষ্টির মাধ্যমে শুষ্ক মৌসুমে আবাদি জমিতে সেচ প্রকল্পের মাধ্যমে কৃষি উত্পাদন বৃদ্ধি করা সম্ভব হবে। এ ছাড়াও এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।মহামায়া ছড়া সেচ প্রকল্পটি চট্টগ্রাম শহর থেকে ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মিরসরাই উপজেলায় অবস্থিত। এ সময় পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংসদ মোশররফ হোসেন ও আখতারুজ্জামানসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বাসস