এ ম্যাচটাকে দলগতভাবে খুবই গর্বের সঙ্গে স্মৃতির মন্দিরে ধরে রাখবেন শচীন টেন্ডুলকার, কিন্তু মনের ভুলেও ম্যাচসেরা হওয়ার নিমিত্ত তাঁর ব্যক্তিগত ইনিংসটি ফিরে দেখতে চাইবেন না। ভারতকে ফাইনালে নিয়ে যাওয়া ৮৫ রানের সেই ইনিংস বড় বেশি অটেন্ডুলকারীয়। দামি কিন্তু শৌর্যে বিবর্ণ। কেন? সে কথা এখন সবাই জানেন। বর্ণনা নিষ্প্রয়োজন। তবে শচীনের এ ইনিংসটা বারবার ফিরে ফিরে তাঁর দলকে দেখাবেন একজন। তিনি পাকিস্তানের ফিল্ডিং কোচ। পাকিস্তান দলের আগামী সব প্রস্তুতি ক্যাম্পে শচীনের মোহালি ইনিংস ক্যাচিং-বিষয়ক অনুশীলনে যত্নের সঙ্গে ব্যাখ্যায়িত হবে। দলের মনোবিদও ভিডিওটিকে ব্যবহার করতে পারেন বড় ম্যাচের চাপ নিয়ন্ত্রণ শেখাতে। বুধবারের মহারণের চাপ যে উভয় দলের মধ্যে সংক্রমিত ছিল কমবেশি, শচীন টেন্ডুলকার নামের ব্যাটিং দুর্গের পাথুরে ভিতেও সে চাপ থাবা বসিয়ে ছিল মহালিতে। কিন্তু তার পরও তিনি শচীন টেন্ডুলকার। প্রতিভার বরপুত্র, ভাগ্য তো তাঁর সঙ্গে বিনয়ী সাহচর্যে কিছুটা হাঁটবেই। তিনি সে সহায়তা কাজে লাগাবেন দলীয় স্বার্থে। তা-ই করলেন। কাঙ্ক্ষিত ব্যক্তিগত মাইলফলকটা হয়তো কিছুটা বিব্রত হয়েই এদিন দেখা দিল না। তোলা রইল আরও বড় মঞ্চের জন্য। প্রতিপক্ষের বোলিং শাসন করে ক্রিকেটবিশ্বকে মোহিত করা শৈল্পিক দাপট বিস্তার করে ব্যাটিং করা হয়তো হয়নি এদিন শচীনের, কিন্তু উৎস তো রচনা করে দিয়ে গেছেন একটি প্রাণবন্ত ম্যাচের শেষে সার্বিক ক্রিকেট বিবেচনায় এগিয়ে থাকা দলটির কাম্য বিজয়ের। তাই ছেঁড়া-ফাড়া দীর্ঘ ইনিংস নিয়ে তিনি ম্যাচসেরা। এ বিষয় নিয়ে কথা বলা ধৃষ্টতা। তবু শচীনের ক্রিকেটমহিমার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচসেরা নিয়ে সামান্য কিছু বলতে চাই।আমরা জানি, এ ম্যাচটা ছিল সামগ্রিক প্রেক্ষাপটে বিশ্বকাপ সেমিফাইনালের চেয়েও বড় কিছু। দুই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত। সারা বিশ্বের মাত্রাতিরিক্ত উৎসাহ ম্যাচটিকে ঘিরে। এ রকম ম্যাচটিকে শেষপ্রহর পর্যন্ত ক্রিকেটীয় নাটকীয়তার দোলাচলে চালিয়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব চাপাক্রান্ত উভয় দলের। পড়ন্ত বেলায় ম্যাচটা ভারতের দিকে ঝুঁকেছে, কিন্তু শেষ পাঁচ ওভারের আগেও ভাবা যায়নি কারও নিশ্চিত জয়ের কথা। অথচ কী উড়ন্ত সূচনাই না করেছিলেন বীরেন্দর শেবাগ। মনে হচ্ছিল, পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা ধরবে ভারতের বিশাল ব্যাটিং অর্ডার। কিন্তু ওরকম হতে দিলেন না পাকিস্তানের বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। তিনি শেবাগকে থামিয়ে শুধু ম্যাচের গতি স্বাভাবিক করলেন না। টানটান উত্তেজনায় ফিরিয়ে আনলেন ম্যাচের গতিপ্রকৃতি। একপেশে আধিপত্য দাঁত বসাতে পারল না দিনভর খেলার শরীরে। উপভোগ্য হয়ে উঠল দিনটি। পাঁচ-পাঁচটি উইকেট নেওয়ার পথে রিয়াজ করলেন সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো কিছু বল। যুবরাজ সিংহের উইকেট উপড়ানো বলটি তো পরিকল্পিত ডেলিভারির সোনালি উদাহরণ। পাকিস্তানকে লড়িয়ে মেজাজে ফেরালেন রিয়াজ। ম্যাচটি ফিরে পেল প্রার্থিত লাবণ্য। সৌহার্দ্যের যুদ্ধ পেল যুদ্ধের আদল। ওয়াহাব রিয়াজের হাতে ম্যাচসেরার পুরস্কারটা উঠলে ক্রিকেট আরও মহিমা পেত। শচীনের মহিমা তাতে একটুও কমত না।