মহারণের আগে
যুদ্ধের মধ্যে থাকে খণ্ডযুদ্ধ। তারও আগে থাকে খণ্ড খণ্ড কিছু ছবি। মোহালিতে আজ ভারত-পাকিস্তান ম্যাচের আগের কিছু টুকরো খবর, যে খবরগুলোয় আঁচ পাওয়া যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে চলা উন্মাদনার—আফ্রিদির ‘বর্জন’ভারত-পাকিস্তান সেমিফাইনালের উন্মাদনায় মেতেছে ক্রিকেট বিশ্ব। দুই দেশের মধ্যে সব সময়ই চলে ঠান্ডা লড়াই। সেমিফাইনালেও যুদ্ধ যুদ্ধ ভাব। ক্রিকেটাররা যতই বলুন এটা কোনো যুদ্ধ নয়, শুধুই একটা খেলা; কিন্তু মিডিয়া তা মানবে কেন? টিভি-পত্রিকা খুললেই শুধু পাক-ভারত ‘যুদ্ধের’ খবর। নানা খবর আর টক শো আয়োজন আরও বাড়িয়ে দিচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা। বিরক্ত হয়ে টিভির খবর দেখাই বন্ধ করে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। টিভির খবর আর টক শোতে ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ এলেই চ্যানেল ঘুরিয়ে দিচ্ছেন আফ্রিদি। শুধু তা-ই নয়, সতীর্থদেরও একই পরামর্শ তাঁর! ওয়েবসাইট।উত্তাপ মার্কিন মুলুকেওযুক্তরাষ্ট্রের মানুষের কাছে ক্রিকেট বরাবরই অদ্ভুত একটা খেলা। অথচ ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ পৌঁছে গেছে মার্কিন মুলুকেও। উপমহাদেশের অনেক মানুষ থাকে যুক্তরাষ্ট্রে। ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ তাতিয়ে তুলেছে তাদেরও। সেমিফাইনালে কারা জিতবে, টেন্ডুলকার ১০০তম সেঞ্চুরি পাবেন কি না—চলছে হাজারো জল্পনা। বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্ব পাওয়া ইএসপিএন, স্টার স্পোর্টস যুক্তরাষ্ট্রে খেলা দেখাচ্ছে না। তাতে কী? মানুষ ঠিকই বের করে নিয়েছে বিকল্প ব্যবস্থা। খেলা দেখানো চ্যানেলগুলো নেওয়ার ধুম পড়েছে। ইন্টারনেট তো আছেই। দেশ থেকে দূরে থাকলেও এমন ম্যাচ থেকে কি আর দূরে থাকা যায়? ওয়েবসাইট।বশিরের ক্ষোভমোহাম্মদ বশিরউদ্দিন খানের সুটকেস নানা রকম জিনিসে ভর্তি। তিনটি মোবাইল ফোনসেট, তাঁর হার্টের ওষুধ, পাকিস্তানের পতাকা, বিশ্বকাপের যে কয়টা ম্যাচ দেখেছেন, সেগুলোর টিকিট, আরও কত কী! শুধু একটি জিনিসই নেই তাঁর সুটকেসে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট! যেকোনো মূল্যেই সেমিফাইনাল ম্যাচের টিকিট চান বশিরউদ্দিন। পাকিস্তানের এই সমর্থক সুদূর যুক্তরাষ্ট্র থেকে এসেছেন বিশ্বকাপ দেখতে। ২০০৩ আর ২০০৭ বিশ্বকাপেও পাকিস্তানের সব ম্যাচ দেখেছেন। এবার কলম্বো, ঢাকা হয়ে এখন মোহালিতে।কলম্বোয় সৌজন্য টিকিট পেয়েছেন। ঢাকায় কিনেছেন ৫০০ টাকা দিয়ে। কিন্তু মোহালি ম্যাচের টিকিট কোনোভাবেই জোগাড় করতে পারছেন না। টিকিট না পেয়ে বশিরউদ্দিনের কণ্ঠে ক্ষোভ, ‘ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন, আর একজন সাধারণ সমর্থক হয়ে আমি টিকিট পাব না? এর চেয়ে হতাশার ঘটনা আর কী হতে পারে?’ ওয়েবসাইট।বোপানা-কোরেশির বিচ্ছেদভারত-পাকিস্তানের সম্পর্ক যতই দা-কুমড়া হোক, বোপানা-কোরেশির মধ্যে এর কোনো জায়গা নেই। আন্তর্জাতিক টেনিসে জুটি হিসেবে দারুণ সফল ভারতের রোহান বোপানা আর পাকিস্তানের আইসাম উল কোরেশি। ভারত-পাকিস্তান বন্ধুত্বের প্রতীক হিসেবে তাঁদের দেখানো হয় প্রচারমাধ্যমে। নিজেদের বন্ধুত্বকে কাজে লাগিয়ে ‘স্টপ ওয়ার স্টার্ট টেনিস’ শিরোনামে কর্মসূচিও পালন করছেন দুই টেনিস তারকা। কিন্তু এবার বিচ্ছেদ ঘটছে দুজনের। ভারত-পাকিস্তান ম্যাচ আলাদা করে ফেলছে দুজনকে। বলাই বাহুল্য, বোপানা সমর্থন করবেন ভারতকে, কোরেশি পাকিস্তানকে। ওয়েবসাইট।