মহার্ঘ ভাতার ঘোষণা দু-এক দিনের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রের অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণার আগে সাংবাদিক-কর্মচারীদের জন্য অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতার ঘোষণা দু-এক দিনের মধ্যে আসবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বুধবার তথ্য মন্ত্রণালয়ে মুদ্রণ গণমাধ্যমের মালিক, সম্পাদক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।হাসানুল হক ইনু বলেন, অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদের জন্য গঠিত বোর্ডের চেয়ারম্যান এ-সংক্রান্ত ঘোষণা দেবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘বাংলাদেশের গণতন্ত্র এখনো চক্রান্তমুক্ত নয়। এখনো সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আক্রমণের মুখে রয়েছে গণতন্ত্র। এসব নির্মূল ও উচ্ছেদ করতে হবে।’ এ সময় হাসানুল হক ইনু রামুতে বৌদ্ধসম্প্রদায়ের ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করে বলেন, রামুতে সাম্প্রদায়িক শক্তি বিষাক্ত ছোবল মেরেছে। তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকার ও গণমাধ্যম গণতন্ত্র নির্মাণে ঘনিষ্ঠ মিত্র। সরকার ও গণমাধ্যমের এ মৈত্রীবন্ধন আরও জোরালো করব। জাতীয় সম্প্রচার নীতিমালাসহ এ-সংক্রান্ত অন্যান্য নীতিমালাও করা হবে। এ বিষয়ে গণমাধ্যমের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হবে। তাঁরা নীতিমালার খসড়া করবেন।’