মহালছড়িতে অগ্নিকাণ্ডে ৪২ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মহালছড়ি বাজারে আজ শুক্রবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় প্রশাসন সূত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে আগুন লাগে। আগুনে মহালছড়ি বাজারের কেন্দ্রস্থলের তিনটি ব্লকের দোকানপাট সম্পূর্ণ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। বাজারের লোকজন, সেনাবাহিনী, পুলিশ ও আর্মড পুলিশ সম্মিলিতভাবে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।মহালছড়ি উপজেলার চেয়ারম্যান সোনারতন চাকমা জানান, বাজারের বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক কোটি টাকা হবে।খবর পেয়ে সকালে খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্রলাল ত্রিপুরা, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।