মহালয়ায় চণ্ডীপাঠ আবাহন গীত ও প্রসাদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশ মেঘে ঢাকা হলেও আজ দেবীপক্ষ। শরৎকালের অমাবস্যা তিথিতে আজ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দশভুজা দুর্গা আজ মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নিয়েছেন। হিন্দুদের বিশ্বাস, কৈলাশ ছেড়ে দেবী দুর্গা এদিনে পিতৃগৃহে আসেন।আজ রাজধানীসহ সারা দেশে নির্ধারিত মন্দির ও পূজামণ্ডপে চণ্ডীপাঠ, আবাহন গীত ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহালয়া পালিত হয়েছে। রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপগুলোয় চণ্ডীপাঠ হয়েছে। ১৩ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে।আজ ঢাকেশ্বরী মন্দিরে সকাল সাড়ে নয়টায় মহালয়া উপলক্ষে পূজা ও চণ্ডীপাঠ শুরু হয়। সন্ধ্যায় মায়ের আগমনী সংগীতসহ সংগীতানুষ্ঠান হবে। রামকৃষ্ণ কৃমিশনেও চণ্ডীপাঠ হয়েছে। এবার সারা দেশে ২৭ হাজার মণ্ডপে পূজা হবে, যা গত বছরের তুলনায় এক হাজার বেশি।রামকৃষ্ণ মিশন থেকে বলা হয়েছে, ছয় দিনব্যাপী মায়ের পূজা হবে। ১২ অক্টোবর বোধনের মাধ্যমে পূজা শুরু হবে। ১৭ অক্টোবর মায়ের বিদায়ের মধ্য দিয়ে বিজয়া দশমী পালিত হবে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, রাজধানীতে ১৯১টি মণ্ডপে এবার পূজা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা রক্ষা ও দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শন করতে পারেন, সে জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।