মহাসচিব পদ নিয়ে ঘুরপাক খাচ্ছে বিএনপির রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসচিব পদকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি আবার চাঙা হয়ে উঠেছে। কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগই একাধিক বলয়ে ভাগ হয়ে ‘মহাসচিব’ পদের জন্য একে অন্যের পক্ষে-বিপক্ষে চেষ্টা-তদবিরে ব্যস্ত। ফলে বিএনপির মাঠের রাজনীতি এখন কার্যত ঝিমিয়ে পড়েছে।অবশ্য বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া দেশে না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নেতা-কর্মীরাও সম্ভাব্য মহাসচিব মনে করে কোনো কোনো নেতাকে ঘিরে বলয় তৈরি করছেন। এর ফলে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নেতাদের মনোযোগও কমে গেছে।অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানের মতে, এত বড় দলে মহাসচিব পদে যোগ্য নেতার সংখ্যা কম নয়। তাই সবাই সবার মতো করে চেষ্টা করবেন এটাই স্বাভাবিক। তিনি প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া দেশে ফিরলে মহাসচিব নিয়ে অহেতুক যে বিতর্ক তৈরি হয়েছে, তার নিরসন হবে।জানা গেছে, চিকিৎসার জন্য সৌদি আরবে যাওয়ার আগে খালেদা জিয়া জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিবের কাজ চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে গেছেন। এর পর থেকে মির্জা ফখরুলের পক্ষের নেতারা তাঁকে ‘ভারপ্রাপ্ত মহাসচিব’ বলে সম্বোধন করতে শুরু করেছেন। কিন্তু এতে মহাসচিব হতে আগ্রহী অপরাপর নেতা বা তাঁদের অনুসারীরা এর সমালোচনাও করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়কেও ‘ভারপ্রাপ্ত মহাসচিব’ সম্বোধনের বিপক্ষে বলে মনে করা হয়। গয়েশ্বর রায় নিজেও প্রথম আলোকে বলেন, ‘বিএনপির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিব বলে কোনো পদ নেই। কাউকে এমন দায়িত্ব চেয়ারপারসন দিয়েছেন বলেও শুনিনি।’ তিনি বলেন, মহাসচিবের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব কাজ পরিচালনা করবেন, এটাই স্বাভাবিক। এ জন্য পদ পরিবর্তনের প্রয়োজন নেই।গত ২৬ মার্চ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিব বা যুগ্ম মহাসচিব, কোনো কিছুই সম্বোধন করেননি দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে মির্জা ফখরুলের অনুসারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। রিজভী প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ারপন্থী নেতা হিসেবে পরিচিত।অবশ্য মির্জা ফখরুল নিজেকে ‘ভারপ্রাপ্ত মহাসচিব’ বলে দাবি করছেন না। তিনি প্রথম আলোকে বলেছেন, ‘দলীয় চেয়ারপারসন সাংগঠনিক কাজ দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। আমি সেই কাজটি করছি। এ কাজটি মূলত মহাসচিব করে থাকেন।’কাউন্সিলের মাধ্যমে মহাসচিব নির্বাচনের দাবি: বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা মনে করেন, পরবর্তী মহাসচিব কাউন্সিলের মাধ্যমে হওয়া উচিত; অথবা দলীয় ফোরামে আলোচনার মাধ্যমেও তা নির্ধারিত হতে পারে। সে ক্ষেত্রে এমন কাউকে মহাসচিব করতে হবে, যাঁকে সবাই মানবেন এবং যাঁর দলের ওপর কর্তৃত্ব আছে।দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বিএনপির মহাসচিব বটবৃক্ষের মতো। সবাইকে আগলে রাখা তাঁর কাজ। তাই রাজনৈতিকভাবে দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য কোনো ব্যক্তিকে এ পদে বসাতে হবে।দলটির মহাসচিব হতে আগ্রহীদের মধ্যে আরেকজন হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, কাউন্সিলের মাধ্যমে মহাসচিব নির্বাচিত করতে হবে। এ পদটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্য তিনি এও বলেছেন, এ ব্যাপারে দলীয় চেয়ারপারসনের সিদ্ধান্তই চূড়ান্ত।