মহাসড়ক সকালে স্বাভাবিক, বিকেলে গাড়ির চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে যানবাহনের চাপ কম থাকলেও দুপুরের পর গাড়ি বেড়ে যায়। দুপুরের পর অনেক অফিস ও শিল্প-কারখানায় ছুটি হলে যাত্রীদের চাপ বেড়ে যায়। এতে বিকেলের পর থেকে রাস্তায় গাড়ির চাপ আরও বাড়তে থাকে। পাটুরিয়া ঘাটে কিছু গাড়ির সারি দেখা গেলেও দৌলতদিয়া ঘাটে তেমন চাপ নেই। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিকেলে যাত্রীদের ভিড়, গাড়ির চাপ: মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় গতকাল বৃহস্পতিবারের ভোর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যানজটমুক্ত দেখা গেছে। কিন্তু বেলা আড়াইটার পর থেকে শুরু হয় যানজট। গতকাল দুপুরের পর গাজীপুর, আশুলিয়াসহ আশপাশের কারখানায় ছুটি হয়। এর পর থেকে শত শত শ্রমিককে চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। অনেকে বাসের ছাদে উঠেছেন। অনেকে উপায়ন্তর না পেয়ে পরিবার-পরিজন নিয়ে বেশি ভাড়ায় ট্রাকে উঠেছেন।গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার পরিদর্শক সানোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ভোর থেকে দুপুর ১২টা গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়, ভোগড়া বাইপাস, চান্দনা-চৌরাস্তা এলাকা ছিল অনেকটাই যানজটমুক্ত। তবে পোশাক কারখানাগুলো ছুটি হওয়ায় দুপুরের পর থেকে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে এবং যানজট শুরু হয়। বিকেলে দেখা যায়, চন্দ্রা ত্রিমোড়ে শত শত যাত্রী গাড়ির অপেক্ষায় রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা, বড়বাড়ি, গাজীপুরা, স্টেশন রোড ও টঙ্গী এলাকায়ও লোকজনকে গাড়ির জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। পূর্ব চান্দরা এলাকার কারখানার শ্রমিক জুয়েল মিয়া বলেন, ‘সকাল থেকে বাসের জন্য চন্দ্রা এলাকায় দাঁড়িয়ে আছি। কিন্তু কোনো যানবাহন না পাওয়ায় নিরুপায় হয়ে ট্রাকে উঠেছি।’ পাবানার বেড়া এলাকার কারখানা শ্রমিক সাহিদা আক্তার, শামিমা আক্তার ও সুমা আক্তার বলেন, ‘কারখানা ছুটি হওয়ার পরেই দুপুরে এসে এখানে দাঁড়িয়ে আছি। এখন বেলা তিনটা, কিন্তু গাড়ি পাইনি।’ তাঁদের মতো অনেক শ্রমিক চন্দ্রা এলাকায় বাসের জন্য অপেক্ষা করছেন। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, চান্দনা-চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড় এলাকায় সচল রয়েছে যানবাহন। অনেক কল-কারখানার শ্রমিকেরা আগে থেকেই বাড়ি যেতে গাড়ি ভাড়া করে রাখায় তাঁদের গাড়ি সমস্যাও তেমন নেই। পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন জানান, ঢাকা ও টাঙ্গাইল জেলার সঙ্গে সমন্বয় রেখে গাজীপুরের ট্রাফিক-ব্যবস্থা সাজানো হয়েছে। এ কারণে সড়কে গাড়ির চাপ থাকলেও তেমন যানজট নেই। সড়কে যাতে কেউ চাঁদাবাজি করতে না পারে, তার জন্য গোয়েন্দা নজরদারি রয়েছে।ঢাকা-সিলেট মহাসড়কের ৪০ কিলোমিটার পথে ধীরগতি: ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তির স্থান নরসিংদী থেকে ভৈরবের ৪০ কিলোমিটার পথ। এই এলাকায় ১১টি স্থানে গতকাল গাড়ির গতি কমিয়ে থামিয়ে থামিয়ে যানবাহন চলতে দেখা গেছে। সিলেটগামী মিতালী পরিবহনের চালক কাদির মিয়া বলেন, ‘আইটকা আছি ভাই। নরসিংদীর পথে পথে সবজির বাজার। রাস্তায় বাস কাউন্টার আরা লোকাল গাড়ি থামাইয়া যাত্রী তুললে গতি উঠামো কেমনে? কাছিমের (কচ্ছপ) মতো যাইতাছি।’ গতকাল মুক্তিযুদ্ধের সঞ্চৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বর এলাকায় গাড়ির জট দেখা গেছে। সৈয়দ নজরুল ইসলাম সেতু অতিক্রম করতে গিয়েও জটে পড়তে হচ্ছে। নরসিংদীর ছয়টি স্থানে মহাসড়কের ওপরে সবজির হাট বসানো হয়। ঈদ মৌসুমে নরসিংদীর অংশে জটের এটি একটি বড় কারণ। নরসিংদীর সহকারী পুলিশ সুপার এ কে জহিরুল ইসলাম বলেন, ঈদে সড়ক নিরাপদ রাখতে পুলিশের বিশেষ দল রাখা হয়েছে। যেখানে সমস্যা হচ্ছে, সেখানেই পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে। ঢাকা-বগুড়া মহাসড়কে কয়েকটি স্থানে যানজট: রাজধানীর গাবতলী ও মহাখালী থেকে ভোরে ছেড়ে আসা বাসগুলো আট ঘণ্টার আগে বগুড়া পৌঁছাতে পারেনি। যাত্রীরা অভিযোগ করেন, সাভার, বাইপাইল, ইপিজেড, চন্দ্রা, কালিয়াকৈর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতুসহ পথে পথে তাঁদের হালকা যানজটে পড়তে হয়েছে। যানবাহনের ঢল নামায় বিকেল থেকে বগুড়া তিনমাথা, চারমাথা, মহাস্থানগড়, চণ্ডীহারাসহ বেশ কিছু স্থানে যানজট দেখা দেয়। তবে টিআর পরিবহনের কাউন্টার মাস্টার সেলিম হোসেন বলেন, ‘মহাসড়কে যানজট পরিস্থিতি গত তিন দিনের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তার পরও ঢাকা-বগুড়া যাত্রাপথে চার ঘণ্টার পথ আট ঘণ্টা লাগছে।’পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রীদের ভিড়: মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে সারা দিনই যাত্রীদের লম্বা সারি দেখা গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী লঞ্চগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পাওয়া গেছে।পাটুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, লঞ্চের মাস্টার ও মালিকেরা অনেক সময় ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বহন করে থাকেন। এ কারণে লঞ্চঘাটে পুলিশ তদারকি করছে।গতকাল সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ঘাট এলাকা ঘুরে দেখা যায়, প্রায় ১০০ যাত্রীবাহী বাস সারিতে রয়েছে ফেরিতে ওঠার জন্য। তবে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময়ের মধ্যে যানবাহনগুলো ফেরিতে উঠে যাচ্ছে।গোয়ালন্দ ঘাটে গাড়ির জন্য ফেরির অপেক্ষা: গতকাল দুপুর থেকে ঘাটের চিত্র ছিল পুরোটাই ভিন্ন। একপ্রকার ফেরিগুলো গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। বিআইডব্লিউটিসি ও ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরির স্বল্পতা, মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি পারাপার বন্ধ ও প্রতিদিনই অতিরিক্ত কয়েক শ পশুবাহী ট্রাক আসার কারণে দৌলতদিয়া ঘাটে কয়েক দিন যানজট দেখা দেয়। সর্বশেষ বুধবার রাতে আসা দুই শতাধিক গাড়ি গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে পার হয়ে যায়। পাটুরিয়া ঘাট থেকে দুপুর ১২টার দিকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা রোরো ফেরি আমানত শাহর মাস্টার হাসান আহামেঞ্চদ জগলুল বলেন, পাটুরিয়ায় যথেষ্ট পরিমাণ গাড়ি আছে। এর মধ্যে অধিকাংশ কোচ ও ছোট (ব্যক্তিগত) গাড়ি। পাটুরিয়ার চাপ আজ শুক্রবার পর্যন্ত থাকবে বলে তিনি মনে করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপে ধীরগতি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি এলাকায় গাড়ির চাপ দেখা গেছে বেশি। তবে গতকাল কোথাও তেমন যানজটের সৃষ্টি হয়নি।[প্রতিবেদন পাঠিয়েছেন—মাসুদ রানা, গাজীপুর; সুমন মোল্লা, ভৈরব; মনিরুজ্জামান, নরসিংদী; আনোয়ার পারভেজ, বগুড়া; আবদুল মোমিন, মানিকগঞ্জ; এম রাশেদুর রহমান, গোয়ালন্দ (রাজবাড়ী); আবদুর রহমান, দাউদকান্দি (কুমিল্লা)।]