মহাসড়কে দুর্ভোগের জন্য ওবায়দুলের দুঃখপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে বাড়ি ফেরার পথে দুর্ভোগের কবলে পড়া যাত্রীদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।আজ বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়ক ও পরিবহন-ব্যবস্থাপনায় যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরার সময় মন্ত্রী দুঃখ প্রকাশ করেন।সড়কের সমস্যার কারণে যানজট হচ্ছে না, দাবি করেন যোগাযোগমন্ত্রী। সড়ক-মহাসড়কে কোরবানির পশুর হাট বসানো, চলাচলের অযোগ্য (আনফিট) যানবাহন যখন-তখন মহাসড়কে বিকল হয়ে যাওয়া, গরু পরিবহনকারী ট্রাকগুলোর ধীরে চলা, চালকদের বিপরীত লেনে গাড়ি চালানো, যাত্রীর তুলনায় যানবাহনের সক্ষমতা কম থাকাকে যানজটের অন্যতম কারণ বলে তিনি জানান।যানজট নিরসনে জেলা পরিষদ, পুলিশ ও র‌্যাব একযোগে কাজ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের চেষ্টা ও আন্তরিকতার অভাব নেই। আর ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে—এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।বর্তমানে কোনো মহাসড়ক বেহাল নেই দাবি করে আগামী এপ্রিলের মধ্যে দেশের সব সড়ক যান চলাচলের উপযোগী করে তোলার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।পরিবহন খাতে চাঁদাবাজি রাতারাতি নির্মূল করা সম্ভব নয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি কমে এসেছে। তবে চাঁদাবাজি অনেকের অস্থিমজ্জায় মিশে গেছে, তাই পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না।’