মহাসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শুক্রবারের মহাসমাবেশ সফল করাতে রাজধানীতে মিছিল করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটা থেকে পৌনে ছয়টা পর্যন্ত পল্টন-পুরানা পল্টন-দৈনিক বাংলা এলাকায় এ মিছিল হয়। প্রায় ১০০ মোটরসাইকেলে চড়ে কয়েক শ নেতা-কর্মী এতে অংশ নেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আগামীকাল রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ গণমিছিল করা হয়েছে। পুরানা পল্টনের হাউস বিল্ডিংয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি দৈনিক বাংলা মোড়, পুরানা পল্টন মোড় ঘুরে আবার হাউস বিল্ডিংয়ে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও মহাসচিব ইউনুস আহমদ।সৈয়দ বেলায়েত হোসেন আরও জানান, আগামীকাল সকাল নয়টা থেকে মহাসমাবেশের কার্যক্রম শুরু হবে। জুমার নামাজের পরও মহাসমাবেশ চলবে। এতে দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য দেবেন।সংবিধানের মূল নীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি পুনরায় স্থাপন, ‘নাস্তিক-মুরতাদদের’ বিরুদ্ধে আইন পাস, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস-দুর্নীতির মূলোত্পাটনসহ আরও কিছু দাবিতে এ সমাবেশ আহ্বান করা হয়।এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে মহাসমাবেশের অনুমতি পাওয়া গেছে বলেও জানান বেলায়েত হোসেন।