মহাসমাবেশে যাবে না জাতীয় পার্টি
১৪ দলের ১৪ মার্চের মহাসমাবেশে যোগ দেবে না জাতীয় পার্টি। পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আজ মঙ্গলবার ফেনীতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।ফেনী নদীর পানি রক্ষার দাবিতে এরশাদের নেতৃত্বে ফেনী নদী অভিমুখে জাতীয় পার্টি গতকাল সোমবার লংমার্চ কর্মসূচি শুরু করে। আজ সকালে লংমার্চটি ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুমঘাট সেতুতে পৌঁছায়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এ কথা বলেন।এরশাদ বলেন, ‘মহাসমাবেশ কর্মসূচিতে জাতীয় পার্টি অংশ নিচ্ছে না।’ গতকালের বিভিন্ন পথসভায় তিনি বলেন, ‘ফেনী নদী আমাদের নদী। এর উত্পত্তি ও প্রবাহ বাংলাদেশে। এ নদীর পানি ভাগাভাগি হতে পারে না। ভারত অন্যায়ভাবে পাম্প বসিয়ে পানি টেনে নিচ্ছে।’ কিন্তু যেখানে পাম্প বসিয়ে ভারত পানি নিচ্ছে বলে জাতীয় পার্টি জানিয়েছে, আজ লংমার্চটি সেখানে যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘পাম্প তো অনেক দূর!’এরশাদের দাবি, সরকারের দুজন উপদেষ্টা বাংলাদেশের নন। তিনি বলেন, ট্রানজিটের মাসুল চাইলে অসভ্যতা হবে, এটা কোনো বাংলাদেশির কথা হতে পারে না।এ সময় এরশাদের সঙ্গে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদে, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী প্রমুখ।প্রসঙ্গত, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি। তবে ১৪ মার্চ মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দল।