মহাসমাবেশে যোগ দেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১২
খুলনায় দলের বিভাগীয় মহাসমাবেশকে সফল করতে গতকাল রোববার সকালে উৎসাহ-উদ্দীপনা নিয়েই রওনা দিয়েছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সঙ্গে ছিলেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। কিন্তু তাঁদের সমাবেশে যোগ দেওয়া আর হয়নি। খুলনায় যাওয়ার পথে তাঁদের বহনকারী বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনিসহ ১২ জন নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার বাইপাস সড়কের লতা খামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন মফিজুর রহমান (৪২), তুরান আলী (৩২), ফয়েজ (৩০), জি এম জসিম উদ্দিন (২২), এনামুল (২৫), অবুঝ শেখ (২৩) ও আজমল (২৮) ও বাসচালক কামরুল (৩৫)। চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই উপজেলার সৈয়দ নাজির উদ্দিন (৩৫), মুরাদ (২২) ও মোশাররফ হোসেন (৩০)। আরেকজনের নাম জানা যায়নি। দুর্ঘটনায় ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, লোহাগড়া থেকে আসা বাসের সঙ্গে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আটজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যায়। লোহাগড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আজিজুর রহমান জানান, ছয়টি গাড়িতে করে নড়াইল থেকে পাঁচ শতাধিক নেতা-কর্মী মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য রওনা দেন। খুলনায় ঢোকার পথে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত বাসযাত্রীরা দলীয় নেতা-কর্মী বলে জানান তিনি।বিএনপির চেয়ারপারসনের শোক: খুলনায় মহাসমাবেশে যোগদানের জন্য নড়াইল থেকে আসার সময় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘দলের কর্মসূচি পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এই প্রাণহানিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই।’ তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।লোহাগড়ায় শোকের ছায়া: নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি জানান, খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জনের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি, পদ্মবিলা, ধোপাদহ ও গন্ডব গ্রামে। দুর্ঘটনার খবর পৌঁছানোর পর লোহাগড়া উপজেলায় নিহত ব্যক্তিদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। কয়েকজন নিহতের বাড়িতে গিয়ে দেখা গেছে শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা।নিহত ব্যক্তিদের মধ্যে মফিজুর রহমান ছিলেন আমাদা দাখিল মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি ধোপাদহ গ্রামে। সেখানে গিয়ে দেখা গেছে, আত্মীয়-স্বজনেরা আহাজারি করছেন। বৃদ্ধা মা নির্বাক হয়ে আছেন। আরেক নিহত তুরান আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, স্বামীর মৃত্যুর সংবাদে জ্ঞানহারা স্ত্রী অঞ্জনা বেগমের পাশে বসে ফ্যালফ্যাল করে চেয়ে আছে তাঁদের ছয় বছরের মেয়ে তারিন ও চার বছরের ছেলে শান্ত। তুরান আলী ছিলেন স্থানীয় এড়েন্দা বাজারে মুদিদোকানি। জ্ঞান ফেরার পর বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে অঞ্জনা বলে ওঠেন, ‘তুরা এতিম হয়ে গেলি। কে দেখবে তোদের। আমার কী হবে।’ বাবা মোসলেম শেখের কাঠের ব্যবসা দেখাশোনা করতেন নিহত অবুঝ শেখ। তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, মা মাজেদা বেগম ছেলের শোকে আহাজারি করছেন, ‘আমার ছল সত্যই মইরে গেছে? ও আল্লাহ, আমার কী হলো! আমার ছলডারে ফিরায় দ্যাও। তুই ক্যান গিলি খুলনায়?’ লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জানান, আজ সোমবার সকালে স্থানীয় এড়েন্দা বাজারে ওই ১২ জনের জানাজা হবে।