চট্টগ্রামে বিএনপির সংবাদ সম্মেলন
মহাসমাবেশে সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম-অভিযোগ তুলে ধরা হবে
চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র, পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইতিহাস বিকৃতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নস্যাতের চেষ্টার প্রতিবাদে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চট্টগ্রামের মহাসমাবেশে বক্তব্য দেবেন। ২৯ মার্চ নগরের লালদীঘি ময়দানে বেগম জিয়ার ওই মহাসমাবেশ হওয়ার কথা। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতারা এ তথ্য জানান।সম্মেলনে বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির উত্তর-দক্ষিণ জেলা এবং নগরের তিন সাধারণ সম্পাদক যথাক্রমে আসলাম চৌধুরী, মহিউদ্দিন ও শাহাদাত্ হোসেন।সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শহীদ জিয়া ২৭ মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই এ দিনটিতে খালেদা জিয়া চট্টগ্রামে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেন। সরকারের অসহযোগিতার কারণে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে সভা করার অনুমতি পাওয়া যায়নি। বাধ্য হয়ে ২৯ মার্চ লালদীঘি ময়দানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও লালদীঘি মাঠে বিপুলসংখ্যক মানুষের ধারণক্ষমতা নেই।সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে। পার্বত্য চট্টগ্রামেও বিরাজ করছে অস্থিরতা। চট্টগ্রামের মধ্য দিয়ে এশিয়ান হাইওয়ে হওয়ার কথা। সেটা না করার ষড়যন্ত্র চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। সরকারি দলের লোকজনের টেন্ডার ও চাঁদাবাজি চলছে। আর প্রতিনিয়ত চলছে মানবাধিকার লঙ্ঘন। সাংবাদিকেরাও বাদ যাচ্ছেন না নির্যাতন থেকে। দেশে-বিদেশে সাংবাদিকেরা হামলার শিকার হচ্ছেন।উল্লেখ্য, চট্টগ্রাম আউটার স্টেডিয়াম ২৭ মার্চ পর্যন্ত ব্যবহারের অনুমতি নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ।