মহাসমাবেশের অনুমতি পায়নি বিএনপি: ডিএমপি
১২ মার্চের মহাসমাবেশ করার জন্য বিএনপিকে এখনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। গতকাল শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান। ডিএমপির গণমাধ্যম কেন্দ্রে (মিডিয়া সেন্টার) অনির্ধারিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মুখপাত্র বলেন, কোনো আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশ দেয়নি ডিএমপি। তবে পরিচিতি নিশ্চিত না হয়ে কাউকে হোটেলে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। অবশ্য তিনি বলেন, হোটেল পরিদর্শন পুলিশের নিয়মিত কাজের অংশ। ১২ মার্চের মহাসমাবেশ সামনে রেখে পরিদর্শন জোরালো করা হয়েছে। থানা থেকে সংশ্লিষ্ট আবাসিক হোটেলে এ ব্যাপারে চিঠিও দেওয়া হয়েছে। গণগ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, এ শব্দটির সঙ্গে তিনি পরিচিত নন। প্রতিদিনই রাজধানীতে পুলিশ অভিযান চালায়। নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার হচ্ছে। পুলিশের অভিযানে প্রতিদিনই গড়ে ২৫০ জনের মতো গ্রেপ্তার হন। ওই সংখ্যা এখনো পার হয়নি। তবে মহাসমাবেশ সামনে রেখে অভিযান আরও জোরালো হয়েছে। ১২ মার্চের সমাবেশে পুলিশের কতজন সদস্য কাজ করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি মুখপাত্র বলেন, গোপনীয়তার কারণে বিষয়টি বলা যাবে না। তবে পর্যাপ্তসংখ্যক পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। তিনি বলেন, বিএনপির ১২ মার্চের কর্মসূচি ঘিরে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এর আগেও বিভিন্ন জঙ্গি গোষ্ঠী রাজনৈতিক কর্মসূচিতে হামলা চালিয়েছিল।পুলিশ কমিশনারের মুখপাত্র বলেন, ১২ মার্চের ‘ঢাকায় চলো’ কর্মসূচি, আজ রোববার থেকে শুরু হওয়া এশিয়া কাপ ক্রিকেট ও ১৪ মার্চের আওয়ামী লীগের মহাসমাবেশ নিরাপত্তার পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিয়ে গতকাল সকালে রাজারবাগ টেলিকম মিলনায়তনে বৈঠক হয়েছে। এতে নগরবাসীর নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। ওই সভায় সভাপতিত্ব করেন ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ। মহানগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে তদূর্ধ্ব কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।