মহাসমাবেশের জন্য কোনো স্থান পায়নি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ১২ মার্চ মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তবে এখন পর্যন্ত দলটি মহাসমাবেশ করার জন্য কোনো স্থান ব্যবহারের অনুমতি পায়নি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা এ তথ্য জানিয়েছেন। বিএনপি ১২ মার্চের মহাসমাবেশের জন্য মানিক মিয়া এভিনিউ, পল্টন ময়দান অথবা নয়াপল্টন এলাকা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে আজ পর্যন্ত তাদের কোনো স্থান বরাদ্দ দেওয়া হয়নি।খোকা অভিযোগ করেন, সরকার বিএনপির মহাসমাবেশে বাধা দিচ্ছে। ঢাকা ও সারা দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। মহানগরে তালিকা করে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। ঢাকায় বাইরে থেকে আসা নেতা-কর্মীদের খাওয়ানোর জন্য কোনো কমিউনিটি সেন্টার ভাড়া পাওয়া যাচ্ছে না। এসবই কর্মসূচিকে বাধাগ্রস্ত করার চেষ্টা। ঢাকা সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, মহাসমাবেশ দাবি আদায়ের একটি শান্তিপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচির লক্ষ্য বঙ্গভবন বা প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করা নয়। ১২ মার্চ খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রীর পদে বসিয়ে দেওয়ার জন্যও নয়। এই কর্মসূচি হবে জনগণকে নিয়ে নির্দলীয় সরকারের দাবি আদায় করা। ভবিষ্যতে জনগণের ভোটাধিকার রক্ষা করা। জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসায় তবে দলটি তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশ পরিচালনা করবে। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, মানিক মিয়া এভিনিউ ও পল্টন ময়দান ব্যবহারের অনুমতি তাঁরা পাননি। তাই দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের প্রস্তুতি দিচ্ছেন। ওই দিন শাহবাগ থেকে মধুমিতা সিনেমা হল এবং পল্টন থেকে মালিবাগ পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হবে। তিনি বলেন, যেসব মন্ত্রী ইতিমধ্যে নানা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে জনরোষে পড়েছেন, তাঁদের বলব ১২ মার্চ ঘর থেকে বের হবেন না। বের হলে জনরোষে পড়তে পারেন। তিনি এসব মন্ত্রীকে পুলিশ হেফাজতে রাখার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, শামসুল হুদা, আবদুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।