মহাসমাবেশের সীমানা বাড়ানোর অনুরোধ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অবশেষে ১১টি শর্ত সাপেক্ষে বিরোধী দল বিএনপিকে মহাসমাবেশের জন্য অনুমতি দিয়েছে। কাল সোমবার বেলা দুইটার দিকে রাজধানীর নয়াপল্টনে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।এদিকে মহাসমাবেশের জন্য সীমানা বাড়ানোর অনুরোধ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডিএমপিকে চিঠি দিয়েছে। আজ রোববার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিএমপির কার্যালয় থেকে ১১টি শর্তে মহাসমাবেশের অনুমতির কথা জানানো হয়। ডিএমপি সূত্র জানায়, ১১টি শর্তে মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। শর্তগুলো হলো:১) রাজধানীর পূর্ব দিকে ফকিরাপুল, পশ্চিমদিকে নাইটিংগেল মোড় পর্যন্ত মহাসমাবেশ বিস্তৃত থাকবে; ২) সভার জন্য নির্ধারিত জায়গার বাইরে মাইক ব্যবহার করা যাবে না; ৩) নির্ধারিত এলাকার বাইরে অবস্থান নেওয়া যাবে না; ৪) সভার স্থান ব্যবহারের জন্য আলাদা অনুমতি নিতে হবে; ৫) মূল সড়কে মঞ্চ নির্মাণ করা যাবে না; ৬) বক্তব্য ছাড়া মঞ্চ আর কোনো কাজে ব্যবহার করা যাবে না; ৭) সভার দুই ঘণ্টা আগে কেউ আসতে পারবে না; ৮) বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সভা শেষ করতে হবে; ৯) এই সময়ের আগে বা পরে কোথাও সমাবেশ করা যাবে না এবং কোথাও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না; ১০) সভা চলাকালে আইনশৃঙ্খলাবিরোধী কোনো কাজ করা যাবে না এবং ১১) কোনো কারণ দর্শানো ছাড়া কর্তৃপক্ষ এই আদেশ বাতিল করতে পারবে।