মহাসমারোহে পালিত হচ্ছে সরস্বতী পূজা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আজ বুধবার সকাল থেকেই জমে উঠেছে সরস্বতী পূজা। প্রতিবারের মতো এবারও এ স্থানটিই পূজার মূল আকর্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট জগন্নাথ হলের পুকুরে জলের ওপরে বিশাল আকৃতির দেবী সরস্বতীর প্রতিমা নির্মাণ করেছে। সেতু পার হয়ে ও নৌকায় করে সনাতন ধর্মাবলম্বীরা এখানে পানির ওপরে পূজা দেবে। দর্শনার্থীদের কাছে এটিই সবচেয়ে আগ্রহের বিষয়। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগে আলাদা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৫টি বিভাগে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে দর্শনার্থীদের আকর্ষণ করেছে ব্যবস্থাপনা বিভাগের পূজামণ্ডপ। কলাগাছের মধ্যে কারুকাজসহ রাজপ্রাসাদের মতো করে মণ্ডপ নির্মাণ করেছে এ বিভাগের শিক্ষার্থীরা।আর কিছুক্ষণ পরেই ভক্তরা দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেবেন। এরপরে দেবী সরস্বতীর প্রসাদ গ্রহণ ও বিতরণ করা হবে। সন্ধ্যায় আলোকসজ্জা শুরু হবে। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য ও জাতীয় পর্যায়ের নেতারা জগন্নাথ হলের পূজামণ্ডপে আসবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকও এতে যোগ দেবেন। সন্ধ্যায় আরতি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান উত্সাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সরস্বতী পূজা উদযাপন করছে। উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীরা মাঘ মাসের শুক্লা পঞ্চমীর পুণ্য তিথিতে বিদ্যা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করেন।