মহাসেনে থমকে ছিল রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল নয়টায় অফিস। কিন্তু রায়েরবাজার থেকে আজ বৃহস্পতিবার গুলশান ১ নম্বরে অফিসে পা ফেলতে এক ঘণ্টা দেরি হয়েছে সাঈদ তানভীরের। হাসিমুখে বললেন, ‘বস অবশ্য লেটমার্ক করেননি। মহাসেনের প্রভাবে বৃষ্টির জন্য শুধু আমি নই, বসই আমার পরে অফিসে এসেছেন।’রাজধানীতে আজ সারা দিনের বর্ষণে সাঈদ তানভীরের মতো এমন পরিস্থিতিতে পড়েন অনেকেই। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকায়ও দিনভর বৃষ্টিপাত হয়।বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাঈদ জানান, ঘণ্টা খানেক বৃষ্টি হলে রায়েরবাজারের অলিগলিতে পানি জমে যায়। আজ ভোর থেকে অবিরাম বৃষ্টিতে হাঁটুসমান পানি জমে গেছে। বাড়তি ভাড়ায় রিকশায় করে কিছু দূর গিয়ে বাস ধরতেই সাঈদের অফিসের ঢোকার সময় পেরিয়ে গেছে।বাসে ভিড় কম থাকলেও বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে অনেকের দেরি হয়ে যায়। মহাসেনের প্রভাবে লাগামহীন বৃষ্টিতে বেশ কিছু প্রধান সড়কে পানি জমে গেছে। মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বাড্ডা এলাকার অনেক সড়ক ও গলিতে ছিল হাঁটুসমান পানি।বেসরকারি ব্যাংক কর্মকর্তা শেখ নাজমুর রহমান জানান, মোহাম্মদপুর নূরজাহান রোড থেকে ধানমন্ডির রাপা প্লাজায় রিকশা ভাড়া নিয়েছে ৪০ টাকা। অন্য দিন যা ছিল ২০ থেকে ২৫ টাকা।দুর্যোগপূর্ণ এমন পরিস্থিতিতে রিকশা চালানোয় শারীরিক ঝুঁকি থাকে। যাত্রীও তেমন পাওয়া যায় না। রাস্তায় পানি জমে যাওয়ায় রিকশা চালাতে বাড়তি শ্রম দিতে হয়। তাই ভাড়া বেশি চাইছেন বলে জানিয়েছেন রিকশাচালক জাকির হোসেন।বৃষ্টি জন্য গণপরিবহন রাজপথে তুলনামূলক কম চলতে দেখা গেছে। বাসস্ট্যান্ডগুলোতে অপেক্ষমাণ যাত্রীর সংখ্যাও ছিল কম। দোকানপাট কম খুলেছে। পল্লবী অঞ্চলের ট্রাফিক পরিদর্শক মিয়া মো. আবু কায়সার প্রথম আলো ডটকমকে জানান, বৃষ্টির কারণে সকালে যানজট প্রায় ছিলই না।রাজধানী ঢাকায় গতকাল মাত্র তিন মিলিমিটার বৃষ্টিপাত হলেও আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় পটুয়াখালীতে সবচেয়ে বেশি ১২১ মিলিমটার বৃষ্টি হয়েছে। নগরবাসীর দুর্ভোগ বাড়ালেও বৃষ্টির কারণেই ঘূর্ণিঝড় মহাসেন দুর্বল হয়ে পড়েছে।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল বুধবার রাত থেকেই বরিশাল, পটুয়াখালীসহ দেশের উপকূলীয় এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। আজ সকালে জোয়ার শুরুর আগেই এ জন্য মহাসেনের শক্তি কমে গেছে। দুর্বল হলেও মহাসেনের প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে দেশের বিভিন্ন স্থানে।