মহাসেনের আশঙ্কায় দুটি ইপিজেডে ছুটি
ঘূর্ণিঝড় মহাসেনের আঘাত হানার আশঙ্কায় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (সিইপিজেড) ও কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কেইপিজেড) আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরা যাতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন, এ জন্য বেলা দুইটার দিকে ইপিজেড দুটিতে ছুটি ঘোষণা করা হয়।সিইপিজেডে দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক আবদুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭১টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানায় প্রায় এক লাখ ৮১ হাজার শ্রমিক কাজ করেন।শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বেলা দুইটার পর সিইপিজেডে ছুটি ঘোষণা করা হয়। একই সঙ্গে জলোচ্ছ্বাসের আশঙ্কায় প্রতিটি কারখানা কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে নিরাপদে মালামাল রাখতে বলা হয়েছে।কেইপিজেডের মহাব্যবস্থাপক আহসান কবীর প্রথম আলো ডটকমকে জানান, এই ইপিজেডে ৩৮টি কারখানা রয়েছে। এখানকার শ্রমিকসংখ্যা ৩৪ হাজারের ওপরে। শ্রমিকেরা যাতে এই দুর্যোগে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন, এ জন্য দুপুরের পর ছুটি ঘোষণা করা হয়। কবে নাগাদ ইপিজেড খোলা হবে—জানতে চাইলে তিনি বলেন, সার্বিক পরিস্থিতির ওপর তা নির্ভর করছে।