মহাসেনের আশঙ্কায় নৌচলাচল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতের আশঙ্কায় ঢাকার সদরঘাট নদীবন্দর থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার বেলা একটার পর বন্দর কোনো লঞ্চ ছেড়ে যায়নি। সদরঘাট থেকে যাত্রীবাহী কোনো লঞ্চ না ছাড়ায় দক্ষিণাঞ্চলগামী শত শত যাত্রী বন্দর থেকে ফিরে গেছেন।বিআইডব্লিউটিএ নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঢাকা নদীবন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত থাকায় আজ দুপুর থেকে দেশের দক্ষিণাঞ্চলসহ ৩৭টি রুটে সব ধরনের নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘোষণার পর দুপুর থেকে ঢাকা নদীবন্দর থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি।’মহাসেন ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে সদরঘাট টার্মিনালে সতর্কীকরণসহ যাত্রী ও নৌযান নিরাপত্তার জন্য একটি অস্থায়ী মনিটরিং ক্যাম্প খোলা হয়েছে।ঢাকা নদীবন্দর নৌযান ও পরিবহন পরিদর্শক এ বি এম মাহমুদ জানান, আজ ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী লঞ্চ এসেছে ৪৮টি, আর বন্দর ছেড়ে গেছে ১৫টি। বিকেলের দিকে বেশির ভাগ যাত্রীবাহী লঞ্চ সদরঘাট টার্মিনাল এলাকা থেকে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র সরিয়ে নেওয়া হয়।