মহাস্থানগড় খননে বেরিয়ে এল প্রাচীন আবাসের নিদর্শন
প্রাচীন নগর পুন্ড্রনগর হিসেবে খ্যাত ঐতিহাসিক মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননকাজ আজ সোমবার শেষ হচ্ছে। এবারের প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এসেছে প্রাচীনকালের আবাসস্থলের বেশ কিছু নিদর্শন ও প্রাচীন দুর্গের প্রাচীর।খননের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ববিদেরা ধারণা করছেন, এই নিদর্শনগুলোর কিছু ১৪০০ বছর আগের। মহাস্থান মাজারের পশ্চিম পাশে সে সময় আবাসস্থল ছিল। এ ছাড়া পাল ও মুসলিম আমলে ব্যবহূত কিছু নিদর্শনও পাওয়া গেছে।গতকাল রোববার মহাস্থানগড়ে গিয়ে দেখা যায়, প্রত্নতাত্ত্বিক খননকাজ শেষ পর্যায়ে। পাহাড়পুর জাদুঘরের জিম্মাদার মাহাবুব-উল-আলম বলেন, মহাস্থান মাজারের পশ্চিম পাশে গত বছর খনন করে জোড়া মন্দির পাওয়া গিয়েছিল। মন্দির দুটি ছিল দশম শতকের। এ বছর খনন করা হয় মাজারের উত্তর-পশ্চিমে। খননের পর দুটি শাসনামলের নিদর্শন পাওয়া গেছে। মাত্র দুই মিটার খনন করে পাওয়া যায় মুসলিম ও পাল আমলের নিদর্শন। এখানে আবাসস্থল ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ, খনন করে বাড়ির দেওয়াল আকৃতির স্থাপনা পাওয়া যায়। পাল আমলের কিছু নিদর্শনও পাওয়া গেছে। আরও পাওয়া যায় একটি মাটির পাত্র বা মটকা, যাকে স্থানীয়ভাবে ডাবর বলা হয়ে থাকে। এ ধরনের মটকায় খাদ্যশস্য মজুদ করা হয়ে থাকে। এ ছাড়া পাওয়া গেছে, কলস আকৃতির নকশা করা পাত্র, মৃৎপাত্রের ভাঙা টুকরা, সবুজ আভাযুক্ত মৃৎপাত্রের টুকরো, বিশেষ ধরনের নীল আভাযুক্ত মৃৎপাত্র যা ইরানের মসজিদগুলোতে দেখা যায়। তিনি জানান, সোমবার পর্যন্ত খননকাজ চলবে। এরপর সবকিছু গুছিয়ে নিতে আরও এক সপ্তাহ লেগে যাবে।মহাস্থান জাদুঘরের জিম্মাদার নাহিদ সুলতানা বলেন, মাজারের পশ্চিম পাশে খনন করে এই নগরের দুর্গের প্রাচীরের সন্ধান মিলেছে। এই দুর্গপ্রাচীরে মৌর্য যুগ থেকে মুসলিম আমল পর্যন্ত যেসব কাজ হয়েছে, তার নিদর্শন পাওয়া গেছে। তিনি জানান, এবারের খননকাজে উত্তরাঞ্চলীয় কালো মসৃণ মাটি ও মৃৎপাত্র পাওয়া গেছে।উল্লেখ্য, বাংলাদেশ ও ফ্রান্স সরকারের যৌথ উদ্যোগে মহাস্থানগড়ে প্রতি বছর খননকাজ করা হয়ে থাকে। প্রতি বছরের জানুয়ারি মাসে এই খননকাজ শুরু হয়। চলে এক থেকে দেড় মাস। ১৯৯৩ সাল থেকে মহাস্থানগড়ে এই খননকাজ চলছে। এ পর্যন্ত ১৬ বার খননকাজ করা হয়েছে। প্রতিবছরই খননের বিভিন্ন পর্যায়ে প্রাচীন নিদর্শন পাওয়া গেছে।চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এবারের খননকাজ শুরু হয়। খননকাজে বাংলাদেশের পক্ষে তিনজন ও ফ্রান্সের তিনজন প্রত্নতত্ত্ববিদ কাজ করছেন। তাঁরা হলেন, মহাস্থান জাদুঘরের জিম্মাদার নাহিদ সুলতানা, পাহাড়পুর জাদুঘরের জিম্মাদার মাহাবুব-উল-আলম ও শাহাজাদপুর রবীন্দ্র কাচারিবাড়ির জিম্মাদার জহুরুল হক। ফ্রান্সের পক্ষে কাজ করছেন জাঁ ফাঁসোয়া সা, বারবারা ফুতিকুনি ও অর্নেল ইমান্যুয়েল।