মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট ঐতিহাসিক মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় নেওয়া পদক্ষেপ জানতে চেয়েছেন। ১৪ ফেব্রুয়ারি বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যানকে হাইকোর্ট হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেন।আদালত বলেছেন, ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যেকোনো মূল্যে মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রক্ষা করতে হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও আদালত মন্তব্য করেন ।আদালত অপরাধীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা পুলিশ সুপারকে জানাতে বলেছেন।মহাস্থানগড় রক্ষায় রাতে সেখানে পুলিশ মোতায়েন করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনে ২৪ ঘণ্টার মধ্যে সেখানে র্যাব পাঠাতে বলা হয়েছে। মহাস্থানগড়ের মসজিদ স্থানান্তর প্রশ্নে ১০ দিনের মধ্যে মতামত দিতে সংস্কৃতিসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত মসজিদ স্থানান্তরের সম্ভাব্যতা যাচাই করে প্রতিবেদন দাখিল করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। ‘হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাস্থানগড়ে খনন’—এ শিরোনামে প্রথম আলোসহ দুটি জাতীয় দৈনিকে মহাস্থানগড়ে পুনরায় খননের প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন দুটি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পরিপ্রেক্ষিতে আদালত আজ এ আদেশ দেন। এর আগে ২ ফেব্রুয়ারি মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কমিটির অপর সদস্যরা হলেন—বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কিউরেটর, মাজার কমিটির সভাপতি, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, জাতীয় জাদুঘরের একজন প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন শিক্ষক। জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর হাইকোর্ট বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এর পরও মহাস্থানগড়সংলগ্ন ‘নেতাই ধোপানীর পাট’ কেটে রাস্তা নির্মাণের কাজ চলছে—এমন অভিযোগে আদালতে আরেকটি আবেদন করে সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে আদালত স্থানীয় দুই আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে হাইকোর্টে তলব করেন। তলব করা ব্যক্তিরা ওই দিন হাইকোর্টে হাজির হলে আদালত মহাস্থানগড়ের কিউরেটর, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মাজার কমিটির সভাপতিকে অব্যাহতি দেন। তবে রাস্তা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় আওয়ামী লীগ নেতা খোকন সরকার ও সবুজ সরকারকে পরবর্তী তারিখে হাজির হতে বলা হয়।