মহাসড়ক ও ফেরিঘাটে পশুর ট্রাকে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুবাহী ট্রাক ও ইঞ্জিনচালিত নৌকায় চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জের কড্ডার মোড়, সাভারের বাইপাইল, সাভার বাসস্ট্যান্ড, দৌলতদিয়া ফেরিঘাট, নরসিংদী, ভৈরব, কুষ্টিয়া, ঈশ্বরদী রেলগেট, দাউদকান্দিসহ বিভিন্ন স্থানে পুলিশ ও চাঁদাবাজেরা এই চাঁদা নিচ্ছে। নদীতেও চলছে চাঁদাবাজি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর গাবতলী, নয়াবাজারসহ বিভিন্ন হাটে পশু নিয়ে আসা বেশ কয়েকজন ট্রাকচালক ও ব্যাপারি এসব অভিযোগ করেন।হাইওয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. মাহবুবুর রহমান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, সমঝোতার মাধ্যমে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হতে পারে। হাইওয়ে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা সাদা পোশাকে সরেজমিনে এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন।ট্রাকচালক ও গরুর ব্যাপারিরা অভিযোগ করেন, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক সার্জেন্টরা ট্রাকে অবৈধ কিছু আছে কি না তা যাচাইয়ের অজুহাতে কিংবা ‘ঈদ বখশিশে’র নামে অহেতুক হয়রানি করেন। এই হয়রানি থেকে বাঁচতে তাঁরা টাকা দেন। এ ছাড়া সমিতির নামে, ফেরিঘাটে সিরিয়ালের জন্য চাঁদা নেওয়া হচ্ছে। এসব ব্যাপারে হাইওয়ে পুলিশে অভিযোগ করতে গেলে উল্টো ঝামেলায় পড়তে হয়।গাবতলী হাটে একটি ট্রাকের চালক মাইনউদ্দিন জানান, রংপুর ও কুড়িগ্রাম থেকে পশু নিয়ে ঢাকায় আসার পথে তাঁকে সব মিলিয়ে ৪০০ টাকা চাঁদা দিতে হয়েছে। সাভার বাসস্ট্যান্ডের কাছে পুলিশ পশুবাহী ট্রাক থেকে ২০০ থেকে ৩০০ করে টাকা নেয়। একই হাটে এক ট্রাকের চালকের সহকারী মো. আকাশ জানান, সিলেট থেকে ঢাকা আসার পথে বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ এবং পুলিশকে মোট ৫০০ টাকা চাঁদা দিতে হয়েছে। এর মধ্যে ভৈরবে হাইওয়ে পুলিশকে দিতে হয়েছে ১০০ টাকা। ট্রাকচালক মিরাজ হোসেন জানান, যশোর ও বেনাপোল থেকে গরু নিয়ে আসার সময় দৌলতদিয়া ফেরিঘাটে সিরিয়ালের স্লিপের জন্য ৩০০ টাকা চাঁদা দিতে হয়েছে। চাঁদা না দিলে ফেরিঘাটে ঢুকতে দেয় না ঘাটের একশ্রেণীর কর্মচারীদের মদদপুষ্ট চাঁদাবাজেরা। আরেক ট্রাকের চালক মো. সেলিম জানান, নরসিংদীর ইটখোলায় পুলিশকে ২০০ টাকা চাঁদা দিতে হয়। ট্রাকচালক আবুল হোসেন জানান, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ঢাকা আসতে ঈশ্বরদী রেলগেটে প্রতি ট্রাক থেকে ২০ টাকা নেওয়া হয়।ট্রাকচালক মিরাজ বেপারী জানান, সাভারের বাইপাইলে ১০০ টাকা, সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ২০০ টাকা, দাউদকান্দি হাইওয়ে পুলিশকে ১০০ টাকা, মেঘনায় ১০০ টাকা, ফেনীতে ১০০ টাকা দিতে হয় পুলিশকে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁদের চাঁদা দিতে হয়নি।নয়াবাজার হাটে গরুর ব্যাপারি শরীফুল ইসলাম জানান, তিনি কুষ্টিয়া থেকে কয়েক ট্রাক গরু এই হাটে এনেছেন। কুষ্টিয়ার বল্লভপুরে মোটর সমিতির নামে চাঁদাবাজেরা প্রতি ট্রাক থেকে ১০০ টাকা নিয়েছে। একই হাটের গরুর ব্যাপারি আবুল হোসেন জানান, তিনি ফরিদপুর থেকে ইঞ্জিনচালিত নৌকায় ৩৩টি গরু আনার সময় ধলেশ্বরী নদীতে ৬০ টাকা চাঁদা নেওয়া হয়েছে।মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের এআইজি মাহবুবুর রহমান বলেন, ট্রাকচালক ও গরুর ব্যাপারিদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি হলে তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বোঝার কথা নয়। তবু পুলিশ এসব বিষয়ে খোঁজ নিচ্ছে। কোনো অভিযোগ পেলে, বিশেষ করে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ বিষয়ে তাঁদের কাছে অভিযোগ করার জন্য ভুক্তভোগীদের অনুরোধ জানিয়েছেন।