মহাসড়ক জলমগ্ন, যোগাযোগ বিচ্ছিন্ন
গত দুই মাসেও সাতক্ষীরার সঙ্গে খুলনার সরাসরি যোগাযোগ স্থাপন হয়নি। বন্ধ রয়েছে খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ। এ ছাড়া সাতক্ষীরার তালা উপজেলার সড়কগুলো এতই বেহাল যে উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগও ভেঙে পড়ছে।এদিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দুই মাস বন্ধ থাকায় সাতক্ষীরার সঙ্গে ঢাকার বর্তমানে একমাত্র যোগাযোগমাধ্যম সাতক্ষীরা-যশোর সড়ক। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কে ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে সাতক্ষীরার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।সাতক্ষীরা মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ২ আগস্ট থেকে টানা বৃষ্টি, কপোতাক্ষ ও বেতনা নদীর উপচে পড়া পানিতে তালা উপজেলার অধিকাংশ এলাকা, সাতক্ষীরা শহরসহ একাংশ তলিয়ে যায়। এতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বেনেরপোতা, মির্জাপুর ও আঠারমাইল এলাকার প্রায় আট কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে রয়েছে দুই মাস ধরে। একপর্যায়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে ১১ আগস্ট ঘোষণা দিয়ে ওই সড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পানি কিছুটা কমে গেলে বেহাল সড়কের ওপর দিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, পিকআপ, ইঞ্জিনচালিত ভ্যান চলাচল শুরু করে। তবে গত মঙ্গলবার থেকে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরা-খুলনা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।গতকাল সরেজমিনে দেখা গেছে, সড়কের ওপর তিন ফুটের বেশি পানি। একই সঙ্গে সড়ক ভেঙে এমন অবস্থা হয়েছে, ওই সড়ক দিয়ে হেঁটে চলাও কঠিন। ফলে চার দিন ধরে কোনো ধরনের যানবাহন চলছে না। একইভাবে তালা থেকে পাইকগাছা সড়কের আট কিলোমিটার এলাকা চার-পাঁচ ফুট পানিতে তলিয়ে থাকায় কয়রা ও পাইকগাছা উপজেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুই মাস ধরে ওই সড়কের ওপর দিয়ে চলছে নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার। সাতক্ষীরা সওজ বিভাগ সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর থেকে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে ১৫ টন ও এর চেয়ে বেশি ওজনের কিছু বহন করা যানবাহন বিশেষ করে ১০ চাকার ট্রাক ও লরি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোটরযান আইন ১৯৮৩ ধারা প্রদত্ত ক্ষমতাবলে জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুস সামাদ এ আদেশ দেন। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক অধিক বৃষ্টিতে এ সড়কের ভার বহন ক্ষমতা হ্রাস পেয়েছে। নকশা অনুযায়ী এ সড়কের ভার বহন ক্ষমতা ১৫ টন। বাস্তবে এ সড়কের ওপর দিয়ে বহন করা হচ্ছে ৩০-৫০ টন পণ্যবোঝাই ট্রাক। কাজেই দ্রুত সড়কটি নষ্ট রোধে এ অবস্থা নেওয়া হয়েছে। তালা উপজেলা প্রকৌশলী নারায়ণ চন্দ্র সরকার বলেন, উপজেলার ১০টি প্রধান সড়ক কমবেশি নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখনো অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে। যেসব সড়ক থেকে পানি নেমে গেছে, ওই সড়কে ইটের গুঁড়া ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।সাতক্ষীরা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, সাতক্ষীরা-খুলনা সড়কের দুই পাশে পানি থাকায় ও সড়কের অনেকাংশ তলিয়ে থাকায় ১১ আগস্ট থেকে ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তালা-পাইকগাছা সড়ক এখনো চার-পাঁচ ফুট পানিতে তলিয়ে রয়েছে। আবার পানি বৃদ্ধি পেয়েছে। পানি সরে না গেলে এ সড়ক সংস্কার কিংবা মেরামত করলে দ্রুত নষ্ট হয়ে যাবে। পানি নেমে গেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।