মহাসড়কগুলোতে এখন আর খানাখন্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন দাবি করেছেন, দেশের মহাসড়কগুলোর ৯০ ভাগ ক্ষত সারানো হয়েছে। এখন কোথাও খানাখন্দ নেই। ইট, সুরকি ও বালু দিয়ে মহাসড়কের গর্তগুলো ভরাট করা হয়েছে। রোদ থাকলে মহাসড়কের বাকি ক্ষতটুকু সারানো সম্ভব হবে। ঈদে কোথাও গাড়ি থেমে থাকবে না।তবে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মন্ত্রীর সামনেই মহাসড়কের বেহাল দশা তুলে ধরে এর সমালোচনা করেন। তিনি বলেন, আগে ঢাকা থেকে দেড়-দুই ঘণ্টায় কুমিল্লায় আসা যেত। এখন ছয়-সাত ঘণ্টা লাগে।যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে এখন আর কোনো ঝুঁকি নেই। দাউদকান্দির গৌরীপুর, চান্দিনার মাধাইয়া, চান্দিনা বাসস্ট্যান্ড ও কুমিল্লা সেনানিবাস এলাকায় অল্প কিছু সমস্যা রয়েছে।গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যোগাযোগসচিব মোজাম্মেল হক খান, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস, ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক জাবেদ আলম, কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান প্রমুখ।মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘চারটি বিষয় সামনে রেখে আমি কুমিল্লায় এসেছি। এগুলো হচ্ছে ঈদের সময় ঢাকা থেকে চট্টগ্রাম যেতে কোনো যানজটের সৃষ্টি হচ্ছে কি না, মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচলে বিঘ্ন ঘটার কারণ, হাইওয়ে পুলিশের কাজ ও চার লেনের কাজ দেখা। এসব কাজের প্রতি কারও অবহেলা সহ্য করা হবে না।’যোগাযোগমন্ত্রী সকাল আটটায় ঢাকা থেকে সড়কপথে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। তিনি বেলা ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের সামনে এসে গাড়ি থেকে নামেন। এরপর তিনি মহাসড়কের চার লেনের কাজের অগ্রগতি দেখেন। ওই কাজ পরিদর্শন শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দিতে চাইলে এ প্রতিবেদক যোগাযোগমন্ত্রীকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার অংশ পরিদর্শনের জন্য অনুরোধ করেন। পরে মন্ত্রী চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার খানাখন্দ দেখে আসেন। এরপর তিনি কুমিল্লা সার্কিট হাউসে আসেন। চৌদ্দগ্রামের ক্ষতবিক্ষত অংশে যাননি মন্ত্রী: যোগাযোগমন্ত্রী আবুল হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খানাখন্দ ও ক্ষতবিক্ষত অংশ পরিদর্শন করতে যাননি। মহাসড়কের ওই অংশের চৌদ্দগ্রাম বাজার ও বাতিশা এলাকায় শতাধিক গর্ত রয়েছে। তা ছাড়া ওই এলাকার প্রায় ২৫ কিলোমিটার অংশ এবড়োথেবড়ো ও উঁচুনিচু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘মন্ত্রী মিয়াবাজার এসে টিভি ক্যামেরার সামনে কথা বলে চলে গেলেন। আমাদের দুর্ভোগের কথা শুনলেন না।’ মিয়াবাজারের এক ব্যবসায়ী বলেন, ‘দু-তিন বছরে মহাসড়কের বেহাল দশার কারণে ব্যবসা লাটে উঠেছে। আমরা মহাসড়কের এপার-ওপার যেতে পারি না কাদার কারণে।’কুমিল্লা সার্কিট হাউসে মতবিনিময়: মহাসড়কের কুমিল্লা জেলার বিভিন্ন অংশ ঘুরে যোগাযোগমন্ত্রী সার্কিট হাউসে আসেন দুপুর ১২টায়। সেখানে কুমিল্লা জেলার আঞ্চলিক মহাসড়ক ও সড়কগুলোর কাজের অগ্রগতি ও ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান। সেখানে আগেই আসেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। তিনি মন্ত্রীর সামনেই বলেন, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা। ওই সড়ক দিয়ে যান চলাচলে গুরুতর সমস্যা হচ্ছে। সড়কের মধ্যে পুকুর হয়ে গেছে। সড়কের অন্তত ২৩টি সেতু অতিঝুঁকিপূর্ণ। অবিলম্বে ওই সড়কের সংস্কার করতে হবে। মতিন খসরু আরও বলেন, আগে ঢাকা থেকে দেড়-দুই ঘণ্টায় কুমিল্লায় আসা যেত। এখন ছয়-সাত ঘণ্টা লাগে।জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, শিগগিরই সব মেরামত করা হবে।ওই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজাউল আহসান, পুলিশ সুপার মোখলেছুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি আশিক অমিতাভ, ব্রাহ্মণপাড়ার উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী, বুড়িচং উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও কুমিল্লার এনডিসি মশিউর রহমান।পদত্যাগ প্রসঙ্গ: সারা দেশেই আপনার পদত্যাগের দাবি উঠেছে, আপনি কি পদত্যাগ করবেন? সার্কিট হাউসে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, ‘সততা, দক্ষতা, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করছি। আমার এ কাজে মাননীয় প্রধানমন্ত্রী যদি খুশি না থাকেন, তবে তিনি যেকোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না। ওনার হূদয় কোমল ও কঠিন। উনি যা বলেন, তা-ই হবে।’