মহাসড়কে আইন অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানিকগঞ্জ এলে তারেক ভাই সব সময়ই আমাকে সঙ্গে নেন, এবার গাড়িতে জায়গা না থাকায় আমি গেলাম না। আমি ভাবতেই পারছি না, তারেক ভাইয়ের লাশের ছবি আমাকে তুলতে হয়েছে। তাঁর মৃত্যুর রিপোর্ট আমাকেই করতে হয়েছে। শুধু ভাবছিলাম, আমি এ কোন তারেক ভাইয়ের রিপোর্ট করছি।’ এভাবেই নিজের অভিব্যক্তির বর্ণনা করছিলেন মানিকগঞ্জের এক সাংবাদিক। এভাবেই অনেক বেদনা ও ক্ষোভ নিয়ে সারা দেশ মেনে নিল তারেক মাসুদ ও মিশুক মুনীরের বিদায়। সিনেমা দেখে মানুষ অভিনেতা-অভিনেত্রীর ভক্ত হয়, কিন্তুমাটির ময়না সিনেমা দেখে পুরো বাংলাদেশ হয়েছিল একজন চলচ্চিত্রনির্মাতার ভক্ত। আমিও তাদেরই একজন। সেই চলচ্চিত্রনির্মাতা এভাবে চলে যাবেন, তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার ভাবতেই অবাক লাগে, আমি এখনো বেঁচে আছি! মানিকগঞ্জের এই মহাসড়ক (?) দিয়ে আমি গত তিন বছর যাতায়াত করেছি। এ যেন এক মৃত্যুকূপ। গত তিন বছর প্রতিদিনের মানিকগঞ্জ-যাত্রাকে ধরে নিতাম আমার শেষ যাত্রা। ভোরে উঠে যখন ফজরের নামাজ পড়তাম, তখন ভাবতাম, এটাই বুঝি জীবনের শেষ নামাজ। নবীনগর থেকে বাসে উঠে দোয়া-দরুদ পড়ে নিতাম, আর এই সুযোগ পাব না ভেবে। ৪০ মিনিট পর মানিকগঞ্জ পৌঁছে আকাশের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে মনে মনে বলতাম,‘আল্লাহ তোমার অশেষ শুকরিয়া আমাকে নতুন জীবন দেওয়ার জন্য।’ এদিকে ঘরে প্রিয়তমা স্ত্রী প্রহর গুনত, কখন আমি পৌঁছে ফোন দেব। প্রতিদিন সে দুই রাকাত নামাজ পড়ে আমার নিরাপদ মানিকগঞ্জ-যাত্রা কামনা করে। এমনি করে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা-আরিচা মহাসড়ক নামক এক মৃত্যুকূপ পাড়ি দিচ্ছে। প্রায় প্রতিদিনই দেখতাম, কোনো না কোনো বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে পড়ে আছে, পাশে পড়ে আছে সারি সারি লাশ। নিজের পরিণতি এমন হতে পারে, তা ভেবে মনে মনে প্রস্তুতি নিতাম। ঢাকা-আরিচা মহাসড়কটি সড়ক ও জনপথ ঘোষিত কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কের একটি। দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের (এআরআই) গবেষণা অনুযায়ী দেশের ২১৯টি দুর্ঘটনাপ্রবণ জায়গার বেশ কয়েকটি এই সড়কে। এই তো গত বছর আমরা দুজন সচিবকে এই সড়কে হারালাম। এক গবেষণায় বুয়েটের অধ্যাপক সামছুল হক বলেছিলেন, এই সড়কের কিছু ত্রুটি মাত্র ১০ থেকে ১২ হাজার টাকায় সমাধান করা সম্ভব। তাঁর গবেষণা হয়তো কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছায়নি। দি হাইওয়ে অ্যাক্ট-১৯২৫-এর ২ ধারায় ‘সরকারি রাস্তা’র সংজ্ঞা দেওয়া হয়েছে। এই রাস্তাগুলোকে সড়ক ও জনপথ অধিদপ্তর কিছু নীতিমালা অনুসরণ সাপেক্ষে হাইওয়ে বা মহাসড়ক ঘোষণা করতে পারে। মহাসড়ক (নিরাপত্তা, সংরক্ষণ ও চলাচল নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০০-এ বাস-ট্রাক চলাচল, ট্রাফিক আইন, পার্কিং ও মহাসড়ক ব্যবহারসংক্রান্ত যেসব বিধান আছে, এ সড়কে চলতে গিয়ে তার তেমন কোনো প্রয়োগ আমার তিন বছরের যাতায়াতের অভিজ্ঞতায় চোখে পড়েনি। এই বিধিমালার বিধি-৩-এ বলা হয়েছে, কোনো ব্যক্তি (ক) নির্ধারিত স্থান ছাড়া মহাসড়কের অন্য কোনো স্থান দিয়ে পদযাত্রা করবেন না বা এই বিধিমালার অধীনে অনুমোদিত কার্যকলাপের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মহাসড়কের কোনো স্থানে অবস্থান করবেন না, (খ) মোটরযান ছাড়া অন্য কোনো যান চালনা করবেন না বা রাখবেন না, (গ) পার্কিং স্থান ছাড়া অন্য কোনো স্থানে মোটরযান পার্কিং করবেন না, (ঘ) ট্রাক বা অনুরূপ মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে কোনো পশুপাখি বহন কিংবা সঙ্গে নিতে পারবেন না, (ঙ) একমুখী পথে মোটরযান ঘুরিয়ে বিপরীত দিকে চালাতে পারবেন না বা অনুমোদিত দিক ছাড়া অন্য কোনো দিকে মোটরযান চালাতে পারবেন না। পার্কিং, যানবাহন থামানো ও বিপরীত দিকে টার্ন নেওয়া-সংক্রান্ত কোনো নিয়ম আমাদের চালকেরা মানতে নারাজ। এক সেকেন্ডের মধ্যে কোনো সংকেত না দিয়ে তাঁরা ইউটার্ন নিয়ে ফেলেন। বিধি-৪ ও ৫-এ ট্রাফিক সাইন, নির্দেশিত গতিসীমা ও যত্রতত্র গাড়ি থামানোর বিষয়ে যেসব বিধিনিষেধ আছে, তা-ও চালকদের মানতে দেখা যায় না। এসব বিধি অমান্য করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও ছয় মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। আজ পর্যন্ত কতজন চালক এই শাস্তি পেয়েছেন, তা জানা নেই। মানিকগঞ্জের এ এমন এক মহাসড়ক, যার ওপর দিয়ে গরু, ছাগল, ভেড়া, নছিমন, করিমন, ইজিবাইক থেকে শুরু করে দ্রুতগামী বাস-ট্রাক, মোটরসাইকেল সবই চলে। চলে এর যথেচ্ছ ব্যবহার। এ সড়ককে মহাসড়ক বলা উচিত নয় বলে আমি মনে করি। কারণ, একটা মহাসড়কের মানসম্মত পরিমাপ থাকা উচিত। এ সড়কটি চওড়ায় ২৫-৩০ ফুেটর মতো। ভাবি, এ রকম গুরুত্বপূর্ণ একটি সড়ক এত সরু হয় কীভাবে? এই রাস্তায় চলাচলকারী একেকটি কোচ কমপক্ষে ১০-১২ ফুট চওড়া। চিন্তা করে দেখুন, দুটি কোচ এই রাস্তায় পাশাপাশি চলাটা কত বিপজ্জনক? এর ওপর আবার রয়েছে কিছু দূর পরপর মারাত্মক মোড়। একটি টিভি চ্যানেলের এক প্রতিবেদনে দেখলাম, ঘিওরের জোকায় যে মোড়টিতে তারেক মাসুদকে বহনকারী মাইক্রোবাস দুর্ঘটনায় পতিত হয়েছে, সেখানে যদি একটা সড়ক বিভাজক থাকত, তাহলে এই মারাত্মক ক্ষতিটা হতো না। ভাবতে লজ্জা লাগে, সামান্য একটা সড়ক বিভাজক না থাকায় আমরা তারেক মাসুদ ও মিশুক মুনীরের মতো রাষ্ট্রীয় সম্পদ হারালাম। আমাদের চালকেরাও আবার খুব ব্যস্ত। সারা দিন যা-ই করুক না কেন, গাড়ির স্টিয়ারিং ধরলেই তাঁদের ব্যস্ততা বেড়ে যায়। বাস-ট্রাকের চালকেরা যেন হয়ে যান ভিআইপি রোডের রাজা। রাস্তার ছোটখাটো যানবাহনগুলো তাঁদের কাছে মশা-মাছির মতো মনে হয়। একবার এক বাসের কর্মচারীর কাছে শুনলাম, তাঁর চালক ভোর পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত গাড়ি চালান। এভাবে চলে মাসের ২৮ দিন। বাকি দুই দিন ছুটি। মাসে ৩৮ হাজার টাকা বেতন। যেখানে উন্নত বিশ্বের একজন মহাসড়কের চালক টানা কয়েক ঘণ্টার বেশি গাড়ি চালান না এবং গাড়ি চালানোর অনুমতিও দেওয়া হয় না, সেখানে আমাদের দেশের এ রকম চালকদের অতিমানব বলা ছাড়া আর কোনো উপায় আছে? মানিকগঞ্জ মহাসড়ককে প্রকৃত অর্থে মহাসড়ক হিসেবে গড়ে তোলা হোক। এ সড়ক হতে পারে বনপাড়া-হাটিকুমরুল সড়কের মতো দুই পাশে কম গতির যানবাহনের জন্য আলাদা সড়কসম্পন্ন মহাসড়ক, হতে পারে চার লেনের সড়ক। আমরা আর দ্বিতীয় কোনো তারেক মাসুদ, মিশুক মুনীর, রাজিয়া বেগম, সিদ্দিকুর রহমানকে এই সড়কে হারাতে চাই না। ভাবতে লজ্জা লাগে, শহীদ বুদ্ধীজীবী মুনীর চৌধুরী নিজের জীবন দিয়েও তাঁর সন্তানের জন্য স্বাধীন এই বাংলাদেশকে বাসযোগ্য করে যেতে পারলেন না। বাংলাদেশের এই অনিরাপদ সড়ক কেড়ে নিল তাঁর সন্তান। প্রতিদিনই কেড়ে নিচ্ছে শত শত সন্তান।লেখক: ভূতপূর্ব সহকারী জজ, মানিকগঞ্জ ও বর্তমান সহকারী পরিচালক, জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়।