মহাসড়কে এখনো গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কারকাজ চললেও এখনো অনেক স্থানে ছোট-বড় গর্ত, খানাখন্দ রয়েছে। সংস্কার করা স্থানগুলোতে গতকাল শনিবার কিছুটা যানজট থাকলেও সার্বিকভাবে তা ছিল শুক্রবারের তুলনায় অনেক কম।ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক: মহাসড়কের বিভিন্ন অংশে সংস্কারকাজ চলায় সেই সব অংশ ছাড়া গতকাল সড়কের অন্য কোনো স্থানে যানজটের দৃশ্য চোখে পড়েনি। সংস্কার করা অংশগুলোতে পিচঢালাই চলছে। কিন্তু গর্ত ভরাটের পরও সড়কের অনেক অংশে এখনো গর্ত ও জলাবদ্ধতার চিহ্ন পাওয়া গেছে। গতকাল মহাসড়কের পোড়াবাড়ী, রাজেন্দ্রপুর, মাওনা চৌরাস্তা ও নয়নপুর এলাকায় ছোটখাটো গর্ত দেখা গেছে।ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ী থেকে এনার্জি স্পিনিং কারখানার মালামাল বহনকারী নারায়ণগঞ্জগামী লরিচালক মো. আলম বলেন, দুই দিন বৃষ্টি কম হওয়ায় গর্তগুলো চোখে দেখা যায়। তাই চলাচলে ঝুঁকি কিছুটা কম।ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইমাম ট্রেইলওয়েজ পরিবহনের চালক মো. ফারুক হোসেন বলেন, এই সড়কের জয়দেবপুর ও মাওনা চৌরাস্তা অংশে পিচঢালাইসহ মোটামুটি ভালো কাজ হয়েছে। কিন্তু অন্যান্য অংশে শুধু গর্ত ভরাট করে আর কোনো কাজ করা হচ্ছে না। গর্তের ওপর দিয়ে যানবাহন চালাতে হচ্ছে।ত্রিশাল থেকে ঢাকায় যাচ্ছিলেন ইসলাম উদ্দিন। তিনি বলেন, রাস্তা খারাপ, কিন্তু বৃষ্টি না থাকায় যানজট নেই। শুধু সংস্কারকাজের অংশে আধা ঘণ্টা জটে আটকে থাকতে হয়।শম্ভুগঞ্জ বাসস্ট্যান্ডে শ্যামলী বাংলা পরিবহনের চালক খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সড়কের বিভিন্ন স্থানে পুলিশ থাকায় যানজট অন্য দিনের মতো জটিল হয়নি।’মহাসড়কের বিভিন্ন স্থানে থাকা গর্তের ব্যাপারে জানতে চাইলে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল আলম বলেন, সড়কের মাওনা চৌরাস্তা ও জয়দেবপুর চৌরাস্তা এলাকার সড়ক বিভাজকের দুই পাশে পিচঢালাই করে সংস্কার করা হচ্ছে। আপাতত এই কাজ শেষ করে সড়কের অন্যান্য অংশে অনুরূপ কাজ করা হবে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদর, বড় দারোগার হাট, হাদি ফকিরহাট, নয়দুয়ারু ও নিজামপুর কলেজ এলাকায় গতকাল বিকেলে ঘুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত দেখা গেছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কোম্পানি গতকালও ওই সব এলাকায় বিভিন্ন গর্ত সারাইয়ের কাজ করছিল। তারা ইট ও বালু দিয়ে গর্ত ভরাট করছে।গতকাল বিকেল ছয়টার দিকে হাদি ফকিরহাটে গর্তের ছবি তুলতে গেলে ট্রাকচালক আবদুর রহমান বলেন, ‘গর্তের ছবি তুলে কী হবে, আমরা তো এ রকম অনেক গর্ত পার হয়ে চট্টগ্রাম থেকে এসেছি। এ রকম গর্ত থাকলে কখন কুমিল্লা পৌঁছাব কে জানে।’সিএনজি অটোরিকশাচালক রবিউল হোসেন বলেন, ‘প্রতিদিন সংস্কারকাজ হচ্ছে। কিন্তু ট্রাকের চাকার আঘাতে কিছুক্ষণ পর আবার ইট সরে যাচ্ছে।’ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক: মহাসড়কটিতে গতকাল তেমন কোনো যানজট না থাকায় ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে। গতকাল বেলা তিনটার দিকে টাঙ্গাইলে কর্মরত জীবন বীমা করপোরেশনের কর্মকর্তা হাবিবুল্লাহ কামাল বলেন, তিনি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মহাখালী টার্মিনাল থেকে রওনা হয়ে আড়াই ঘণ্টায় টাঙ্গাইল পৌঁছাতে পেরেছেন। কোথাও যানজটে পড়তে হয়নি।ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: গাজীপুরের সদর উপজেলার কোনাবাড়ী ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রা (ত্রিমোড়) এলাকায় ওই মহাসড়কে গতকাল যানজট ছিল খুব কম। তবে গতকাল ওই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ে। মহাসড়কের ভোগড়া, গাজীপুরা, চৌরাস্তা বাইপাস, কোনাবাড়ী, মৌচাক, কালিয়াকৈর বাইপাস সড়কের বিভিন্ন অংশে গতকাল পর্যন্ত খানাখন্দগুলো মেরামত করা হয়নি। কিছুদিন টানা বৃষ্টির মধ্যে দায়সারাভাবে ইট ফেলা হলেও সেগুলো সরে গিয়ে রাস্তায় প্রচুর গর্তের সৃষ্টি হয়েছে।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় মির্জাপুরগামী একটি কাভার্ড ভ্যান গর্তে পড়ে বিকল হয়। পরে ওই গাড়িকে চাকা পরিবর্তন করে এলাকা ছাড়তে হয়।অপর দিকে কোনাবাড়ী এলাকায় গত শুক্রবার থেকে সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট ও সড়কের পাশে থাকা কাদামাটি না সরিয়ে এর ওপর দিয়েই ইট ও বালু ফেলছে। বিষয়টি নিয়ে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রবিউল হাসান প্রতিবাদ করলে তাঁর সঙ্গে বাগিবতণ্ডার সৃষ্টি হয় বলে তিনি জানান।কোনাবাড়ী এলাকায় কথা হয় প্রভাতি বনশ্রী পরিবহনের বাসচালক সাইফুল ইসলাম ও জাকির হোসেনের সঙ্গে। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে কোনাবাড়ী এলাকার ৩০০ মিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগত প্রায় ৩০-৩৫ মিনিট। কিন্তু দুই দিন ধরে ওই এলাকায় কোনো যানজট নেই।গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, চন্দ্রা থেকে গোড়াই পর্যন্ত সড়কের অনেক স্থানে এখনো অনেক খানাখন্দ রয়েছে। আবার যেসব স্থানে মেরামত করা হয়েছে, সেগুলো উঠে যাচ্ছে। বিশেষ করে চন্দ্রা ত্রিমোড়ের গোল চত্বরের ইটের খোয়াগুলো উঠে আগের অবস্থায় ফিরে গেছে।কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন বলেন, বর্তমানে সড়কে গাড়ির চাপ রয়েছে, তবে কোনো যানজট নেই। সোমবার ও মঙ্গলবার কিছু যানজটের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কামনাশীষ শেখর, টাঙ্গাইল; মো. কামরুজ্জামান, ময়মনসিংহ; মাসুদ রানা, কালিয়াকৈর (গাজীপুর); আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর (গাজীপুর) ও শারফুদ্দীন কাশ্মীর, মিরসরাই (চট্টগ্রাম)]