মহাসড়কে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি
ঢাকা-খুলনা মহাসড়কে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গতকাল রোববার রাতে গোপালগঞ্জে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. পান্না সিকদার (৩০) নামে একজন এবং ডাকাতির কাজে ব্যবহার করা জাতীয় সংসদের মনোগ্রাম-সংবলিত একটি মাইক্রোবাস আটক করেছে। ঘটনা সম্পর্কে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় মাইক্রোবাস নিয়ে কয়েকজন সশস্ত্র ডাকাত অবস্থান নেন। ওই মাইক্রোবাসে জাতীয় সংসদের মনোগ্রাম লাগানো ছিল। বিশ্ব ইজতেমা থেকে খুলনা ফেরার পথে তারা একটি ট্যাক্সিকে পুলিশের সিগনাল লাইট দেখিয়ে থামার নির্দেশ দেন। নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি করতে চায়। একপর্যায় ওই দলের চারজন ট্যাক্সিতে উঠে পড়ে ও নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বাকিরা ওই মাইক্রোবাসে করে ট্যাক্সির পিছু নেয়। ওসি জানান, এ সময় ডাকাতেরা গাড়িটি চালিয়ে গোপালগঞ্জ শহরের দিকে আসছিল। পথে তাঁরা অস্ত্রের মুখে যাত্রীদের তিনটি মোবাইল ফোন ও নগদ প্রায় ১৭ হাজার টাকা লুটে নেয়। ওসি আরও বলেন, গোপালগঞ্জের ফুকরা বাসস্ট্যান্ডে পুলিশের টহলগাড়ি দেখে যাত্রীরা চিত্কার শুরু করে। এ সময় পুলিশের টহল গাড়িটি তাদের পিছু নেয়। গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সাতপাড় বাসস্ট্যান্ডের কাছে অবরোধ দিয়ে গাড়ি দুটি আটক করে। এ সময় একজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়।ট্যাক্সিতে থাকা খুলনার ব্যবসায়ী সৈয়দ বোরহান উদ্দিন বলেন, পুলিশের সিগনাল লাইট, ওয়াকিটকি ও অস্ত্র দেখে প্রথমে তাঁরা পুলিশ মনে করে গাড়ি তল্লাশি করতে দেন। ওসি বোরহান উদ্দিন জানান, মো. পান্না সিকদারের বাড়ি মাদারীপুরের কালকিনী থানার এনায়েতপুর গ্রামে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।