মহাসড়কে ছয় শতাধিক লক্কড়-ঝক্কড় বাস
‘এই কন্ট্রাকটর ভাড়া ফেরত দেও। তোমার ভাঙ্গা গাড়িতে আর যাওয়া সম্ভব না। ভাড়া দিয়ে পানিতে ভিজব নাকি?’ বাসের ভেতরে বসে বৃষ্টিতে ভেজা এক যাত্রীর কথা।সড়ক-মহাসড়কে চলাচলকারী বাসসহ যাত্রীবাহী অন্যান্য যানবাহনের অবস্থা দেখতে এ প্রতিবেদক আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে ঢাকার ধামরাইগামী একটি বাসে ওঠেন। ঢাকা মেট্রো-জ-১৯৪৯ নম্বরের ওই বাসটি নবীনগর-কালিয়াকৈর সড়কের ডেন্ডাবর এলাকায় পৌঁছালে মুষলধারে বৃষ্টি নামে। এ সময় ছাদ চুইয়ে বাসের ভেতরে পড়তে থাকে পানি। ফোঁটা ফোঁটা পানিতে ভিজতে থাকেন যাত্রীরা।সৈয়দ আহাম্মেদ নামের এক যাত্রী হঠাৎ খেপে গিয়ে তাঁর ভাড়া ফেরত চান। বাসের চালক ও সহকারীকে গালিগালাজ করতে থাকেন অন্য যাত্রীরা। এত উত্তেজনা আর গালিগালাজের মধ্যেও বাসটির চালক ও সহকারীরা ধৈর্যের সঙ্গে যাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। এর মধ্যে বাসটি পৌঁছে যায় নবীনগর বাসস্ট্যান্ডে। এই চিত্র গত ১৭ আগষ্ট বুধবার রাত সাড়ে আটটার।বাসটির চালক মো. রানা জানান, প্রায় ৩০ বছর আগে কেনা এই বাসটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় ফুটো হয়ে গেছে ছাদ। জরাজীর্ণ বাস: প্রথম আলোর অনুসন্ধান এবং পরিবহনের মালিক, শ্রমিক ও পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ঢাকা-আরিচা, নবীনগর-কালিয়াকৈর ও আব্দুল্লাপুর-বাইপাইল সড়কে ছয় শতাধিক জরাজীর্ণ বাস চলাচল করে। এসব বাসের সড়ক-মহাসড়কে চলাচলের উপযোগিতা নেই, নেই চালকদের দক্ষতা। প্রয়োজনীয় কোনো কাগজপত্রও নেই যানবাহনগুলোর। পুলিশ ও পরিবহন শ্রমিক নেতাদের চাঁদা দিয়ে চলছে লক্কড়-ঝক্কড় বাসগুলো। চাঁদাবাজির অভিযোগে সাভার ট্রাফিকের দুই সার্জেন্টকে গত ১৭ ও ১৮ আগষ্ট প্রত্যাহার করা হয়েছে।সরেজমিনে দেখা যায়, এসব বাসের কোনোটার পাশের গ্লাস নেই, আবার কোনোটার পেছনের অথবা সামনের উইনডো গ্লাস ভাঙা। খসে পড়ছে অবকাঠামোর বিভিন্ন অংশ। কাত হয়ে পড়ে আছে অনেক বাসের আসন। যাত্রীদের বসার উপযোগী করতে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে আসনগুলো। ১৭ আগষ্ট দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর বাসস্ট্যান্ড থেকে ডেন্ডাবর, বাইপাইল ও ডিইপিজেড এলাকার যাত্রী তোলা হচ্ছিল ঢাকা-চ-১৯৯৯ নম্বর বাসে। ‘মুড়ির টিন’ হিসেবে পরিচিত ওই বাসের ভেতরে ঢুকে দেখা গেল গাদাগাদি করে বসানো জরাজীর্ণ আসন। অধিকাংশ আসনের পাশে জানালা নেই।সড়ক-মহাসড়কে চলাচলের উপযোগী সনদসহ (ফিটনেস সার্টিফিকেট) প্রয়োজনীয় কাগজপত্র আছে কি না, জানতে চাইলে বাসের চালক ইদ্রিস আলী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এটি চলছে। এখন আর কাগজপত্র দিয়ে কী হবে। একপর্যায়ে তাঁর পেছনের আসনে বসা সাভার ট্রাফিকের এক কনস্টেবলকে দেখিয়ে বলেন, ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তাই অসুবিধা হয় না। কিসের সম্পর্ক ভাই? ‘এটা তো সবারই জানা, কিছু পেতে হলে কিছু দিতে হয়।’ তাঁর সরল স্বীকারোক্তি। এ ব্যাপারে সৈয়দ আলী নামের ওই কনস্টেবল জিজ্ঞাসা করলে কিছুক্ষণ নীরব থেকে ‘সম্পর্ক আবার কিসের’ বলে দ্রুত বাস থেকে নেমে পড়েন। এর পরই বাসটি কালো ধোঁয়া উড়িয়ে বিকট শব্দে কালিয়াকৈরের দিকে চলে যায়।ওইদিন বেলা দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে মানিকগঞ্জগামী ঢাকা মেট্রো-জ-০৪-০৪৪৪ নম্বরের পল্লীসেবা পরিবহনের বিকল হয়ে পড়া বাসটিকে পেছন থেকে ধাক্কা দেওয়া হচ্ছিল। আর চালকের আসনে বসে সহকারী রাজু আহাম্মেদ স্টিয়ারিং ধরে বাসটি চালু করার চেষ্টা করছিলেন। এ সময় ওই বাসের পেছনে আটকা পড়ে অর্ধশতাধিক যানবাহন। ১০ বছর ধরে ঢাকা-আরিচা ও নবীনগর-কালিয়াকৈর সড়কে বাস চালান গোলাম রব্বানি। অথচ তাঁর বৈধ লাইসেন্স নেই। একটি ভুয়া লাইসেন্স কাছে রাখেন। মাস খানেক আগে বেশি বেতনে জরাজীর্ণ একটি বাসে চাকরি হয়েছে তাঁর। ওই বাসটির পেছনের অংশে কোনো গ্লাস নেই। চলার সময় কেঁপে কেঁপে ওঠে।রব্বানী বলেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স করতে আট থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়। মাস দুয়েক আগে এক শ্রমিকনেতার মাধ্যমে ৬০০ টাকায় ভুয়া লাইসেন্সটি জোগাড় করেছেন তিনি।বিপজ্জনক লেগুনা: মালিক, চালক ও পুলিশের দেওয়া তথ্যানুযায়ী ঢাকা-আরিচা, নবীনগর-ধামরাই, নবীনগর-কালিয়াকৈর ও আব্দুল্লাপুর-বাইপাইল-নবীনগরসহ মানিকগঞ্জ শহর থেকে জেলার অভ্যন্তরীণ সড়কে এক হাজারেরও বেশি ম্যাক্সি ও লেগুনা (হিউম্যান হলার) চলাচল করে। এসব যানবাহনের ৯৫ ভাগই ছিল একসময় মাইক্রোবাস। চলাচলের অনুপযোগী মাইক্রোবাস কেটে রূপান্তর করা হয়েছে ম্যাক্সি ও লেগুনায়।ভাঙাচোরা ও লক্কড়-ঝক্কড় বিপজ্জনক এসব যানবাহনের ভাড়ায় যাত্রী পরিবহনের বৈধ কোনো কাগজপত্র নেই। চালকদের অধিকাংশই বয়সে তরুণ। চালকের উভয় পাশের দরজা বেঁধে রাখা হয় রশি দিয়ে। সাভারের নবীনগর থেকে ধামরাইয়ের মধ্যে চলাচল করে ঢাকা মেট্রো-ছ-১১-০৯৯৮ নম্বরের লেগুনাটি। জরাজীর্ণ এই গাড়িটির ব্রেক ও গিয়ার কোনো কিছুই সঠিক নেই বলে জানান এর চালক আলমগীর হোসেন। নবীনগর থেকে ঢাকার আব্দুল্লাপুরের মধ্যে চলাচলকারী অপর একটি লেগুনার সামনে ও পেছনে কোনো নম্বর প্লেট নেই। চালকের উভয় পাশে নেই কোনো গেট। যাত্রীদের আসনের উভয় পাশের জানালাও ভাঙা। মানিকগঞ্জ ও সাভার ট্রাফিক পুলিশের কয়েকজন সার্জেন্ট জানান, ত্রুটিমুক্ত কোনো মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতেও অনুমতি ছাড়া ভাড়ায় যাত্রী বহন করা যানবাহন আইনে অপরাধ। আর গাড়ির আকার ও রং পরিবর্তনের কোনো বিধানই নেই। এর পরও মাইক্রোবাস থেকে রূপান্তরিত করা লেগুনা ও ম্যাক্সি অহরহ চলছে এসব পথে, যার সবই ত্রুটিযুক্ত। পুলিশ কর্মকর্তারা যা বললেন: সাভার ট্রাফিকের পরিদর্শক ফারুক হোসেন বলেন, দুর্ঘটনা ও যানজটের জন্য জরাজীর্ণ যানবাহন এবং অদক্ষ চালকেরা অনেকাংশে দায়ী। কিন্তু দুর্বল আইনের কারণে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। প্রচলিত আইন অনুযায়ী ত্রুটিযুক্ত ও কাগজপত্র বিহীন এসব যানবাহনকে ৭২ ঘণ্টার বেশি আটক রাখতে পারে না পুলিশ। তাই ছাড়া পাওয়ার পর আবার তা রাস্তায় নেমে আসে। তিনি বলেন, খুব শিগগির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গাড়ির ফিটনেস সনদ আর ট্যাক্স টোকেন আছে কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব ট্রাফিক পুলিশের। এসব খতিয়ে দেখতে তাদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা রোধে ত্রুটিযুক্ত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।