মহাসড়কে ডাকাতিতে সক্রিয় পাঁচ চক্র, মামলা ও গ্রেপ্তার কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওপেক্স গ্রুপের আমদানি করা ৯৩ লাখ টাকার কাপড়বোঝাই একটি কাভার্ড ভ্যান ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়েছিল। এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির মামলা হয়।গত বছরের ১১ অক্টোবরের এ ঘটনায় পরে ১০ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। কিন্তু বেশির ভাগ কাপড় ও কাভার্ড ভ্যান উদ্ধার হয়নি। দেশের বিভিন্ন মহাসড়কেই পণ্যভর্তি যানবাহন ছিনতাই ও ডাকাতি হচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী, পাঁচটি চক্র এসব ছিনতাই-ডাকাতিতে জড়িত। মূলত রপ্তানিমুখী তৈরি পোশাক, কাপড়, সুতা, খাদ্যপণ্য, ভোজ্যতেল, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যবোঝাই যান এসব চক্রের লক্ষ্য। লুণ্ঠিত পণ্যসহ যান কেনার জন্য অগ্রিম টাকা দিয়ে রাখেন একশ্রেণীর ব্যবসায়ী।ডাকাতি-ছিনতাইয়ের এসব ঘটনায় অনেক ক্ষেত্রে মামলা হয় চুরি বা আত্মসাতের অভিযোগে। অনেক ঘটনায় হয় সাধারণ ডায়েরি (জিডি)। ফলে একদিকে যেমন ঘটনার সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না, অন্যদিকে অপরাধীরা গ্রেপ্তার হলেও কিছুদিনের মধ্যে জামিনে বেরিয়ে এসে ফিরে যায় পুরোনো পেশায়। এমন তথ্য দিয়েছেন ডিবি পুলিশের কর্মকর্তারাই।ডিবি ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত বছর মহাসড়কে পণ্যসহ যান ডাকাতির ঘটনায় মামলা হয়েছে ২৭টি। এ সময়ে লুণ্ঠিত ১০টি যান উদ্ধার ও অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের তথ্য অনুযায়ী, এই অপরাধে জড়িত চারটি চক্রের সদস্য অন্তত ১০০ জন।হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন, মাঝেমধ্যে পণ্যবাহী যান ডাকাতি-ছিনতাই হয়। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত পণ্য উদ্ধারও হচ্ছে। ডাকাতি-ছিনতাই রোধে সাধ্যমতো চেষ্টাও চলছে। তবে জনবল সংকট ও পর্যাপ্ত যানবাহনের অভাবে দীর্ঘ মহাসড়কে যথাযথ টহলের ব্যবস্থা করা যাচ্ছে না।কয়েকটি ঘটনা: গত বছরের ১১ আগস্ট চট্টগ্রাম থেকে গাজীপুরের কোনাবাড়ী যাওয়ার পথে রাজধানীর সূত্রাপুরে একটি বস্ত্রকলের ৫০ লাখ টাকার সুতাভর্তি কাভার্ড ভ্যান ডাকাতদের কবলে পড়ে। ডাকাতেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজীতে নিয়ে চালক ও চালকের সহকারীকে মারধর করে ফেলে দেয় এবং ভ্যানটি নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয় সূত্রাপুর থানায়। এ মামলায় ডিবি এক মাস পর আবু জাফরসহ (২৫) ১০ জনকে গ্রেপ্তার করে। ডিবি জানায়, তাঁরা জিজ্ঞাসাবাদে সুতাভর্তি কাভার্ড ভ্যানের পাশাপাশি ওপেক্স গ্রুপের কাপড়বোঝাই ভ্যান ডাকাতির কথাও স্বীকার করেন।১৬ অক্টোবর রাতে চালককে অচেতন করে বেক্সিমকো গ্রুপের ৪০ লাখ টাকার প্রায় আট হাজার শার্টসহ কাভার্ড ভ্যান রাজধানীর আজমপুর থেকে নিয়ে যায় ডাকাতেরা। ১৮ মার্চ ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কের গোপালপুরে ডাকাতেরা চালককে হাত বেঁধে ধানখেতে ফেলে পাঁচ ড্রাম ডিজেলসহ একটি পিকআপ ডাকাতি করে। হাইওয়ে পুলিশ এর সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে। ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর থেকে ধামরাই যাওয়ার পথে ৮৫ বস্তা চিনিভর্তি ট্রাক ডাকাতি করে কেরানীগঞ্জে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ চিনিসহ ট্রাক উদ্ধার হয়। একই মাসে কাভার্ড ভ্যানভর্তি থানকাপড় ও শিশুদের শার্ট ধামরাইয়ে যাওয়ার পথে হেমায়েতপুরে ডাকাতি হয়। এভাবে মাঝেমধ্যেই মহাসড়কে ডাকাতি হচ্ছে। কিন্তু সে তুলনায় পণ্য উদ্ধার বা গ্রেপ্তারের সংখ্যা কম।সক্রিয় পাঁচ চক্র: হাইওয়ে পুলিশ ও ডিবি সূত্র জানায়, বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, সড়ক ও মহাসড়কে পাঁচটি চক্র পণ্যবাহী যান ডাকাতিতে জড়িত। এদের মধ্যে নারায়ণগঞ্জের পাগলা, চিটাগাং রোড, ঢাকার সায়েদাবাদ, ডেমরা, কেরানীগঞ্জ, ঢাকা-গাজীপুর, সিরাজগঞ্জ ও বগুড়ার মহাসড়কে গাজী বাদশার নেতৃত্বে ২০ জন সক্রিয় রয়েছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শাহজাহান ও সুলতানের নেতৃত্বে আছে ১০ জন। অন্যান্য মহাসড়কে বিল্লালের নেতৃত্বে তাঁর অন্তত ১৫ জন সহযোগী তৎপর রয়েছে। চিটাগাং রোড, নারায়ণগঞ্জ, সায়েদাবাদ ও সাভারে হুমায়ুন কবিরের নেতৃত্বে ২৭ জনের একটি চক্র রয়েছে। কুমিল্লা থেকে বিভিন্ন মহাসড়কে ইসমাইলের নেতৃত্বে রয়েছে আরেকটি চক্রের ৩০ জন।লুণ্ঠিত পণ্যের ক্রেতা: ডিবি সূত্র জানায়, সূত্রাপুর থানার মামলায় গ্রেপ্তার হওয়া জাফর রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ডাকাত সর্দার হুমায়ুন, ধামরাইয়ের লুৎফরদের সঙ্গে মিলে একাধিক পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান ডাকাতি করেছেন। ডাকাতি পণ্য কেনার অভিযোগে একটি পোশাক কারখানার কর্মকর্তা সেলিম রেজাকেও গ্রেপ্তার করেছিল ডিবি। তিনি লুণ্ঠিত পণ্য ডাকাতদের কাছ থেকে কিনে বিভিন্ন পোশাক কারখানার মালিকদের কাছে বিক্রি করতেন।এসব ডাকাতির মামলা তদন্তের সঙ্গে সম্পৃক্ত ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানসহ হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, তদন্তে জানা গেছে, লুণ্ঠিত তৈরি পোশাক, থান কাপড়, সুতা, তেল, চিনি, ডাল, ভোজ্যতেল, রড কেনার জন্য সাভারের বেশ কয়েকজন প্রভাবশালী অগ্রিম টাকা দিয়ে রাখেন। তাঁরা এসব পণ্য কিনে কাভার্ড ভ্যানসহ ইটের ভাটা, চালের কলে লুকিয়ে রাখেন। পরে এসব পণ্য দালালের মাধ্যমে পুরান ঢাকার ইসলামপুরের কয়েকজন কাপড় ব্যবসায়ী, ফতুল্লার ট্রাক ও চালকলের মালিক, উত্তরা ও গুলশানের কিছু বায়িং হাউসের পদস্থ কর্মকর্তা, জুরাইন ও পোস্তগোলার ভাঙারি দোকানির কাছে বিক্রি করেন। আমদানি করা কাপড় চট্টগ্রাম বন্দর থেকে আনার পথে এবং রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দরে পাঠানোর পথে তৈরি পোশাক ডাকাতি হলে বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যবসায়িক ভাবমূর্তির সংকটে পড়েন তৈরি পোশাক রপ্তানিকারকেরা।তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এসব ঘটনায় ডাকাতির মামলা কম হওয়ায় পুলিশও চাপমুক্ত থাকে। ফলে অপরাধীরা ধরাও পড়ে কম।ডিবির কর্মকর্তা মশিউর রহমান বলেন, অধিকাংশ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। কিন্তু ডাকাতির মামলা না করে অপেক্ষাকৃত দুর্বল ধারা চুরি ও আত্মসাতের মামলা করা হয়। এতে তারা জামিনে বেরিয়ে এসে আবার পুরোনো পেশায় ফিরে যায়। ফলে ডাকাতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।