মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বলদা খাল এলাকা থেকে জিংলাতলী পর্যন্ত ১৩ কিলোমিটার এবং চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে কুটুম্বপুর পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় গতকাল বুধবার তীব্র যানজটের সৃষ্টি হয়।একই দিন এই মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরায় যাত্রীবাহী বাস উল্টে ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।এদিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মেরামতকাজের কারণে অনেক ক্ষেত্রেই যানজট লেগে যাচ্ছে। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংস্কারকাজের পর বৃষ্টির কারণে আবারও গর্তের সৃষ্টি হয়েছে। এতে এসব মহাসড়কে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় বৃষ্টির কারণে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে ওই মহাসড়কের বলদা খাল থেকে জিংলাতলী পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় গতকাল ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে বেলা আড়াইটার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া থেকে কুটুম্বপুর পর্যন্ত ছয় কিলোমিটার সড়কে গতকাল ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশের সহায়তায় সকাল ১০টার পর চান্দিনা অংশের যানজট কমে আসে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (্এসআই) মামুনুর রশিদ বলেন, মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর অংশে কার্পেটিং উঠে গিয়ে যানবাহনের গতি কমে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত ৪৫ কিলোমিটারের ১ নম্বর প্রকল্পের ব্যবস্থাপক এ কে সামছুদ্দিন আহমেদ বলেন, ঈদের ঘরমুখো যানবাহনের চাপ ও বৃষ্টির কারণে ঈদের আগে কার্পেটিংয়ের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।এদিকে গজারিয়া উপজেলার আনারপুরায় চাঁদপুরের হাজীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস গতকাল ভোরে মহাসড়কের ওপর উল্টে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ওই স্থানে আসলে পেছন থেকে একটি বাস হাজীগঞ্জগামী বাসটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে বাসের ১৭ জন যাত্রী আহত হন। আহত আবদুল মালেক, হোসেন মোল্লা ও লু ৎ ফর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকি ৎ সা দেওয়া হয়। এতে মহাসড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন খান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে রেকার দিয়ে ওই বাসটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক: খানাখন্দে ভরা ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মেরামতকাজের জন্য অনেক ক্ষেত্রেই যানজট লেগে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।গতকাল দুপুরে মহাসড়কের এলেঙ্গা থেকে বায়ৈখোলা পর্যন্ত ৩০ কিলোমিটার সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর খানাখন্দে ভরাটকাজ করছে। তাই ওই জায়গাগুলোতে ওয়ানওয়ে (এক দিক দিয়ে) যানবাহন চলতে গিয়ে জট লেগে যাচ্ছে। এতে ঢাকা থেকে টাঙ্গাইলে পৌঁছাতে সময় লাগছে অনেক বেশি।উত্তরবঙ্গগামী একটি বাসের চালক আজিবর মিয়া বলেন, সাধারণ অবস্থায় যেখানে ঢাকা থেকে আড়াই ঘণ্টায় এলেঙ্গা পর্যন্ত পৌঁছানো যেত, সেখানে গতকাল সময় লেগেছে ছয় ঘণ্টা।টাঙ্গাইল সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, এই সড়কের টাঙ্গাইল অংশের গোড়াই থেকে এলেঙ্গা পর্যন্ত ৪৮ কিলোমিটার সড়কে মেরামতকাজের ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। বৃষ্টি না হলে আজ বৃহস্পতিবারের মধ্যে শতভাগ কাজ শেষ হবে।টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, এই মহাসড়কের টাঙ্গাইল অংশে ৬১ কিলোমিটারকে ১২টি ভাগে ভাগ করে পুলিশ যানজট নিরসনে কাজ করবে। প্রতি ভাগের দায়িত্বে থাকবেন একজন পরিদর্শক। এ ছাড়া প্রতি তিন কিলোমিটার সড়কের জন্য একজন উপপরিদর্শকের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে পুলিশ থাকবে। আজ থেকে এই সড়কে ৪৩১ জন পুলিশ সদস্য যানজট নিরসনে মাঠে নামবেন।ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যেসব জায়গায় সংস্কারকাজ করা হয়েছে, বৃষ্টির পানিতে সেসব জায়গার অনেকাংশে আবারও গর্তের সৃষ্টি হয়েছে। খুব ধীরগতিতে ওই সব অংশে গাড়ি চলাচল করায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের চালক মো. ফয়সল বলেন, গাজীপুরের পুরো অংশেই ছোট-বড় গর্ত রয়েছে। বৃষ্টির পানিতে গর্ত ভরাট থাকে। এতে গর্তে গাড়ির চাকা পড়ে আটকে যাওয়ার ঝুঁকি থাকে। তিনি অভিযোগ করেন, যে গতিতে সংস্কারকাজ হচ্ছে, তা ঈদের আগে কোনো অবস্থাতেই শেষ হবে না।গাজীপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, সড়ক চালু রাখার জন্য সংস্কারকাজ চলছে। পুরো রাস্তায় এ মুহূর্তে পূর্ণাঙ্গ কাজ করা সম্ভব নয়।(প্রতিবেদনটি তৈরিতে টাঙ্গাইল অফিস, শ্রীপুর (গাজীপুর), গজারিয়া (মুন্সিগঞ্জ), দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি তথ্য সংগ্রহে সহায়তা করেছেন)