বরিশালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশ সফল করতে মহাসড়কে তোরণ নির্মাণ করেছে বিএনপি। এমনই একটি তোরণের সঙ্গে ধাক্কা লেগে আজ শনিবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস খাদে পড়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩৬ জন। আহত যাত্রীদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও র্যাবের সদস্যরা এসে উদ্ধারকাজে অংশ নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সিফাত পরিবহনের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যায় যাত্রীবাহী বাসটি বরিশাল নগর থেকে সাত কিলোমিটার দূরে খয়রাবাদ সেতু এলাকায় নির্মিত সমাবেশের তোরণে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পটুয়াখালী জেলার উত্তর বদরপুর এলাকার একই পরিবারের তিন সদস্য নিহত হয়।প্রত্যক্ষদর্শী খয়রাবাদ এলাকার মো. এনামুল হক অভিযোগ করে বলেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের সোমবারের সমাবেশ উপলক্ষে মহাসড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। ওই তোরণের একটি অংশ সড়কের মাঝবরাবর করা হয়। বরিশাল বিভাগীয় অগ্নিনির্বাপন দলের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ফারুক হোসেন প্রথম আলো ডটকমকে জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল নিয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত যাত্রীদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত যাত্রীদের মরদেহ হাসপাতালে রয়েছে। গুরুতর আহতসহ ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন নারী ও একজন শিশু রয়েছে।