মহাসড়কে নসিমন করিমন ভটভটির দৌরাত্ম
চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে বর্তমানে অবৈধ নসিমন, করিমন, ভটভটির দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এতে স্বাভাবিক যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এমনিতে ট্রাক চলাচল বেশি হয়। তার ওপর অস্বাভাবিক হারে বেড়ে চলেছে অবৈধ যানবাহনের সংখ্যা। প্রায়ই ঘটে চলেছে দুর্ঘটনা। বিশেষ করে রানীহাটি, ছত্রাজিতপুর, কানসাটে। হাটবারে মহাসড়কে যানজট লেগে থাকে। কোনো ট্রাফিক পুলিশের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।মিনিবাস-চালক গোলাম মোস্তফা জানান, এসব অবৈধ যানবাহনের অবাধ বিচরণে বাসের যাত্রী কমে গেছে। এতে বৈধ বাস মালিকদের লোকসান গুনতে হচ্ছে।মিশুক-চালক বাসেত আলী বলেন, ‘ভটভটিতে ভাড়া কম। তাই যাত্রীরা মিশুকে উঠতে চাচ্ছে না। হের লেইগা বেকার হয়া গেছি প্রায়।’ এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. কেরামত আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এসব বাহন অন্যান্য সড়কে চলতে পারবে। মহাসড়কে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন সক্রিয় না হওয়ার কারণে উদ্যোগ কাজে আসছে না।