মহাসড়কে বিপর্যয়, চরম দুর্ভোগ
ঢাকামুখী অতিরিক্ত যাত্রী, যানবাহনের চাপ ও অব্যবস্থাপনার কারণে গতকাল শুক্রবার দেশের তিনটি মহাসড়কে যানবাহন চলাচলব্যবস্থায় বিপর্যয়ের সৃষ্টি হয়। চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু সেতু থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ। দৌলতদিয়া ও কাওড়াকান্দি ফেরিঘাটেও দীর্ঘ যানজট ছিল। গত বৃহস্পতিবারও ঢাকা-উত্তরবঙ্গ সড়কে যানজট হয়েছিল।ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা মানুষের দুর্ভোগ ছিল অবর্ণনীয়। বিশেষ করে নারী ও শিশুদের। খাবার ও পানির সংকটে অনেকে অসুস্থ হয়ে পড়ে। বাসের সময়সূচিতেও বিপর্যয় হয়। উত্তরবঙ্গের বিভিন্ন বাস কাউন্টারে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। কেউ কেউ দীর্ঘ সময় জটে বা বাস কাউন্টারে অপেক্ষা করে বাড়ি ফিরে গেছেন। মাঝপথে জটে আটকে পড়া কেউবা পরিবার নিয়ে আত্মীয়ের বাড়ি ও হোটেলে ওঠেন।ঈদের পর টানা দুই দিন হরতাল এবং জাতীয় শোক দিবসের সরকারি ছুটি শেষে কর্মস্থল ঢাকা অভিমুখে যাত্রা করে লাখো মানুষ। ফলে মহাসড়কে যানসংখ্যা বেড়েছে। শুরু হয়েছে পণ্যবাহী ট্রাক চলাচলও। এর মধ্যে গত বৃহস্পতিবার রাত দেড়টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উড়াল সড়কে একটি বাস বিকল হয়ে গেলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মির্জাপুরের ধেরুয়ায় দ্বিতল বাস ও কালিয়াকৈরে ট্রাক বিকল হয়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে বিকল হয় আরেকটি ট্রাক। যান বিকল হওয়া এবং এসব যান সরাতে দীর্ঘ সময় লেগে যাওয়া যানজট সৃষ্টির কারণ বলে বাসচালক, যাত্রী ও পুলিশ জানিয়েছে।যন্ত্রণার নাম ‘লক্কড়-ঝক্কড়’ গাড়ি: টাঙ্গাইল বাইপাস মোড়ে বিকেল চারটায় কথা হয় রংপুরের আফজাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, বৃহস্পতিবার রাত আটটায় তিনি রংপুর থেকে ঢাকার উদ্দেশে বাসে ওঠেন। এখন এলেন এখানে। তাঁর দুই শিশুসন্তান অসুস্থ হয়ে পড়ায় তিনি বাস থেকে নেমে পড়েছেন। টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে উঠবেন। যানজট কমলে আবার রওনা হবেন।মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, দীর্ঘ সারিতে থেমে থাকা বাস ও অন্যান্য যানে যাত্রীরা বসে আছে। সবার অবস্থাই কাহিল। শিশুদের কেউ কেউ কান্নাকাটি করছে। যাত্রীদের কেউ বা বাস থেকে নেমে পাশে দাঁড়িয়ে আছে। সবার প্রশ্ন, কী হয়েছে, কখন ছাড়বে বাস?টাঙ্গাইলের ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহ্ মো. আরিফুর রহমান জানান, এমনিতেই অত্যধিক গাড়ির চাপ। তার ওপর লোকাল রুটের ‘লক্কড়-ঝক্কড়’ মার্কা গাড়ি দূরপাল্লায় যাতায়াত করছে। এগুলো বিকল হয়ে যানজটের সৃষ্টি করছে। তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত অন্তত ১০টি গাড়ি বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়। জটের কারণে বিকল গাড়িগুলো সরাতে রেকার পৌঁছাতেও অনেক সময় লেগেছে।দুপুরে বঙ্গবন্ধু সেতু থেকে মহাসড়কের দেলদুয়ারের নাটিয়াপাড়া পর্যন্ত ৪৫ কিলোমিটার অংশ ঘুরে দেখা যায়, একটির পেছনে আরেকটি যান লাগোয়া অবস্থায় খুব ধীরগতিতে চলছে। চার-পাঁচ মিনিট চলার পর আবার থেমে যাচ্ছে। স্বাভাবিক অবস্থায় বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত ২৪ কিলোমিটার রাস্তা পেরোতে ৩০-৪০ মিনিট লাগে। কিন্তু গতকাল লেগেছে ছয়-সাত ঘণ্টা।ঢাকা থেকে রংপুরগামী আগমনী পরিবহনের বাসযাত্রী আবু রায়হান জানান, সকাল ছয়টায় ঢাকা থেকে রওনা হয়ে তাঁরা ১২ ঘণ্টায় টাঙ্গাইলে পৌঁছেছেন।বঙ্গবন্ধু সেতু টোল প্লাজার শিফট ইনচার্জ মো. নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল বিকেল পর্যন্ত স্বাভাবিক অবস্থার চেয়ে তিন গুণ বেশি যান সেতু পার হয়েছে। এই ২৪ ঘণ্টায় সেতু পার হওয়া যানের সংখ্যা প্রায় ২২ হাজার।পাঁচ ঘণ্টার পথ ২০ ঘণ্টায়: বৃহস্পতিবার দুপুর থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত দেড়টার দিকে কালিয়াকৈর বাইপাস সড়কে রেলওয়ের উড়াল সড়কের ওপর একটি যাত্রীবাহী বাস বিকল হয়। এতে বন্ধ হয়ে যায় মহাসড়কের দুই দিকে যান চলাচল। কালিয়াকৈর থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ভোর পাঁচটার দিকে বিকল বাসটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিকও হয়। কিন্তু পরে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকায় সকাল আটটা থেকে আবার জট শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে সেই জট লেগে ছিল। একপর্যায়ে চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটারজুড়ে যানজট বিস্তৃত হয়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানেও জট হয়।ঢাকার তেজগাঁও কলেজের ছাত্র মো. মোমিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। যানজটের কারণে গতকাল দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু সেতু পর্যন্ত আসেন।চন্দ্রায় হানিফ পরিবহনের বাসচালক মো. আবদুল্লাহ বলেন, টাঙ্গাইলের মির্জাপুর থেকে স্বাভাবিক সময়ে এখানে পৌঁছাতে ৪০ মিনিট লাগে। কিন্তু আজ (শুক্রবার) লেগেছে প্রায় চার ঘণ্টা। গাইবান্ধার ফুলছড়ি থানার ধনারপাড়া গ্রামের মো. অনু শেখ বলেন, চন্দ্রায় আসতে তাঁর পাঁচ ঘণ্টার স্থলে লেগেছে প্রায় ২০ ঘণ্টা।বাস কখন ছাড়বে?: বগুড়া হয়ে উত্তরবঙ্গে চলাচলকারী দূরপাল্লার প্রায় দেড় হাজার বাস মাঝপথে বিভিন্ন স্থানে যানজটে আটকা পড়ে। বৃহস্পতিবার রাতে রওনা দিয়েও কোনো বাস গতকাল বিকেল পর্যন্ত গন্তব্যে পৌঁছায়নি। এ কারণে বগুড়ার ঠনঠনিয়া টার্মিনালে গতকাল দিনভর ছিল যাত্রীদের ভিড়। বৃষ্টির মধ্যে কাদা পানিতে ঘণ্টার পর ঘণ্টা টিকিট নিয়ে অপেক্ষা করে যাত্রীরা। কখন কোন বাস ছাড়বে, তা টার্মিনালের কেউই নিশ্চিত করতে পারেননি। কারণ, বাস কখন আসবে, তা কাউন্টারের লোকজন নিশ্চিত ছিলেন না। ক্ষুব্ধ অনেক যাত্রী টিকিট ফেরত দিয়ে কাউন্টারগুলোতে টাকা ফেরত চাইলেও পায়নি। কাউন্টার কর্মীরা বলেছেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কোনো বাস এখনো পৌঁছায়নি। বাস এলেই ছাড়বে।শাহ ফতেহ আলী পরিবহনের টিকিট কেটেছেন ঢাকার ব্যাংক কর্মকর্তা তামান্না রহমান। তিনি বলেন, ‘সকাল সাতটায় বাস ছাড়ার কথা। বিকেল চারটায়ও কখন বাস ছাড়বে, তা কেউ বলছে না।’জানতে চাইলে শাহ ফতেহ আলী পরিবহনের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ঢাকা থেকে বগুড়া হয়ে উত্তরবঙ্গের ১১ জেলায় প্রতি রাতে প্রায় দেড় হাজার বাস চলে। বৃহস্পতিবার আরও অন্তত ৫০০ অতিরিক্ত বাস মহাসড়কে নেমেছে। কিন্তু মাঝ রাস্তায় যানজটের কারণে একটি বাসও বিকেল পর্যন্ত বগুড়ায় পৌঁছায়নি। নির্ধারিত সময়ে বাস না আসায় উত্তরবঙ্গ থেকে বাস ছাড়া সম্ভব হচ্ছে না।টিআর ট্রাভেলসের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, তাঁদের শতাধিক বাস আটকা পড়েছে। আধা ঘণ্টা পর পর ঢাকার উদ্দেশে তাঁদের বাস ছাড়ার কথা থাকলেও সকাল থেকে ছাড়া বন্ধ রয়েছে।সকাল থেকে ঠায় দাঁড়িয়ে: ‘বৃষ্টিতে ভিজতে ভিজতে শরীরে কাঁপুনি উঠে গেছে। ঢাকায় যাওয়ার জন্য কোনো বাস মিলছে না। সকাল আটটা থেকে দাঁড়িয়ে আছি। জানি না, কখন রওনা হব।’ সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরের বাসস্ট্যান্ডে বসে কথাগুলো বলেন আসমানী খাতুন। তাঁর মতো সহস্রাধিক মানুষ গতকাল সেখানে বাসের অপেক্ষায় ছিল। কেউ কেউ যান না পেয়ে বাড়ি ফিরে গেছে।বৃহস্পতিবার রাত থেকে হাটিকুমরুল গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতুমুখী মহাসড়কে তীব্র যানজট হয়। এ কারণে ঢাকা থেকে যেমন বাস আসতে পারেনি, ঢাকার উদ্দেশে যায়ওনি।সলঙ্গা থানার হরিণচরা গ্রামের আজমত আলী বলেন, ‘বাস তো দূরের কথা, ট্রাকেও জায়গা মেলা কঠিন।’হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল হোসেন বলেন, গতকাল কোনো বাস এখানে আসেনি। সব বাস ঢাকায় যাওয়ার পর সেতুর পূর্ব প্রান্তে যানজটে আটকা পড়েছে।দৌলতদিয়ায় দীর্ঘ সারি: দৌলতদিয়া ফেরিঘাট থেকে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড ছাড়িয়ে সাত কিলোমিটারজুড়ে গতকাল যানজট হয়। ফেরিঘাটের দিকে যানবাহনের অন্তত তিনটি সারি হয়। কোথাও কোথাও চারটি সারিও হয়। এতে মানুষের চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়। কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের গাড়ির সিরিয়াল ঠিক রাখতে হিমশিম খেতে হয়। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা বর্ষণে যানজটে আটকে থাকা মানুষের ভোগান্তি আরও বাড়ে। মহাসড়ক বা ফেরিঘাটের কোথাও যাত্রীছাউনি না থাকায় অনেকে বৃষ্টিতে ভিজে হেঁটে ঘাটে পৌঁছায়।কুষ্টিয়ার কুমারখালী থেকে দুই হাজার টাকায় ইঞ্জিনচালিত একটি মাহেন্দ্র ভাড়া করে পরিবার নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের উদ্দেশে আসেন ব্যবসায়ী আশরাফুল ইসলাম। কিন্তু যানজটের কারণে তাঁদের ঘাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গোয়ালন্দ ফিড মিলের কাছেই নামতে হয়। পরে তাঁরা বৃষ্টির মধ্যেই মালপত্র নিয়ে হাঁটা শুরু করেন।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে দৌলতদিয়া ঘাট দিয়ে এক হাজার ৮০০ থেকে দুই হাজার গাড়ি পার হয়, সেখানে বৃহস্পতিবার থেকে প্রায় দ্বিগুণ গাড়ি পার হচ্ছে। এ পথে বর্তমানে ১৩টি ফেরি চললেও আরও একটি বড় ফেরি হলে চাপ কমে আসত।ভিআইপি বিড়ম্বনা: কাওড়াকান্দি ফেরিঘাটে গতকাল সকালে গিয়ে দেখা যায়, দীর্ঘ যানজটের কারণে ঘাট থেকে তিন কিলোমিটার আগে থেকেই যাত্রীরা হেঁটে ঘাটে আসছে।ঘাট সূত্র জানায়, ঈদের কারণে সব ধরনের ট্রাক পারাপার কয়েক দিন বন্ধ ছিল। এ ছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে ফেরিগুলোকে বেশির ভাগ সময় ভিআইপি যাত্রীদের পারাপার করতে হয়েছে। এ কারণে যানজট বেড়েছে।পিরোজপুর থেকে আসা ফালগুনী পরিবহনের যাত্রী সজীব ও সোনিয়া বলেন, বৃহস্পতিবার রাত ১০টায় তাঁরা ঘাটে পৌঁছেছেন। এখন পর্যন্ত ফেরির সিরিয়াল পাননি।ক্ষোভ প্রকাশ করে খুলনা থেকে আসা বনফুল পরিবহনের যাত্রী ফারুক বলেন, ‘কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে আমরা আটকে আছি।’জানতে চাইলে বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক এম এ বাতেন মিয়া বলেন, হরতালের পর মানুষের অতিরিক্ত চাপ আর জাতীয় শোক দিবস উপলক্ষে নেতা-কর্মীদের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাতায়াত—এ দুই কারণে কাওড়াকান্দিতে জটের সৃষ্টি হয়েছে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল, গাজীপুর, বগুড়া, গোয়ালন্দ (রাজবাড়ী), মির্জাপুর (টাঙ্গাইল) ও শিবচর (মাদারীপুর) প্রতিনিধি]