মহাসড়কে মহাজট
মহাসড়কজুড়ে হাট বসায় পাবনা-বগুড়া মহাসড়কের বেড়া বাসস্ট্যান্ডে প্রতি হাটবারে (শনি ও মঙ্গলবার) সৃষ্টি হচ্ছে দুঃসহ যানজট। এতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সম্প্রতি এক হাটবারের ঘটনা। হাটের কারণে সৃষ্ট যানজটে বেড়া বাসস্ট্যান্ডে আটকা পড়েছে বাস, ট্রাক, প্রাইভেটকার, নসিমনসহ দুই শতাধিক যানবাহন। পাবনা থেকে সিরাজগঞ্জগামী সিমলা পরিবহন নামের যাত্রীবাহী বাসটিও আটকে থাকা যানগুলোর একটি। এমনিতেই প্রচণ্ড গরম, তার ওপর অতিরিক্ত ভিড়ে বাসের ভেতরে দমবন্ধ অবস্থা।এ অবস্থায় বেশ কিছুক্ষণ ধরেই চিৎকার করছিল রেহানা বেগমের (৩০) ছয় মাসের সন্তান। অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে সামলাতে না পেরে একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি। চোখ মুছতে মুছতে তিনি বলেন, ‘এরম (এমন) আজাবে আমি এহন কনে যাই? এত কষ্ট কি আর ও সহ্য করব্যার পারে?’ দীর্ঘ সময় বাসের অস্বস্তিকর পরিবেশে আটকে থাকায় অন্য যাত্রীদেরও ঘটে ধৈর্যচ্যুতি। অসহিষ্ণু কণ্ঠে নানা মন্তব্য করতে থাকেন তাঁরা। একপর্যায়ে বাসের চালক-কন্ডাক্টর ঘোষণা দেন, বাস আর যাবে না। ভিড় ও যানজটের মধ্যেই যাত্রীদের সিরাজগঞ্জগামী অন্য একটি বাসে তুলে দিয়ে পাবনার দিকে ঘুরিয়ে নেওয়া হয় বাসটি। বাসের চালক মোতালেব হোসেন ক্ষোভের সঙ্গে বলেন, ‘তাকায়া দ্যাখেন। একেবারে মধ্যি সড়কে আইস্যা হাট বসছে। এরম (এমন) হলি কি সড়কে গাড়ি চলব্যার পারে? ৪০ মিনিট ধইর্যা এহানে আটকায়া আছি। আরও কতক্ষণ লাগে কিডা জানে। এ অবস্থায় সিরাজগঞ্জ গেলি আর ফিরতি ট্রিপ পাওয়া যাবে না। তাই এহানেই যাত্রীগরে নামায়া ফিরার চেষ্টা করত্যাছি।’ যানজটে আটকে থাকা নগরবাড়ীগামী মুক্তি পরিবহনের চালক বাবু শেখ বলেন, ‘হাটের দিন বেড়ার এই জায়গায় সড়ক জুইড়্যা হাট বসায়, আধা ঘণ্টার থ্যা এক ঘণ্টা যানজটে আটকা থাকা লাগে। এতে আমাগরে ট্রিপের যেমন ক্ষতি হয়, যাত্রীগরে কষ্ট হয় তার চেয়েও বেশি।’যানজটপূর্ণ সড়কের মধ্য দিয়ে চলতে গিয়ে বোঝা যায় দুই চালকের কথার যথার্থতা। হাটুরেদের বেচাকেনা ও মালপত্র আনা-নেওয়ার ভিড়ে যানবাহন চলাচল দূরের কথা, হাঁটাই দুঃসাধ্য। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের অনেকাংশ দখল করে বসেছে হাট। মহাসড়কের ওপরেই পেঁয়াজ, রসুন, মরিচ, আমসহ নানা পণ্যের চলছে বেচাকেনা। বেচাকেনার পর সেখানেই রিকশাভ্যান অথবা নসিমনে বোঝাই করা হচ্ছে বিক্রি হওয়া পণ্য। এরই মাঝে যানজটে পড়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন যানবাহন। যানজট নিরসনের জন্য চোখে পড়ে না কোনো ট্রাফিক পুলিশকে। মহাসড়কের প্রায় মাঝ বরাবর পেঁয়াজের বস্তা নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের কৃষক আজগার আলী (৫২)। যানজটে থাকা গাড়িগুলো অতি ধীরে তাঁর শরীর ছুঁয়ে চলে যেতে থাকলেও তাঁকে খুব একটা বিচলিত হতে দেখা যায় না। তিনি বলেন, ‘কেউ কি সাধ কইর্যা সড়কের ওপর বেচাকেনা করব্যার আসে? হাটের ভেতরে এক ফোঁটাও জাগা নাই দেইখ্যা আমরা বাধ্য হইছি সড়কের ওপরে আসতে।’ বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক-মহাসড়কজুড়ে হাট বসার কারণে উত্তরাঞ্চলের অনেক স্থানেই যানজট সৃষ্টি হচ্ছে। তবে বেড়া বাসস্ট্যান্ডের মতো এত তীব্র যানজট আর কোথাও নেই। করমজা চতুর বাজার হাট কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, হাটে পর্যাপ্ত জায়গা রয়েছে। কিন্তু সেই জায়গার ব্যাপক অংশজুড়ে অবৈধ দখলদারেরা দোকানপাট গড়ে তুলেছে। তাই হাটুরেরা জায়গা না পেয়ে বাধ্য হয়ে মহাসড়কে গিয়ে বসছে। হাটের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাট কমিটি ও ইজারাদারের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর আবেদন করা হয়েছে।বেড়া বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন, ‘মহাসড়কে যাতে হাট না বসে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা (ব্যবসায়ীরা) কয়েক বছর ধরে বেড়া ও সাঁথিয়া উপজেলা প্রশাসনের কাছে দাবি করে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’