পবিত্র ঈদুল আজহার আগে শেষ সাপ্তাহিক ছুটি ছিল গতকাল শুক্রবার। ঈদের ছুটি শুরু হলে মহাসড়কে যানজট হতে পারে—এ আশঙ্কায় ঘরমুখো অনেকে আগেভাগে রাজধানী ঢাকা ছাড়তে চেয়েছিলেন। কিন্তু যে যানজটের ভয়ে এই আগে যাত্রা, তা থেকে রেহাই পাননি দুটি মহাসড়কের যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে পথে এবং ঢাকায় বাস টার্মিনাল ও কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকেছেন তাঁরা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের।পরিবহন কর্মী ও হাইওয়ে পুলিশ জানায়, তিনটি দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে তীব্র যানজট হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যানজটের কারণ ঈদে ঘরমুখো মানুষের চাপ ও সাপ্তাহিক ছুটির জন্য অতিরিক্ত যানবাহন চলাচল বলে পুলিশ জানায়।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর থেকে মির্জাপুর পর্যন্ত যানজট ছিল গতকাল দুপুর পর্যন্ত। যানজটে আটকে পড়া বাসগুলো সময়মতো ঢাকায় পৌঁছাতে পারেনি। ফলে এই বাসগুলোতে উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের গাবতলী বাস টার্মিনালসহ বিভিন্ন পরিবহন কোম্পানির বিভিন্ন কাউন্টারে অপেক্ষা করতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা।গাবতলী বাস টার্মিনাল, টেকনিক্যাল মোড়, কল্যাণপুর ও শ্যামলীতে বিভিন্ন বাসের কাউন্টারে গিয়ে দেখা যায়, কাউন্টারে বাসের অপেক্ষায় অনেক মানুষ। ভেতরে জায়গা না থাকায় অনেক নারী-পুরুষ মালামাল নিয়ে সামনের ফুটপাতে, দোকানে বসে আছেন।কল্যাণপুরে গ্রিনলাইন পরিবহনের কাউন্টারে দুপুর সাড়ে ১২টায় কথা হয় আতিকুর রহমান ও তাঁর স্ত্রী লিন্ডা রহমানের সঙ্গে। তাঁরা যাবেন সৈয়দপুরে। তাঁরা জানান, তাঁদের বাস ছিল সকাল পৌনে নয়টায়। এ জন্য সকাল সাতটায় মুগদার বাসা থেকে বের হন। কিন্তু এখনো বাস আসেনি। তাঁরা বলেন, ‘অনেক কষ্টে টিকিট কেটেছি। এখন আগে যেতেও ভোগান্তিতে পড়তে হয়েছে।’কলেজ গেটে হানিফ পরিবহনের কাউন্টারে আলাপকালে মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার রাত সাতটায় তিনি বগুড়া থেকে বাসে উঠে শুক্রবার সকাল ছয়টায় ঢাকা পৌঁছেছেন। যানজটের কারণে পাঁচ ঘণ্টার ভ্রমণে লেগেছে ১১ ঘণ্টা। শ্যামলী পরিবহনের কর্মী বিল্লাল হোসেন জানান, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তাঁদের কোম্পানির যেসব বাস বৃহস্পতিবার রাতে ছেড়েছে, সেগুলোর একটিও সকাল ১০টায় ঢাকায় আসেনি।গাবতলীতে শ্যামলী পরিবহনের কাউন্টারে বাসের অপেক্ষায় থাকা চিত্রা সরকার ক্ষোভের সঙ্গে বলেন, ‘সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বসে আছি। যতবারই কাউন্টারের লোকদের জিজ্ঞেস করছি, ততবারই তাঁরা বলছেন, আধা ঘণ্টার মধ্যে বাস আসবে। কিন্তু সেই আধা ঘণ্টা আর হচ্ছে না। মানুষের ভিড় বেড়ে যাওয়ায় বসার জায়গাও পাওয়া যাচ্ছে না।’চাঁপাইনবাবগঞ্জের যাত্রী সানজিদা মোর্শেদ ওই কাউন্টারের বাইরে বসে দেড় বছরের মেয়েকে পত্রিকা দিয়ে বাতাস করছিলেন। তিনি জানান, পাঁচ ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় আছেন। মেয়েটা কয়েকবার বমি করেছে। এখন বাস এলেও যাবেন কি না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন।শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘মহাসড়কে আর দুর্ঘটনা না হলে কালকের (আজ শনিবার) বাস সময়মতোই চলাচল করবে। যানজটের কারণে রেকারের দুর্ঘটনাস্থলে গিয়ে বিকল গাড়ি সরাতেও সময় লাগছে।’ আমাদের কালিয়াকৈর (গাজীপুর) ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত মহাসড়কে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যানজট শুরু হয়। একপর্যায়ে যানজট টাঙ্গাইল বাইপাস পর্যন্ত বিস্তৃত হয়। গতকাল বেলা দুইটা পর্যন্ত এই যানজট ছিল।টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কের কালিয়াকৈর বাইপাস সড়কের রেল ওভারপাসের ওপর বৃহস্পতিবার রাত ১০টায় গরু বোঝাই দুটি ট্রাক বিকল হয়ে পড়ে। রাত সাড়ে ১১টায় টাঙ্গাইলের দেওহাটা বাইপাসে গরু বোঝাই একটি ট্রাককে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুটিই মহাসড়কে উল্টে যায়। একই স্থানে এ তিনটি যান বিকল হওয়ায় মহাসড়কে তীব্র যানজট হয়। এ ছাড়া রাত ১২টার দিকে পাকুল্যায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে কালিয়াকৈরে শিলা-বৃষ্টি ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যান বিকল হয়। ভূয়াপুর থেকে ঢাকাগামী পশুবোঝাই ট্রাকের চালক লিটন মিয়া জানান, গত রাত আড়াইটার দিকে তিনি পাকুল্যায় যানজটে পড়েন। সেখান থেকে ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আসতে ছয় ঘণ্টা লেগেছে।কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন বলেন, বিকল ট্রাক সরিয়ে নেওয়ার পর গতকাল বেলা দুইটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, গতকাল ভোর পাঁচটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১৮ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। যানবাহনগুলো দীর্ঘ সময় জটে আটকে থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। কুমিল্লার পুলিশ সুপার সফিকুল ইসলাম, হাইওয়ে সহকারী পুলিশ সুপার (পূর্বাঞ্চল) জাকির হোসেনসহ পুলিশের কর্মকর্তারা গৌরীপুর চৌরাস্তায় এসে চেষ্টা চালিয়ে বিকেল চারটার দিকে মহাসড়ক যানজটমুক্ত করেন। জাকির হোসেন বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী ও ছুটির দিনে অতিরিক্ত যানবাহনের চাপে এই যানজট হয়েছে।