মহাসড়কে যানজটের এলাকা চিহ্নিত করে ব্যবস্থা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বাসগুলো আজ বুধবার থেকে অগ্রিম টিকিট দেওয়া শুরু করছে। দূরপাল্লার পরিবহন কোম্পানিগুলো বলছে, এবারও তারা মহাসড়কে যানজট নিয়ে শঙ্কায় আছে। পরিবহনকর্মী ও কর্মকর্তাদের মতে, গাবতলী গাজীপুরের চন্দ্রা পর্যন্ত যানজট নিয়ন্ত্রণ করা গেলেই উত্তরের পথে আর যানজট থাকবে না। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য ফেরিঘাটে শৃঙ্খলা আনা গেলে পরিস্থিতি সহনীয় থাকবে। পরিবহন কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটি তিন দিন ধরে তারা আজ থেকে অগ্রিম টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে। হানিফ, শ্যামলী, এসআরসহ বিভিন্ন পরিবহন আজ সকাল ছয়টা থেকে আসাদগেট, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলীর কাউন্টারগুলোতে অগ্রিম টিকেট দেওয়া শুরু করবে। পরিবহন কোম্পানিগুলো জানিয়েছে, স্বাভাবিক দামে নয়, তারা ‘সরকার-নির্ধারিত’ দামে টিকিট বিক্রি করবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর অর্থ হচ্ছে টিকিটের দাম বাড়ছে। গত বছর কোরবানির ঈদের সময় মহাসড়কে সৃষ্ট প্রচণ্ড যানজট থেকে শিক্ষা নিয়ে এবার ঈদের ট্রিপ-ব্যবস্থাপনায় আগেভাগেই পরিকল্পনা করছে বাস কোম্পানিগুলো। পরিবহনকর্মীরা জানান, মহাসড়কে লম্বা যানজটের কারণে গতবার ঈদের সময় প্রতিটি পরিবহনের বাসই নির্ধারিত সময়ের চেয়ে ১২ থেকে ২০ ঘণ্টা দেরিতে ছেড়েছে। ক্ষুব্ধ যাত্রীরা অনেক বাস কাউন্টার ভাঙচুর ও তছনছ করেছে। তাই এবার মহাসড়কে যানজটের কারণ ও এলাকা চিহ্নিত করে আগেভাগে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। সমস্যা আমিনবাজার থেকে চন্দ্রা: এসআর ট্রাভেলসের মহাব্যবস্থাপক আলতাফ হোসেন প্রথম আলোকে জানান, ঈদের সময় সবচেয়ে বড় সমস্যা আমিনবাজার থেকে চন্দ্রা পর্যন্ত রাস্তাটুকু। এটুকু যেতেই সময় লেগে যায় সাত থেকে আট ঘণ্টা। একই কথা হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক আবদুস সামাদ মণ্ডলেরও। তাঁরা দুজনেই জানান, দূরপাল্লার পথে চলার অনুপোযোগী সিটি বাস ও জেলায় চলাচলকারী লক্কড়-ঝক্কড় অনেক বাসই তখন ঢাকা থেকে বিভিন্ন জেলায় যাত্রী বহনে নেমে পড়ে। এ ছাড়া নবীনগর, চন্দ্রা, ইপিজেডসহ আমিনবাজার থেকে কালিয়াকৈর পর্যন্ত রাস্তার পাশে এসব গাড়ি দাঁড়িয়ে যায় যাত্রী ওঠানোর জন্য। এ এলাকায় প্রচুর কারখানা থাকায় শ্রমিকেরা তুলনামূলক কম ভাড়ায় এসব গাড়িতেই ওঠেন। চন্দ্রা ত্রিমোড়ে কখনো কখনো বাস দাঁড়ানোর কারণে রাস্তা একদম বন্ধই হয়ে যায়। সামাদ মণ্ডল জানান, বেশির ভাগ সময় এসব বাস কিছু দূর গিয়ে নষ্ট হয়ে যায় অথবা দুর্ঘটনায় পড়ে। রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরাতে সময়মতো রেকার বা উদ্ধারগাড়ি আসতে পারে না। রাস্তায় পুলিশসহ প্রশাসনের লোকও কম থাকেন। ফলে একবার যানজট লাগলে, তা ছাড়াতে অনেক সময় পার হয়ে যায়।পুলিশ ও প্রশাসন যদি গাবতলী থেকে চন্দ্রা পর্যন্ত রাস্তাটি পরিষ্কার রাখতে পারে, তাহলেই ঈদে কোনো যানজট হবে না বলে পরিবহন কোম্পানিগুলোর কর্মকর্তারা জানান।শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ প্রথম আলোকে জানান, যানবাহনগুলো একে অন্যের আগে যাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে। ফলে দুদিকেই রাস্তা বন্ধ হয়ে যায়। আবার অনেক পরিবহন কোম্পানি গাড়ির তুলনায় ট্রিপ দিয়ে ফেলে বেশি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী ট্রিপ ধরতে অনেকে মরিয়া হয়ে ওঠে। এসব প্রতিযোগিতা বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তিনি আরও জানান, দু-একদিনের মধ্যেই তাঁরা প্রশাসনের সঙ্গে বসে বিষয়গুলো তুলে ধরবেন। পরিবহন কোম্পানির কর্মকর্তারা যানজটের জন্য অনেক ক্ষেত্রেই প্রশাসনকে দায়ী করে বলেন, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ—এ জেলাগুলোর পুলিশ ও প্রশাসন যথেষ্ট তৎপর থাকে না। রাস্তায় হাইওয়ে পুলিশের তো দেখা মেলাই ভার। তারা যদি তৎপর হয়, তবে যানজট কমানো সম্ভব।