মহাসড়কে হাটবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মহাসড়কসংলগ্ন হাট-বাজারগুলো সাধারণ মানুষের জীবনহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই এসব স্থানে ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, হাট-বাজারগুলো অন্যত্র স্থানান্তর না করা হলে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাট-বাজারগুলো উপজেলার দশমাইল, মহিপুর, শহরের কলেজ রোড, বাসস্ট্যান্ড মসজিদের সামনে, শেরুয়া বটতলা ও মির্জাপুর এলাকায় অবস্থিত। স্থানীয় লোকজনের মতে, গত দুই বছরে এসব স্থানে দুই শতাধিক দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি ২৭ অক্টোবর শেরুয়া বাজার এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে যাত্রীবাহী বাস চাপা দিলে মারা যায় মা ও শিশুসহ চারজন। ৩১ অক্টোবর দশমাইল বাজার এলাকায় বাসের চাপায় মারা যান একজন মোটরসাইকেল চালক।মহাসড়ক তত্ত্বাবধানকারী সরকারি প্রতিষ্ঠান বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের শেরপুর এলাকার দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানান, উল্লিখিত স্থানে অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। এসব উচ্ছেদ হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।সরেজমিনে গিয়ে দেখা যায়, হাট-বাজার গড়ে ওঠায় মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় ব্যস্ততা বেড়ে গেছে। ফলে হাট-বাজারমুখী মানুষের ভিড় চলে এসেছে মহাসড়কের ওপরে। পাশাপাশি ওই সব এলাকায় নির্ধারিত যে খালি স্থানে যানবাহন দাঁড়ানোর কথা, সেখানে দাঁড়াতে না পেরে সেগুলো অপেক্ষা করছে মহাসড়কের ওপরই। আর এতেই দুর্ঘটনা বেড়ে গেছে।শেরুয়া বাজার এলাকার নূরুল ইসলাম, শাহ আলম, মির্জাপুরের মো. ফারুক, বাসস্ট্যান্ডের জাহিদুল ইসলাম জানান, দূরপাল্লাগামী যানবাহন যদি ব্রেক ফেল করে বাজারের মধ্যে বা অপেক্ষারত যানবাহনের ওপর উঠে পড়ে, তাহলেই দুর্ঘটনায় মারা যাবে অসংখ্য লোকজন। এজন্য তাঁরা দ্রুত প্রশাসনিক উদ্যোগের দাবি জানান।শেরুয়ার ধানের মিল-চাতাল ব্যবসায়ী আবদুল হামিদ জানান, এই এলাকায় দুই শতাধিক মিল-চাতালের শত শত শ্রমিক রয়েছে। এই শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের ঘিরেই এই স্থানে ১৯৮৪ সালে গড়ে ওঠে দৈনন্দিন বাজার। বাজারের কারণে মহাসড়ক সংকুচিত হচ্ছে এবং বেড়েছে দুর্ঘটনা। মির্জাপুরের আল আমিন জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় মহাসড়কের উল্লিখিত স্থানগুলো যানজটমুক্ত এবং অবৈধ বাজার উচ্ছেদ হলেও বর্তমানে আবার জেঁকে বসেছে।থানা পুলিশ পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম জানান, উল্লিখিত স্থানগুলোতে যানবাহন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। প্রতি মাসে ১০ থেকে ১৫টি করে দুর্ঘটনা ঘটছে। তিনি জানান, এই দুর্ঘটনার সংখ্যা রোধ করতে হলে প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান জানান, মহাসড়ককেন্দ্রিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য তিনি মাইকে প্রচারের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করবেন। এতেও যদি কেউ তাদের স্থাপনা সরিয়ে না নেয়, তাহলে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। দ্রুত তিনি এই পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।