মহাসড়কে হাটবাজার
রংপুরের শঠিবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশজুড়ে হাটবাজারের মালামাল রাখা হয়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি একটি গুরুত্বপূর্ণ হাট। এখানে দূর-দূরান্তের লোকজন তাদের পণ্য বেচাকেনার জন্য আনে। সপ্তাহে দুদিন হাট ছাড়াও প্রতিদিন বসে বাজার। সরেজমিনে দেখা গেছে, মহাসড়ক দিয়ে ছুটছে দূরপাল্লা ও আন্তজেলার বাস, একই সঙ্গে ট্রাকও। মহাসড়কের প্রায় অর্ধেক রাস্তাজুড়ে বসেছে হাটের মালামাল। রাস্তার মধ্যে চলছে কেনাবেচা। রাস্তার ওপর মালামাল সাজিয়ে রাখা ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা এভাবে রাস্তার ওপর জিনিসপত্র রেখে ব্যবসা করছেন। কেউ কিছু বলেনি। তবে বাসগুলো দ্রুতগতিতে চলায় এখানে প্রায়ই ঘটে দুর্ঘটনা। রাস্তায় মালামালের পসরা সাজিয়ে রাখা ব্যবসায়ী মোখলেছুর রহমান বলেন, ‘এটাই আমাদের রুটি-রুজির পথ। এখান থেকে তুলে দিলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের ছেলেপুলে নিয়ে না খেয়ে মরতে হবে।’ব্যবসায়ী শংকর বলেন, রাস্তার এই অংশে গাড়ি ভিড়ে না বলে এখানে প্রতিদিনই মালামাল সাজিয়ে ব্যবসা করি। আর হাটের ইজারাদারকে প্রতিদিন পাঁচ টাকা টোল দিই। ইজারাদার মিলন বলেন, ওইসব ব্যবসায়ী নিজেরাই রাস্তায় মালামাল সাজিয়ে বসেন। এটি হাটের ইজারাদারের দেখার বিষয় নয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য প্রদীপ কুমার বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সভায় আমি এই বিষয়টি তুলেছিলাম। মহাসড়ক থেকে বাজার তুলে দিতে বিস্তারিত আলোচনা হলেও পরবর্তী সময়ে এর কোনো বাস্তবায়ন নেই বললেই চলে।’ মিঠাপুকুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আনসার আলী বলেন, মহাসড়কের ধারে কিংবা রাস্তায় হাটবাজার বসায় যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। এর ফলে দুর্ঘটনাও ঘটছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মহাসড়কের পাশের এসব হাটবাজার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।