মহাসড়কে হাটবাজার ও খানাখন্দ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদরের নাওজোড় থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের ভুলতার সঙ্গে যুক্ত হওয়া ৪৮ কিলোমিটার সড়কের (ঢাকা বাইপাস) একাধিক স্থান দেবে গেছে। পিচ উঠে ইটের সুরকি বেরিয়ে পড়েছে। তৈরি হচ্ছে ছোট-বড় খানাখন্দ। ঢাকা-সিলেট মহাসড়কের অন্যতম প্রতিবন্ধকতা হাট। সড়কটির পাশ ঘেঁষে নরসিংদীর বেলাব, রায়পুরা ও শিবপুরের একাধিক সবজির হাট গড়ে উঠেছে। সড়কের ওপর বাজারের কারণে নরসিংদীর ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী ৩২ কিলোমিটার আঞ্চলিক সড়কের প্রায় পুরোটাই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।কিশোরগঞ্জ-পাকুন্দিয়া-টোক-কাপাসিয়া-ঢাকা সড়কটি গুরুত্বপূর্ণ হতে পারছে না সরু হওয়ার কারণে। রাস্তাটি কম প্রশস্ত হওয়ায় কমপক্ষে ৫০টি স্থানে বাস থামিয়ে বিপরীত দিক থেকে আসা যানকে পাশ কাটাতে (সাইড) দিতে হয়। এতে কিশোরগঞ্জ থেকে তিন ঘণ্টার বদলে ঢাকায় পৌঁছাতে সময় লেগে যায় পাঁচ ঘণ্টা। কেন্দুয়া-নেত্রকোনা সড়কটি মর্যাদায় আঞ্চলিক সড়ক হলেও এই সড়ক দিয়ে চট্টগ্রাম, সিলেটসহ দূরবর্তী জেলার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করে। এ রাস্তাটিও বেশ সরু। খানাখন্দে ভরা বাইপাস: দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ সহজ করতে ১৯৯৬ সালে সরকার ঢাকা-বাইপাস সড়ক প্রকল্প গ্রহণ করে। যানবাহনের অত্যধিক চাপ সহ্য করতে না পেরে সড়কটির নানা স্থান দেবে গেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের কারণে পিচ উঠে ইটের সুরকি বেরিয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, নাওজোড় থেকে মেঘডুবি পর্যন্ত তিন কিলোমিটার সড়ক উঁচু-নিচু খানাখন্দে ভরা। ধীরাশ্রম লেভেল ক্রসিংয়ের দুই পাশের চিত্র ভয়াবহ। স্থানীয় দাখিন খান গ্রামের বাসিন্দা কলেজছাত্র ইকরাম হোসেন বলেন, ‘এই ক্রসিং এবড়োখেবড়ো হওয়ায় রেললাইন পার হওয়ার সময় লাইনের ওপর গাড়ি প্রায়ই বিকল হয়ে পড়ে। কিছুদিন আগে এভাবে ট্রেনে কাটা পড়ে দুই কলেজছাত্রের প্রাণ গেল।’ গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্র জানায়, আলোচিত এই সড়কটি দুই সরকারের দুই প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেছেন। সর্বশেষ গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আগে ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার মাত্র সাত দিন আগে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধন করেন। সওজ গাজীপুরের উপবিভাগীয় প্রকৌশলী আলিউল হোসেন প্রথম আলোকে বলেন, সড়কের সহনীয় ক্ষমতা ১৫ থেকে ১৭ টন ওজনের যান, কিন্তু চলছে ২৫ থেকে ৩০ টন ওজনের পণ্যবাহী যান। এত বাড়তি চাপের কারণে সড়কের এই হাল। সড়কে হাট: ঢাকার সঙ্গে সিলেটের সহজ যোগাযোগের মাধ্যম হিসেবে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রা। সড়কটি প্রশস্তে ৭ দশমিক ৩২ মিটার। সওজের হিসাব মতে, চালুর অল্প দিনের মধ্যেই এটি ব্যস্ত মহাসড়কের রূপ পায়। ২৯৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের মূল প্রতিবন্ধকতা সবজির হাট। হাটগুলো সড়কের নরসিংদী অংশে ৫০ কিলোমিটারের মধ্যে পড়েছে। নরসিংদীর বেলাব, রায়পুরা ও শিবপুরের একাধিক সবজির হাটের জন্য সড়কে যান চলাচলের গতি কমে যায়। সরেজমিনে দেখা গেছে, বেলাব থেকে শিবপুরের ২৫ কিলোমিটারের মধ্যে বসে ছয়টি বড় হাট। সপ্তাহের বুধ, সোম ও শুক্রবার বারৈচা বাজার, শনি ও মঙ্গলবার নারায়ণপুর, রোববার জঙ্গলী শিবপুর, বুধবার জোশর, মঙ্গলবার সৃষ্টিগড় ও সোমবার কোন্দারপাড়ায় বসছে এই হাটগুলো।সম্প্রতি সরেজমিনে বারৈচা বাজারে দেখা গেছে, কয়েক শ কৃষক তাঁদের উৎপাদিত সবজি নিয়ে বসেছেন বারৈচা বাসস্ট্যান্ডের কাছে। ঢাকাসহ বিভিন্ন স্থানের পাইকারেরা মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে রেখেছেন। রিকশাভ্যান ও ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে সড়কের ওপর নরক গুলজার করা এক পরিবেশ। নরসিংদী সওজের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘দুর্ঘটনা এড়াতে নরসিংদীর ৫০ কিলোমিটার এলাকায় রোড ডিভাইডার করার প্রস্তাব পাঠানো হয়েছে।’ সবজির হাটের কারণে ভোগান্তির কথা স্বীকার করে তিনি বলেন, মহাসড়কের পাশে হাট বসা এই অঞ্চলের মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। ৩২ কিলোমিটার দীর্ঘ ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী আঞ্চলিক সড়কটির প্রায় পুরোটাই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অপ্রশস্ত সড়কের পাশ ঘেঁষে বাজার গড়ে ওঠা, যত্রতত্র বাসস্ট্যান্ড থাকায় জনদুর্ভোগ বেড়েছে। দেখা গেছে, ইটাখোলা থেকে মঠখোলার মধ্যে শিবপুর, সোনাকোড়া সিঅ্যান্ডবি, চালাকচর, শরীফপুর, সাগরদী, বটতলী ও মঠখোলা বাজারগুলো একদম সড়কের পাশ ঘেঁষে গড়ে উঠেছে। এসব স্থান দিয়ে যানবাহন চলাচল করতে হয় ধীর গতিতে। কথা হয় বিদ্যুৎ এক্সপ্রেস (প্রা.) লিমিটেডের চালক আসাদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘দুই গাড়ি একলগে ক্রস করতে পারে না। ক্রস করতে হইলে একটারে থামাইয়া রাখতে হয়। আরেকটা কচ্ছপের মতো পার হয়।’সরু সড়ক: ১১০ কিলোমিটার সড়কের মধ্যে ২৭ কিলোমিটারই অপ্রশস্ত। এমন সরু সড়কে প্রতিদিন চলাচল করছে অসংখ্য যান। এই সড়কের কমপক্ষে ৫০টি স্থানে বাস থামিয়ে বিপরীত দিক থেকে আসা যানকে পাশ কাটার জন্য জায়গা দিতে হয়। আর এ কারণে কিশোরগঞ্জ থেকে ঢাকায় বাস পৌঁছাতে তিন ঘণ্টা লাগার কথা হলেও পৌঁছায় পাঁচ ঘণ্টায়।পরিবহন মালিক সমিতি, স্থানীয় সরকার প্রকৌশল ও সওজ বিভাগ সূত্র জানায়, এই সড়কটি কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করার সবচেয়ে সহজ পথ। সরেজমিনে দেখা গেছে, সড়কটি মূলত কিশোরগঞ্জ শহর থেকে টোক পর্যন্ত অপ্রশস্ত, যার দৈর্ঘ্য ২৭ কিলোমিটার। এই সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসের চালক আলাল মিয়া বলেন, ‘ছোট সড়কটা দিয়াই প্রতিদিন পাঁচ শ যান চলে। মোটা হইলে এক হাজার চলত।’ কিশোরগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মজিবুর রহমান মোল্লা জানান, এ কথা সত্য অল্প সময়ের মধ্যে সড়কটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরু সড়ক না হলে আরও গুরুত্বপূর্ণ হতো। আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে। কেন্দুয়া-নেত্রকোনা ২৯ কিলোমিটার দীর্ঘ সড়কটি মর্যাদায় আঞ্চলিক সড়ক। কিন্তু এই সড়ক দিয়েই উপজেলা থেকে চট্টগ্রাম, সিলেটসহ অনেক দূরবর্তী জেলার বড় আকারের বাস ও ট্রাক চলাচল করে। নানা কারণে এলাকাবাসীর কাছে সড়কটির গুরুত্ব মহাসড়কের মতোই। গুরুত্বপূর্ণ সড়কটির সমস্যা অনেক। এর একটি হলো সড়কটি প্রস্থে কোথাও ১২ ফুটের ওপর নেই। সরু সমস্যার পাশাপাশি সড়কটির বড় সমস্যা খানাখন্দ। অনেক জায়গায় কার্পেটিং, ইট-পাথর ও সুরকি উঠে গেছে। মাটি ভরাটের অভাবে কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে পড়েছে। বিশেষ করে রামপুর থেকে নেত্রকোনা পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। নেত্রকোনা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূরুল হোসেন প্রথম আলোকে বলেন, সড়কটি আরও প্রশস্ত করার চেষ্টা চালানো হচ্ছে। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন সুমন মোল্লা, ভৈরব; সাইফুল হক মোল্লা, কিশোরগঞ্জ; মাসুদুল হক, গাজীপুর; শেখ কামাল, কেন্দুয়া (নেত্রকোনা) ও মনিরুজ্জামান, নরসিংদী]