মহাসড়কের বেহাল দশায় যোগাযোগমন্ত্রীর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের খুলনা-ঢাকা মহাসড়কের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। আজ শুক্রবার মহাসড়ক পরিদর্শনের পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ঈদের আগে ঢাকা-খুলনা মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী না হলে খবর আছে।’সওজ বিভাগের প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ‘ইঞ্জিনিয়াররা কেউ ঘরে থাকবেন না, আপনাদের রাস্তায় থাকতে হবে। যেকোনো মূল্যে রাস্তার গর্ত ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী রাখতে হবে।’এর আগে মন্ত্রী যশোর রেলস্টেশনে আকস্মিক সফরে যান। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের রাজশাহী থেকে খুলনা রুটে আগামী সপ্তাহে সীমিত পর্যায়ে ই-টিকিটিং চালু হবে। পর্যায়ক্রমে রমজানের শেষ নাগাদ সারা দেশে ই-টিকিটিং চালু করা হবে।যোগাযোগমন্ত্রী আরও জানান, ঈদে যাত্রী দুর্ভোগ কমাতে রেলের ২৫১টি কোচ (বগি) মেরামত করে সৈয়দপুরে রাখা হয়েছে। ঈদের আগেই এগুলো সারা দেশে সরবরাহ করা হবে।যশোর রেলওয়ে জংশন পরিদর্শন করার সময় যাত্রীরা খুলনা-ঢাকা রুটে নতুন একটি রেল চালু, প্লাটফর্মে একটি উড়াল সেতু (ওভার ব্রিজ) নির্মাণ, রেলের জমি দখলমুক্ত, ছিনতাই ও কালোবাজারে টিকিট বিক্রি বন্ধসহ বিভিন্ন দাবি তোলেন। সড়কে পানি জমে থাকায় তাত্ক্ষণিক অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজারকে (জিএম) মুঠোফোনে বলেন, যশোর জংশন এলাকায় নোংরা পরিবেশ। স্টেশন ভবনের সামনের সড়কটি সমুদ্র না অন্য কিছু সেটা বোঝার উপায় নেই। কাল (শনিবার) সকালের মধ্যে সড়কটি সংস্কার দেখতে চাই। তিনি জিএমকে কালোবাজারে টিকিট বিক্রি বন্ধের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন। রেলের জমি দখলমুক্ত করার বিষয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি জমি চিহ্নিত করার পর রেলের সার্বিক উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।গত ২৭ জানুয়ারি যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-খুলনা মহাসড়কের যশোর শহর থেকে রাজঘাট পর্যন্ত বেহাল সড়ক পরিদর্শন করেছিলেন। এরপর পাঁচ মাস ১০ দিন পার হলেও সড়কটি চলাচলের উপযোগী করা হয়নি।